বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীগুলোর একটি যুক্তরাষ্ট্রের। কিন্তু সেই নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ কর্মসূচি এখন ধারাবাহিক ব্যর্থতার মুখে। একের পর এক প্রকল্পে ব্যয় বেড়েছে, নির্মাণ পিছিয়েছে, আর প্রতিশ্রুত সামরিক সক্ষমতা বাস্তবে পাওয়া যায়নি। ফলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সামনে এখন বড় প্রশ্ন—নিজেদের জাহাজ নির্মাণশিল্পের দুর্বলতা কাটিয়ে কীভাবে দ্রুত প্রয়োজনীয় যুদ্ধজাহাজ সংগ্রহ করা সম্ভব?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামনে একটি বাস্তবসম্মত বিকল্প হাজির হয়েছে। সেটি হলো জাপানের তৈরি মোগামি শ্রেণির ফ্রিগেট। জাহাজটির সামরিক সক্ষমতার পাশাপাশি নির্মাণের সময়সীমা ও ব্যয় নিয়ন্ত্রণের রেকর্ডও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওয়াশিংটনের উচিত নতুন করে আরেকটি ব্যর্থ নির্মাণ কর্মসূচিতে অর্থ ঢালার পরিবর্তে মিত্রদেশের পরীক্ষিত প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাকে কাজে লাগানো।
যুক্তরাষ্ট্রের ফ্রিগেট কর্মসূচির ব্যর্থতা
২০২০ সালে মার্কিন নৌবাহিনী কনস্টেলেশন শ্রেণির ২০টি ফ্রিগেট নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছিল। কংগ্রেসকে আশ্বস্ত করা হয়েছিল, ইউরোপের একটি পরীক্ষিত নকশার ওপর ভিত্তি করে তুলনামূলক কম ঝুঁকিতে জাহাজগুলো তৈরি করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ অন্তত ১৫টি জাহাজ সরবরাহ পাওয়ার কথা ছিল।
বাস্তবতা হয়েছে সম্পূর্ণ ভিন্ন। ব্যয় বৃদ্ধি ও নির্মাণে দীর্ঘসূত্রতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে একটি জাহাজও সরবরাহ করা সম্ভব হয়নি। ২০২৫ সালের নভেম্বরে নৌবাহিনী চারটি জাহাজের নির্মাণাদেশ বাতিল করে। শেষ পর্যন্ত মাত্র দুটি জাহাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রথমটি সরবরাহের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৯ সাল। অর্থাৎ প্রাথমিক পরিকল্পনার তুলনায় তিন বছর দেরিতে।
এটি কোনো বিচ্ছিন্ন ব্যর্থতা নয়। এর আগে জুমওয়াল্ট শ্রেণির ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনা ছিল ৩২টি জাহাজের। কিন্তু ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেই সংখ্যা কমিয়ে মাত্র তিনটিতে নামিয়ে আনা হয়। একইভাবে লিটোরাল কমব্যাট শিপ কর্মসূচিও প্রত্যাশা পূরণ করতে পারেনি। পরিচালনাগত সীমাবদ্ধতা, ব্যয় বৃদ্ধি এবং বিশেষায়িত মাইন অপসারণ প্রযুক্তি সরবরাহে বিলম্বের কারণে এসব জাহাজ নির্ধারিত মেয়াদের অনেক আগেই অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনটি বড় যুদ্ধজাহাজ কর্মসূচির ব্যর্থতার পেছনে একটি অভিন্ন সমস্যা রয়েছে—নকশা চূড়ান্ত হওয়ার আগেই নির্মাণ শুরু করা এবং পরবর্তী সময়ে বারবার নকশা পরিবর্তন। সরকারি নিরীক্ষায়ও এই দুর্বলতা উঠে এসেছে।
কনস্টেলেশন শ্রেণির ক্ষেত্রে ইউরোপীয় নকশার সঙ্গে ৮৫ শতাংশ মিল রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণকাজ শুরু হওয়ার পর একের পর এক পরিবর্তনের ফলে শেষ পর্যন্ত মূল নকশার সঙ্গে মিল দাঁড়ায় মাত্র ১৫ শতাংশে। এতে প্রকল্পের জটিলতা ও ব্যয় দুটোই বেড়েছে।
নতুন পরিকল্পনাতেও পুরোনো ভুলের আশঙ্কা
সাম্প্রতিক ব্যর্থতার পরও মার্কিন নৌবাহিনীর নতুন পরিকল্পনা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন নৌবাহিনী সচিব জন ফেলান কোস্টগার্ডের লেজেন্ড শ্রেণির ন্যাশনাল সিকিউরিটি কাটারের ভিত্তিতে নতুন ফ্রিগেট তৈরির ধারণা দেন।
কিন্তু একটি টহলজাহাজ এবং আধুনিক বহুমুখী যুদ্ধজাহাজের প্রয়োজন এক নয়। লেজেন্ড শ্রেণির জাহাজ সমুদ্রসীমা নিরাপত্তা ও টহলের জন্য কার্যকর হলেও নৌবাহিনীর প্রকৃত যুদ্ধ সক্ষমতার চাহিদা পূরণে এর সীমাবদ্ধতা রয়েছে। প্রয়োজনীয় উন্নত রাডার, পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং সাবমেরিনবিরোধী প্রযুক্তির ঘাটতি রয়েছে।
