ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পাসপোর্ট এবং প্রত্যর্পণ নিয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর অভিযোগ, সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা একই বিষয়ে ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরছেন, যা সরকারের প্রকৃত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তৈরি করছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় আনা একটি নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাও এর একটি উদাহরণ। তবে তাঁর দেশে ফেরা নিয়ে সরকারের বক্তব্যে কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন না তিনি।
পাসপোর্ট নিয়ে উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর ভিন্ন অবস্থান
সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের ৩ নভেম্বরের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, ওই দিন উপদেষ্টা জানিয়েছিলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা তাঁকে ফিরিয়ে আনা হোক—সরকারের আপত্তি নেই। তাঁর দেশে ফেরা ঠেকানো সরকারের লক্ষ্য নয়। এমনকি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছিলেন তিনি। উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যের সঙ্গে এর মিল নেই বলে উল্লেখ করেন রুমিন।
রুমিনের ভাষ্য অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথমে জানান, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। পরে ৯ নভেম্বর তিনি বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনাও নেই। আবার অন্য এক বক্তব্যে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ তোলেন তিনি।
স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের বক্তব্যেও প্রশ্ন
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও সংসদে তুলে ধরেন রুমিন ফারহানা।
তিনি বলেন, ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের সত্যতা তখনো যাচাই করা সম্ভব হয়নি। আবেদনগুলোর আইনগত ভিত্তি পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে।
অন্যদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামানের বক্তব্যের প্রসঙ্গ টেনে রুমিন বলেন, ৮ ও ১৪ নভেম্বর আইনমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেছেন।
সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি
সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্যের অসংগতি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, একদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন।
আবার স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন যাচাই না হওয়ার কথা বললেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একই সময়ে আবেদনকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন বলে সংসদে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা, পাসপোর্ট এবং প্রত্যর্পণ নিয়ে সরকারের এসব বক্তব্যের মধ্যে সমন্বয় না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এই সংসদ সদস্য।












