পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের আলোচনা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রস্তাবের চেয়ে রাজনৈতিক বক্তব্যই বেশি দৃশ্যমান। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের পক্ষ থেকে ১২টি প্রদেশ গঠনের সম্ভাবনা উত্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এ বিষয়ে গণভোটের প্রস্তাব দিয়েছেন। পাঞ্জাব অ্যাসেম্বলির স্পিকার মালিক মুহাম্মদ আহমদ খান আবার বলেছেন, জনগণ মত দেওয়ার পর নির্বাচিত প্রতিনিধিরা তাতে সম্মতি দিলেন কি না, সেটি বড় বিষয় হওয়া উচিত নয়।
কিন্তু এত বড় রাষ্ট্রীয় পুনর্গঠনের আলোচনা চললেও প্রস্তাবটির মৌলিক কাঠামো এখনো অস্পষ্ট। কোন কোন অঞ্চল নিয়ে নতুন প্রদেশ হবে, সীমানা কোথায় নির্ধারিত হবে, রাজধানী কোথায় হবে কিংবা প্রশাসনিক কাঠামো কেমন হবে—এসব বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা প্রকাশ করা হয়নি। কোন জেলা কোন প্রদেশ থেকে বিচ্ছিন্ন হবে, তার ভিত্তিই বা কী হবে, সেটিও অজানা।
ভাষা, ইতিহাস, অর্থনীতি নাকি প্রশাসনিক সুবিধা—কোন বিবেচনায় নতুন সীমানা নির্ধারিত হবে? সম্পদ, ঋণ, পানির অধিকার ও প্রাকৃতিক সম্পদের ভাগ কীভাবে হবে? নতুন প্রাদেশিক সরকার পরিচালনার ব্যয় কে বহন করবে? সিনেটে প্রতিনিধিত্ব এবং জাতীয় অর্থ কমিশনের (এনএফসি) অর্থ বণ্টনে নতুন প্রদেশগুলোর অবস্থান কী হবে? এসব প্রশ্নের উত্তর ছাড়া প্রস্তাবটি কার্যকর নীতিতে রূপ নিতে পারে না।
গণভোট কি সংবিধানের বিকল্প?
নতুন প্রদেশ গঠনে গণভোটের প্রস্তাবও নানা সাংবিধানিক প্রশ্ন তৈরি করেছে। ভোট হবে পুরো দেশে, নাকি শুধু প্রস্তাবিত বিভাজনের আওতাভুক্ত অঞ্চলে? সীমানাই যখন নির্ধারিত হয়নি, তখন ভোটারদের কাছে ঠিক কোন বিষয়ে মতামত চাওয়া হবে?
এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, গণভোটের ফল সংবিধানের বাধ্যবাধকতা বাতিল করতে পারে না। পাকিস্তানের সংবিধানের ২৩৯(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক অ্যাসেম্বলির মোট সদস্যসংখ্যার দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। অর্থাৎ গণভোটে কোনো প্রস্তাবের পক্ষে জনসমর্থন পাওয়া গেলেও সংশ্লিষ্ট প্রাদেশিক অ্যাসেম্বলির সাংবিধানিক অনুমোদন এড়ানোর সুযোগ নেই।
জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের বিধান রয়েছে ৪৮(৬) অনুচ্ছেদে। তবে এ ক্ষেত্রেও প্রধানমন্ত্রীকে প্রথমে প্রশ্নটি পার্লামেন্টের যৌথ অধিবেশনে উপস্থাপন করতে হবে এবং সেখানে অনুমোদন পেতে হবে। ফলে গণভোটকে সংবিধানসম্মত প্রক্রিয়ার বিকল্প হিসেবে দেখার সুযোগ নেই।
