পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থানা সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। পরে খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাত ৮টার দিকে পরিস্থিতি উত্তপ্ত
রাত ৮টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বেড়া পৌর বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বিক্ষোভের একটি ভিডিও ‘পাবনা জেলা ছাত্রলীগ’ নামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
পুলিশের বক্তব্য
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশিদুল ইসলাম জানান, বিক্ষোভ মিছিলটি থানাসংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় অংশগ্রহণকারীরা ফটকের সামনে কিছুক্ষণ স্লোগান দেন। তবে ঘটনাটিকে থানা ঘেরাও করে বিক্ষোভ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।












