স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অনলাইনে জমা দিতে পারবেন আবেদন, কমবে অ্যাপয়েন্টমেন্টের দীর্ঘ অপেক্ষা
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকার জার্মান দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এর ফলে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।
দূতাবাস জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় জার্মানির কনস্যুলার সার্ভিসেস পোর্টাল বা ‘আউসল্যান্ডসপোর্টাল’ ব্যবহার করে আবেদন করতে হবে। এর লক্ষ্য হলো ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করা, অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমানো এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পূর্বানুমানযোগ্যতা বাড়ানো।
নতুন ব্যবস্থায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং সরাসরি সাক্ষাৎকারের কার্যক্রমও আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে দূতাবাস।
দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমানোর উদ্যোগ
জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে বলে উল্লেখ করেছে ঢাকার জার্মান দূতাবাস। দুই দেশের জন্যই আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় এবং এর মাধ্যমে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির ইতিবাচক সম্ভাবনা রয়েছে বলে মনে করে তারা।
তবে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার কারণে সম্ভাব্য শিক্ষার্থীদের যে ভোগান্তি ও হতাশার মুখে পড়তে হয়েছে, সেটিও স্বীকার করেছে দূতাবাস।
বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের দীর্ঘ সময়, অর্থ ও ব্যক্তিগত প্রচেষ্টা ব্যয় করতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর আবেদনব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
দূতাবাসের প্রত্যাশা, নতুন পদ্ধতিতে শিক্ষার্থীরা জার্মানিতে পড়াশোনার প্রস্তুতি ও ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তুলনামূলকভাবে পরিষ্কার ধারণা পাবেন।












