রাজধানীর বাজারে চালের দাম আবারও ঊর্ধ্বমুখী। গত ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে জাত ও মানভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে ১ থেকে ৪ টাকা। একই সঙ্গে শীতের কয়েকটি সবজির দামও বেড়েছে। বিশেষ করে নাজিরশাইল চাল, শিম, ফুলকপি ও বেগুন কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। তবে ডিম ও মুরগির বাজারে গত সপ্তাহের তুলনায় তেমন পরিবর্তন নেই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের এ চিত্র পাওয়া গেছে।
চাল ব্যবসায়ীদের দাবি, পুরোনো নাজিরশাইল ধানের মজুত কমে আসায় মিল পর্যায়ে দাম বেড়েছে। অন্যদিকে সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সমস্যার কারণে বিভিন্ন এলাকা থেকে ঢাকায় সবজির সরবরাহ কমেছে। তবে বাজার বিশ্লেষকদের মতে, নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের নানা অজুহাতও কাজ করছে।
নাজিরশাইলের দাম বেড়েছে সবচেয়ে বেশি
বাজারে সবচেয়ে বেশি বেড়েছে নাজিরশাইল চালের দাম। ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে এ চাল। দুই সপ্তাহ আগেও অনেক বাজারে কেজিপ্রতি দাম ছিল ৮৫ টাকার আশপাশে।
ক্রেতাদের কাছে বেশি চাহিদার মিনিকেট চালের দামও বেড়েছে। দুই সপ্তাহে কেজিতে প্রায় ২ টাকা বেড়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮-২৯ চালের দাম কেজিতে ৫৬ থেকে ৬২ টাকা। তবে গুটি স্বর্ণা ও চায়না ইরি জাতের মোটা চালের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। এসব চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।
কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী শাহজাহান মিয়া জানান, পুরোনো ধানের মজুত শেষের দিকে থাকায় পাইকারি বাজারে ২৫ কেজির নাজিরশাইল চালের বস্তায় ৪০ থেকে ৬০ টাকা বেড়েছে। তাঁর ধারণা, নভেম্বরের শেষ দিকে আমন ধান উঠতে শুরু করলে নতুন চাল বাজারে আসবে এবং দাম কমতে পারে।
তবে নাজিরশাইলের দাম বাড়লেও মিনিকেটের দাম কেন বেড়েছে, তার নির্দিষ্ট কারণ জানাতে পারেননি ব্যবসায়ীরা। তাঁদের কেউ কেউ বলছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগে চালকল মালিকেরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।
সরকারি গুদামে চালের মজুত ১৭ লাখ টনের বেশি
এ বছর রেকর্ড পর্যায়ে ওঠার পর পোলাও চালের দাম কিছুটা কমেছে। বর্তমানে খোলা পোলাও চাল কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। দুই মাস আগেও দাম ছিল ২০০ টাকার বেশি। প্যাকেটজাত পোলাও চালের কেজি ২১০ থেকে ২৩০ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৯ নভেম্বর পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ১৭ লাখ টনের বেশি। গমসহ মোট খাদ্যশস্যের মজুত প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।
শীতের সবজিতে বাড়তি দাম
বৃষ্টির কারণে এবং বিভিন্ন এলাকা থেকে পরিবহন আসতে সমস্যা হওয়ায় ঢাকার বাজারে কয়েক ধরনের সবজির সরবরাহ কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এতে অল্প সময়ের ব্যবধানে দাম বেড়েছে কয়েকটি পণ্যের।
বাজারে আকারভেদে ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকায়। দুই দিন আগেও দাম ছিল ২৫ থেকে ৩৫ টাকা। শিমের কেজি ৭০ থেকে ৮০ টাকা, যা আগের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি। বেগুনের দাম কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৯০ টাকায়।
এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়শের কেজি ৫০ থেকে ৬০ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি, আর পুরোনো আলুর দাম ২৫ থেকে ৩০ টাকা। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমেছে। কিন্তু বেশি দামে কেনা সবজি বিক্রি না হলে তাঁদের লোকসানের আশঙ্কা রয়েছে।
ডিম-মুরগির বাজার স্থিতিশীল
চালের ও সবজির দাম বাড়লেও ডিম ও মুরগির বাজারে বড় পরিবর্তন দেখা যায়নি। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, চালের দাম বাড়ার এখন যৌক্তিক কারণ নেই। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে নানা অজুহাতে পণ্যের দাম বাড়ান। তাঁর অভিযোগ, নিত্যপণ্যের বাজারে করপোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বাড়ায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের ইচ্ছেমতো দাম বাড়ানোর বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তিনি আরও বলেন, পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ এবং মিলগেটের মূল্য প্রকাশ করা উচিত। নিত্যপণ্যে অযৌক্তিক মুনাফা ঠেকাতে বাজার তদারকি জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।