এত বড় পরিবর্তনের আগে সরকারের পক্ষ থেকে কোনো বিস্তারিত নীতিপত্র প্রকাশ করা হয়নি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানাননি। এটি সরকারের আনুষ্ঠানিক নীতি, নাকি কয়েকজন মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ—তা এখনো পরিষ্কার নয়। মন্ত্রিসভায় কোনো সমন্বিত অবস্থান সামনে আসেনি, পার্লামেন্টে পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপিত হয়নি, প্রাদেশিক অ্যাসেম্বলিগুলোর সঙ্গেও অর্থবহ আলোচনা হয়নি।
পার্লামেন্টবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেছেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য শুধু বিতর্ক যথেষ্ট নয়। সীমানা, সাংবিধানিক সংশোধন, প্রশাসনিক কাঠামো এবং আর্থিক দায়ের হিসাব ছাড়া পার্লামেন্টও কার্যকর সিদ্ধান্ত নিতে পারবে না। এমন পরিবর্তনের জন্য প্রয়োজন বিস্তৃত রাজনৈতিক ঐকমত্য, যা কেবল সংসদীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।
রাজনৈতিক স্বার্থের প্রশ্ন সামনে আসছে
নতুন প্রদেশের প্রস্তাব নিয়ে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর অবস্থানও এক নয়। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না করে রাজনৈতিক ব্যবস্থায় নতুন করে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। পাঞ্জাবে দলটির নেতারাও প্রশ্ন তুলেছেন, নতুন প্রদেশ গঠন করলে মূল্যস্ফীতি বা বেকারত্ব কীভাবে কমবে। তাঁদের মতে, বরং স্থানীয় সরকারকে ক্ষমতাবান করা জরুরি।
অন্যদিকে, মুস্তাফা কামাল নতুন প্রদেশ গঠনের দাবিকে অনিবার্য বলে মন্তব্য করেছেন। এসব অবস্থান রাজনৈতিক দলগুলোর ভিন্ন স্বার্থ ও অগ্রাধিকার তুলে ধরে। কিন্তু এগুলোকে কোনো অভিন্ন জাতীয় কর্মসূচির ভিত্তি বলা যায় না।
প্রস্তাবের পক্ষে সুস্পষ্ট জনস্বার্থভিত্তিক ব্যাখ্যা না থাকায় এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। সমালোচকদের একাংশ মনে করছেন, প্রশাসনিক দক্ষতা বাড়ানোর চেয়ে প্রাদেশিক ক্ষমতার প্রচলিত ভারসাম্য বদলানোই এর লক্ষ্য হতে পারে। তাঁদের আশঙ্কা, দীর্ঘদিন ধরে প্রাদেশিক ক্ষমতার ওপর নির্ভরশীল রাজনৈতিক দলগুলোর ভিত্তি দুর্বল করে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব বাড়ানোর চেষ্টা চলছে। এসব সন্দেহের সত্যতা প্রমাণিত নয়। তবে সরকারও এখন পর্যন্ত এমন ধারণা দূর করার মতো স্বচ্ছ ব্যাখ্যা দিতে পারেনি।
সিন্ধুতে বিভাজনের প্রশ্ন সবচেয়ে স্পর্শকাতর
নতুন প্রদেশের বিতর্কে সবচেয়ে সংবেদনশীল অবস্থানে রয়েছে সিন্ধু। প্রদেশটির রাজনৈতিক নেতৃত্ব একাধিকবার জানিয়েছে, বিভাজনের যেকোনো উদ্যোগ তারা প্রতিহত করবে। গত সেপ্টেম্বরে সিন্ধু অ্যাসেম্বলিতে প্রদেশ ভাগের বিরোধিতা করে গৃহীত প্রস্তাবও এ বিষয়ে রাজনৈতিক অবস্থানের স্পষ্ট প্রতিফলন।
