পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়। আগুন লাগার সময় তিনি বরিশাল মালিক সমিতির ‘বাহক’ পরিবহনের একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
যেভাবে আগুনের সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে অন্যান্য বাসের সঙ্গে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ পরিবহনের দুটি বাস দাঁড়িয়ে ছিল। বুধবার ভোরে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়।
আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত আশপাশের বাসে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার
আগুন নেভানোর পর ‘বাহক’ পরিবহনের বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।












