বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, দুর্নীতির অভিযোগে বাংলাদেশে যে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে, তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন তিনি।
যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য টিউলিপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সুবিধা নেওয়ার অভিযোগে বাংলাদেশের কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়।
গত বছরের ডিসেম্বরে ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি জমি পেতে শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। তাঁর সঙ্গে আরও ১৬ জনের বিরুদ্ধে মামলাটি পরিচালিত হয়। তবে লন্ডনে বসবাসকারী টিউলিপ অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাজ্যে অবস্থান করায় তাঁর ওই সাজা কার্যকর হওয়ার সম্ভাবনাও কম।
বিচারপ্রক্রিয়াকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন টিউলিপ
‘পলিটিকস আনলিশড’ নামের একটি নতুন পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় টিউলিপ বলেন, তিনি নিজেকে ‘বিদ্বেষমূলক বিচারের’ শিকার বলে মনে করেন। এ বিষয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলছেন এবং মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি রয়েছে বলে তাঁকে জানানো হয়েছে।
টিউলিপ বলেন, আইনজীবীদের মাধ্যমে বাংলাদেশের সরকারের কাছে অভিযোগের বিস্তারিত জানতে বারবার চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তাঁর দাবি, তিনি কী অপরাধ করেছেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা না দিয়েই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২০২৫ সালের গ্রীষ্মে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে উল্লেখ করেছিলেন। সে সময় তাঁর বক্তব্য ছিল, শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের মধ্যে তিনি অনিচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ইউনূসের সঙ্গে সাক্ষাতের চেষ্টা, কিন্তু সাড়া পাননি
টিউলিপ জানান, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তিনি। এ জন্য হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু ইউনূস তাঁর সঙ্গে দেখা করতে রাজি হননি বলে দাবি করেন টিউলিপ।
বিচারপ্রক্রিয়ার অভিজ্ঞতাকে তিনি ‘কাফকাস্ক দুঃস্বপ্নের’ সঙ্গে তুলনা করেন। তাঁর ভাষ্য, কী অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা তিনি বুঝতে পারেননি। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের সংবাদ সতর্কতা দেখে নিজের দণ্ডের খবর জানতে পারেন বলেও জানান তিনি।
মুহাম্মদ ইউনূসের বক্তব্য জানতে তাঁর ঘনিষ্ঠ দুই সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
স্টারমারের সমর্থন পেয়েছিলেন, তবু পদত্যাগ
টিউলিপ জানান, বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁকে সমর্থন জানিয়েছিলেন। নিরাপত্তা হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে থাকা অবস্থায় স্টারমার তাঁকে বার্তা পাঠিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
তবে স্টারমারকে নিয়ে বারবার প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন টিউলিপ। তিনি বলেন, স্টারমারকে প্রধানমন্ত্রী করার রাজনৈতিক উদ্যোগে শুরু থেকেই তাঁর ভূমিকা ছিল। কিন্তু একপর্যায়ে নিজেকেই দলের জন্য বাধা মনে হচ্ছিল।
স্টারমারের ক্ষমতাচ্যুত হওয়াকে তিনি বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন। তবে তাঁর উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের প্রশংসা করেন। টিউলিপের বক্তব্য, তাঁর লক্ষ্য লেবার পার্টির আরেকটি সরকার গঠন নিশ্চিত করা। বার্নহাম সেই লক্ষ্য পূরণ করতে পারলে ব্যক্তিগত দুঃখ সরিয়ে রেখে দলের সাফল্যে মনোযোগ দেবেন তিনি।