করাচিতে দীর্ঘদিন ধরে সম্পদ ও প্রশাসনিক ক্ষমতার বণ্টন নিয়ে অভিযোগ রয়েছে। সিন্ধুর বিভিন্ন অঞ্চলের অবহেলা এবং ধারাবাহিক প্রাদেশিক সরকারগুলোর জনসেবা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার বিষয়গুলোও অস্বীকার করার সুযোগ নেই। এসব সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের উদ্যোগ প্রয়োজন। কিন্তু প্রশাসনিক ব্যর্থতার অজুহাতে কেন্দ্রীয় সরকার একতরফাভাবে প্রদেশের সীমানা পুনর্নির্ধারণ করতে পারে না।
করাচি কিংবা সিন্ধুর অন্য কোনো অংশকে বিচ্ছিন্ন করার উদ্যোগ হিসেবে নতুন প্রদেশের পরিকল্পনা বিবেচিত হলে তা বড় ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এতে শুধু প্রাদেশিক রাজনীতিই অস্থিতিশীল হবে না, কেন্দ্রীয় রাষ্ট্রব্যবস্থার প্রতি মানুষের আস্থাও আরও দুর্বল হতে পারে।
সংকটের সময়ে নতুন সীমানা নয়, প্রয়োজন রাজনৈতিক সমাধান
পাকিস্তানের অন্য অঞ্চলগুলোতেও পরিস্থিতি নতুন প্রদেশ গঠনের বিতর্ককে আরও জটিল করে তুলেছে। বেলুচিস্তানে রাজনৈতিক বৈধতা, নিরাপত্তা ও অর্থনৈতিক বঞ্চনা নিয়ে গভীর সংকট রয়েছে। গুম, জোরপূর্বক নিখোঁজ, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ, বেকারত্ব এবং রাজনৈতিকভাবে উপেক্ষিত থাকার অভিযোগ দীর্ঘদিনের। আইনশৃঙ্খলার অবনতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে রাজনৈতিক দলগুলো ১৯ নভেম্বর প্রদেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। এসব সমস্যার সমাধান নতুন প্রশাসনিক সীমানা টেনে সম্ভব নয়।
খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজনৈতিক বিরোধ ক্রমেই গভীর হচ্ছে। বছরের পর বছর সন্ত্রাসবাদ ও বাস্তুচ্যুতির অভিজ্ঞতা বহন করা জনগণের জন্য এখন সবচেয়ে জরুরি হলো বিশ্বাসযোগ্য রাজনৈতিক ও নিরাপত্তা কৌশল।
আজাদ জম্মু ও কাশ্মীরেও বিদ্যুতের মূল্য, অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও প্রশাসন নিয়ে জনবিক্ষোভ হয়েছে। অঞ্চলটির স্বতন্ত্র সাংবিধানিক অবস্থানের কারণে পাকিস্তানের প্রদেশগুলোর সঙ্গে একে সরলভাবে তুলনা করাও ঠিক নয়।
এসব সংকটের কোনোটিই প্রদেশের সংখ্যা বাড়িয়ে সমাধান করা যাবে না। পাকিস্তানের মূল সমস্যা প্রশাসনিক এককের আকার নয়; বরং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জনমুখী, জবাবদিহিমূলক ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করতে না পারা। এই দুর্বলতা দূর না করে নতুন সরকার ও প্রশাসনিক কেন্দ্র তৈরি করলে ব্যয় বাড়তে পারে, কিন্তু জনসেবার মান উন্নত হওয়ার নিশ্চয়তা নেই।
স্থানীয় সরকারকে ক্ষমতা না দিয়ে নতুন প্রদেশ কতটা কার্যকর?
