গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ড প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আগুন সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে জড়িতদের কর্মকাণ্ডের খবর জনগণ ভালোভাবে নেবে না।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ প্রকাশে সরকারি হস্তক্ষেপ এবং অনলাইন সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।
সংবাদ প্রকাশে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার
ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরকার কখনো গণমাধ্যমের ওপর চাপ দেয়নি। কোনো সরকারি সংস্থাও কোনো সংবাদ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি বলে দাবি করেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অতীতে ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের গুম করা হয়েছে এবং তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। বর্তমান সরকার এ ধরনের কোনো কর্মকাণ্ড করবে না বলে আশ্বাস দেন তিনি।
তবে একই সঙ্গে গণমাধ্যমের প্রতি ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনলাইন সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা
বৈঠকে অনলাইন সংবাদমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে সরকার। এ ক্ষেত্রে অনলাইন সংবাদমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকা প্রয়োজন।
নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম প্রচার না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত এবং গণহত্যার পর পালিয়ে গেছেন, তাদের কর্মকাণ্ডের খবর প্রকাশের বিষয়টি জনগণ ভালোভাবে দেখবে না।
তবে কোন ধরনের সংবাদ বা কার্যক্রম প্রচার করা যাবে না, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত কোনো নির্দেশনা বা নির্দিষ্ট উদাহরণের কথা উল্লেখ করা হয়নি।












