রাজধানীর দক্ষিণখানে আবাসন প্রকল্প আশিয়ান সিটির সাইট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাঠিসোঁটা নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল অফিসে ঢুকে তাণ্ডব চালায়।
দক্ষিণখান বাজারের পেছনে অবস্থিত আশিয়ান সিটির সাইট অফিসে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা কিছুক্ষণ ধরে অফিসের ভেতরে ভাঙচুর চালিয়ে পরে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার দৃশ্য অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে দেখা যায়, একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে অফিসের ভেতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করছেন। এরপর দলটি সেখান থেকে চলে যায়।
হামলার কারণ এখনো নিশ্চিত নয়
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানিয়েছেন, কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ফুটেজ যাচাই করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তারা আশিয়ান সিটির কার্যালয়ে হামলা চালিয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।