নতুন প্রদেশ গঠনের পক্ষে একটি প্রচলিত যুক্তি হলো, এতে সরকার মানুষের কাছাকাছি পৌঁছাবে। কিন্তু সংবিধানের ১৪০(ক) অনুচ্ছেদেই প্রাদেশিক সরকারগুলোকে নির্বাচিত স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা এবং রাজনৈতিক, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা স্থানীয় পর্যায়ে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
সমস্যা হলো, ধারাবাহিকভাবে প্রাদেশিক সরকারগুলো প্রকৃত ক্ষমতা বিকেন্দ্রীকরণে অনীহা দেখিয়েছে। অর্থ, নিয়োগ এবং উন্নয়ন ব্যয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতেই তারা বেশি আগ্রহী। এই বাস্তবতায় নতুন প্রাদেশিক রাজধানী তৈরি হলে কেন্দ্রীয়করণের একই প্রবণতা আরও ছোট পরিসরে পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে।
অর্থনৈতিক ব্যয়ের প্রশ্নটিও উপেক্ষা করা যায় না। প্রাইম ইনস্টিটিউটের একটি গবেষণায়, যা ৩০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাঞ্জাবকে তিনটি পৃথক প্রদেশে ভাগ করলে বছরে অতিরিক্ত ৪৬ দশমিক ৯ বিলিয়ন থেকে ৫৬ দশমিক ২ বিলিয়ন রুপি ব্যয় হতে পারে বলে অনুমান করা হয়েছে। আর ৩০টি প্রদেশ গঠনের একটি পরিস্থিতিতে বার্ষিক অতিরিক্ত ব্যয়ের পরিমাণ ৬০৯ বিলিয়ন থেকে ৭৩০ বিলিয়ন রুপি পর্যন্ত হতে পারে।
এসব হিসাবের পদ্ধতি ও অনুমান পর্যালোচনা করা প্রয়োজন। তবে নতুন প্রদেশের পক্ষে যারা কথা বলছেন, তাঁদের পক্ষ থেকে এখনো তুলনীয় কোনো ব্যয়-সুবিধা বিশ্লেষণ প্রকাশ করা হয়নি। পাকিস্তানের মতো আর্থিক চাপে থাকা দেশে নতুন প্রশাসনিক কাঠামোর খরচ শেষ পর্যন্ত করদাতাদেরই বহন করতে হবে। তাই ব্যয়ের বিষয়টি সিদ্ধান্তের পর বিবেচনা করার মতো কোনো গৌণ প্রশ্ন নয়।
সংস্কার দরকার, কিন্তু তা হতে হবে পরিকল্পিত
পাকিস্তানের জনসংখ্যা, ভৌগোলিক বিস্তৃতি এবং অঞ্চলভেদে উন্নয়নের বৈষম্য বিবেচনায় প্রশাসনিক সংস্কারের প্রয়োজন অস্বীকার করা যায় না। তবে সেই সংস্কারের ভিত্তি হতে হবে স্বচ্ছ মানদণ্ড, নির্ভরযোগ্য আর্থিক বিশ্লেষণ, জনমত যাচাই এবং প্রদেশগুলোর মধ্যে সমঝোতা। একই সঙ্গে দেখতে হবে, কার্যকর ক্ষমতা ও অর্থসহ স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব কি না।
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবোধ, খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা সংকট, আজাদ জম্মু ও কাশ্মীরে জনঅসন্তোষ এবং সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা নিয়ে গভীর রাজনৈতিক সংবেদনশীলতার মধ্যে নতুন প্রদেশ গঠনের মতো পদক্ষেপ নিতে হলে আরও বেশি সতর্কতা প্রয়োজন।
পাকিস্তানের এখন দরকার রাষ্ট্রীয় কাঠামোর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। নতুন প্রদেশের প্রবক্তাদের আগে ব্যাখ্যা করতে হবে, প্রস্তাবটি ঠিক কীভাবে প্রশাসনিক উন্নতি ঘটাবে, এর ব্যয় কত হবে এবং যেসব জনগোষ্ঠী ও প্রতিষ্ঠান সরাসরি প্রভাবিত হবে, তাদের সম্মতি কীভাবে নিশ্চিত করা হবে।
এসব প্রশ্নের উত্তর ছাড়া নতুন প্রদেশের প্রচার প্রশাসনিক সংস্কারের উদ্যোগ না হয়ে রাজনৈতিক ক্ষমতার পুনর্বিন্যাসের বিতর্কেই আটকে থাকবে। পাকিস্তানের সমস্যা শুধু মানচিত্রে প্রদেশের সংখ্যা নয়; সমস্যা হলো, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো মানুষের প্রয়োজন পূরণে কতটা সক্ষম। সেই ব্যর্থতার সমাধান না করে মানচিত্র বদলালে সংকটের চেহারা বদলাতে পারে, কিন্তু সংকট থেকে যাবে।
মুহাম্মদ জুবায়েরের আরও লেখা
বিচারহীনতার সংস্কৃতি: যখন সহিংসতাই হয়ে ওঠে ন্যায়বিচারের বিকল্প
পাকিস্তানের উত্তরাঞ্চলে শুধু উন্নয়ন নয়, দরকার জলবায়ু-সহনশীল নতুন অর্থনীতি











