কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালক, সহকারী ও যাত্রীদের কেউ হতাহত হননি।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে যাচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘যাতায়াত পরিবহন’ নামের বাসটি জগন্নাথপুর এলাকা অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত বাসটির সামনের কাচ লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে। এতে বাসটির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও চালক ও স্থানীয়দের দ্রুত উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনাস্থল পরিদর্শন পুলিশের
খবর পেয়ে ভৈরব সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে কারা এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মহাসড়কে নিরাপত্তা জোরদার
হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে চলন্ত যাত্রীবাহী বাসে এ ধরনের হামলা মহাসড়কে সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।












