এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে। ফলে চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় থাকা লাখো শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন আসতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে রুল জারি করেছেন আদালত।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। মাত্র সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন করেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারই সর্বোচ্চসংখ্যক আবেদন জমা পড়েছে।
শিক্ষা বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ লক্ষ্যে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ চলছে। ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত নম্বরের উত্তরপত্র যাচাই করার পরিকল্পনা রয়েছে।
এলোমেলো হতে পারে ভর্তি পরীক্ষার সূচি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। সে অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা।
এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।
মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা ছিল।
তবে হাইকোর্টের নির্দেশের ফলে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে এসব ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না। ফলে বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হতে পারে।
২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
গত ২২ বছরের মধ্যে এবারই এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বনিম্ন পাসের হার রেকর্ড করা হয়েছে। ফল প্রকাশের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণের আবেদন এবং আদালতের নতুন নির্দেশের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।












