বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ও পদায়ন করেছে সরকার। বিভিন্ন পদাতিক ডিভিশন, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সংস্থা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক
রদবদলের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। তিনি বর্তমানে ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং বগুড়ার দায়িত্বে রয়েছেন।
তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন। সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে এনে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পরে তাঁকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
দুই মেজর জেনারেল রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাচ্ছেন
সামরিক কর্মকর্তাদের কূটনৈতিক দায়িত্বেও পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁরা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
পদাতিক ডিভিশনগুলোতে নতুন নেতৃত্ব
সেনাবাহিনীর পদাতিক ডিভিশনগুলোর নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে মেজর জেনারেল সাজেদকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওই ডিভিশনের বর্তমান জিওসি মেজর জেনারেল রাজিকে ৫৫ পদাতিক ডিভিশনে পাঠানো হচ্ছে।
এ ছাড়া তিনজন ব্রিগেডিয়ার জেনারেল পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। তাঁদের মধ্যে ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করা মেজর জেনারেল ইমানি ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব নেবেন। একই সংস্থায় দায়িত্ব পালন করা মেজর জেনারেল মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত মেজর জেনারেল রাজু পদোন্নতির পর ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) বা এসডিএস (আর্মি) হিসেবে যোগ দেবেন।
সামরিক প্রতিষ্ঠান ও সংস্থায় দায়িত্ব পুনর্বণ্টন
নতুন সিদ্ধান্তে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশনের পাশাপাশি আনসার ও ভিডিপি, বিপসট, বিআইআইএসএস, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে। নতুন দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিট ও প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন আসছে।












