গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন জিলানীর পরিবারের সদস্যরা।
বুধবার বিকেলেও বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। পুড়ে যাওয়া ঘরের মেঝেতে ছাই, ভাঙা আসবাব, পোড়া ধান-চাল এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা গৃহস্থালির সামগ্রী পড়ে ছিল। বাড়ির গোয়ালঘর ও খড়ের স্তূপও আগুনে পুড়ে গেছে। কোথাও কোথাও টিনের চাল কালো হয়ে গেছে, আবার কোনো ঘরের টিন খুলে ভেঙে মাটিতে ফেলে রাখা হয়েছে।
বুধবার দুপুরে বাড়িটিতে গিয়ে এমন চিত্র দেখা যায়। স্বজন ও প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত ঘরগুলো ঘুরে দেখছিলেন। কেউ ধ্বংসস্তূপের ছবি তুলছিলেন, আবার কেউ আগুনে অক্ষত থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। বাড়ির এক নারীকে ধ্বংসস্তূপের পাশে বসে কাঁদতেও দেখা যায়।
৪০০ থেকে ৫০০ জন হামলা চালানোর অভিযোগ
এস এম জিলানীর ভাই হায়দার আলী প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাত আটটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী তাঁদের বাড়িতে আসেন।
তাঁর অভিযোগ, হামলাকারীরা প্রথমে বাড়ির অতিথিদের বসার জন্য তৈরি করা প্যান্ডেল ভাঙচুর করেন। এরপর একে একে বাড়ির বিভিন্ন কক্ষে ঢুকে মালামাল লুট করেন। জিনিসপত্র নিয়ে যাওয়ার পর বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হায়দার আলীর দাবি, তাঁর ছোট বোনের ১০ ভরি এবং বড় বোন সেতারা ও এক ভাগনির মোট আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে হামলাকারীরা। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, ওভেনসহ বিভিন্ন আসবাব ও গৃহস্থালির সামগ্রী লুট করা হয়েছে।
বিয়ের প্রস্তুতির মধ্যেই বাড়িতে হামলা
জিলানীর তিনতলা বাড়ির বিভিন্ন কক্ষেও ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন দেখা গেছে। খাবার ঘরের মেঝেতে রান্না করা খাবার, ভাঙা কাচ ও পোড়া ছাই ছড়িয়ে ছিল। বাড়ির বিভিন্ন স্থানে আসবাব ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।
জিলানীর ভাতিজি আনিসা প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তাঁর চাচার বাড়িটি তালাবদ্ধ ছিল। হামলাকারীরা প্রথমে পাঁচ থেকে ১০ মিনিট ধরে তালা ভাঙার চেষ্টা করেন। এরপর ওপরের তলায় প্রবেশ করেন।
আনিসার ভাষ্য, তাঁর এক চাচাতো ভাইয়ের বিয়ের আয়োজন চলছিল বাড়িতে। হামলাকারীরা স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, ওভেনসহ বিভিন্ন জিনিস নিয়ে যান। পরে বাড়ির ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ঘটনার সময় বাড়িতে পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন বলে দাবি করেছেন আনিসা। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়িতে আসার পর পুলিশ সদস্যরা ভয়ে তাঁদের কিছু না বলার অনুরোধ করেন।
আনিসার দাবি, পুলিশ সদস্যরা হামলাকারীদের বলেছিলেন, ‘দয়া করে আমাদের মেরো না। আমরা তোমাদের কিছু বলব না।’ এরপর পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যান।
তবে পুলিশের ভূমিকা সম্পর্কে পরিবারের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
পুড়ে গেছে ধান-চাল, গোয়ালঘর ও খড়ের স্তূপ
বাড়ির উত্তর দিকে থাকা আধা পাকা একটি ভবনের ইটের দেয়াল অক্ষত থাকলেও টিনের চাল ও ভেতরের মালামাল আগুনে নষ্ট হয়েছে। ঘরের এক পাশে ছড়িয়ে ছিল ধান ও চাল। চালের একটি স্তূপ থেকে বুধবারও ধোঁয়া উঠছিল।
পাশের গোয়ালঘরটি পুরোপুরি পুড়ে গেছে। পুড়ছিল দুটি খড়ের স্তূপও। এস এম জিলানীর বাবা ও পরিবারের অন্য সদস্যদের ব্যবহৃত কক্ষগুলোতেও আগুনের ক্ষতি দেখা গেছে।
বাড়ির বিভিন্ন স্থানে পোড়া আসবাব, ভাঙা মালামাল ও ছাইয়ের স্তূপ পড়ে ছিল। মঙ্গলবার রাতের হামলার পর বুধবার বিকেল পর্যন্ত আগুনের চিহ্ন ও ধোঁয়া পুরো বাড়িজুড়ে ছড়িয়ে ছিল।