ফলে পুরোনো ব্যর্থতার পর নতুন নামে আরেকটি সীমিত সক্ষমতার জাহাজ তৈরি করলে সমস্যার সমাধান হবে না। বরং নৌবাহিনীর প্রকৃত প্রয়োজনকে সামনে রেখে এমন একটি নকশা বেছে নেওয়া জরুরি, যা ইতিমধ্যে বাস্তবে পরীক্ষিত।
মোগামি কেন এগিয়ে
জাপানের মোগামি শ্রেণির ফ্রিগেট এই বিবেচনায় উল্লেখযোগ্য বিকল্প। এর সর্বশেষ সংস্করণে রয়েছে ৩২টি ক্ষেপণাস্ত্র ধারণক্ষমতার উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা, ১০ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত চলার সক্ষমতা, সাবমেরিন শনাক্ত ও মোকাবিলার প্রযুক্তি এবং শত্রুর রাডারে কম দৃশ্যমান হওয়ার বিশেষ নকশা।
আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, জাহাজটির অস্ত্র ও যুদ্ধ পরিচালনাব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবহরে ব্যবহৃত প্রযুক্তির সামঞ্জস্য রয়েছে। ফলে নতুন জাহাজ যুক্ত করার পর প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনাগত জটিলতা তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে মোগামির সবচেয়ে বড় শক্তি শুধু এর সামরিক সক্ষমতা নয়, উৎপাদনের বাস্তব রেকর্ড। জাপানের নির্মাতারা ইতিমধ্যে মূল সংস্করণের ১২টি জাহাজ নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করেছে। কোনো বড় ধরনের ব্যয় বৃদ্ধির ঘটনাও ঘটেনি।
২০২৫ সালে অস্ট্রেলিয়া তাদের নতুন সাধারণ ব্যবহারের ফ্রিগেট নির্বাচনের প্রতিযোগিতায় জার্মানির এমইকেও এ-২০০-এর পরিবর্তে মোগামিকে বেছে নেয়। অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে ব্যয়, সামরিক সক্ষমতা এবং নির্ধারিত সময়ে সরবরাহ—এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল।
অর্থাৎ মোগামি শুধু কাগজে-কলমে আকর্ষণীয় কোনো নকশা নয়; এর পক্ষে রয়েছে বাস্তব নির্মাণ ও সরবরাহের অভিজ্ঞতা।
মিত্রদেশের সঙ্গে যৌথ নির্মাণই হতে পারে সমাধান
যুক্তরাষ্ট্র চাইলে জাপানের এই সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেদের জাহাজ নির্মাণশিল্পকেও শক্তিশালী করতে পারে। এ ক্ষেত্রে ফিনল্যান্ড মডেল অনুসরণ করা যেতে পারে।
এই পদ্ধতিতে যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের জাহাজ নির্মাতারা যৌথভাবে ১১টি মেরু অঞ্চলের বরফভাঙা জাহাজ নির্মাণের কাজ করছে। প্রাথমিক নির্মাণ হবে ফিনল্যান্ডে, পরবর্তী উৎপাদনে যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানগুলোও যুক্ত হবে। এর লক্ষ্য হলো বিদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব নির্মাণ সক্ষমতা পুনর্গঠন করা।
মোগামি প্রকল্পেও একই কৌশল নেওয়া সম্ভব। প্রথম দুটি ফ্রিগেট জাপানের শিপইয়ার্ডে তৈরি করে দ্রুত মার্কিন নৌবহরে যুক্ত করা যেতে পারে। একই সময়ে মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে অংশীদারত্বে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ নির্মাণকেন্দ্রে উৎপাদনব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। পরবর্তী ১৮টি জাহাজ সেখানে নির্মাণের পরিকল্পনা নেওয়া যেতে পারে।
অস্ট্রেলিয়াও একই ধরনের পথ অনুসরণ করছে। দেশটির প্রথম তিনটি মোগামি জাপানে নির্মিত হবে। বাকি জাহাজ তৈরির জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার হেন্ডারসন শিপইয়ার্ডে নতুন উৎপাদনব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
এই মডেলের সুবিধা দ্বিমুখী। একদিকে যুক্তরাষ্ট্র দ্রুত কার্যকর যুদ্ধজাহাজ পাবে, অন্যদিকে নিজস্ব জাহাজ নির্মাণশিল্পে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও উৎপাদন অভিজ্ঞতা যুক্ত হবে। ভবিষ্যতে নতুন জাহাজ নির্মাণ, পুরোনো জাহাজের রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়নের ক্ষেত্রেও এই সক্ষমতা কাজে লাগবে।
আরেকটি ব্যর্থতার সুযোগ নেই
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সামনে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। ধারাবাহিক তিনটি বড় যুদ্ধজাহাজ কর্মসূচির ব্যর্থতা প্রমাণ করেছে, শুধু অর্থ বরাদ্দ বাড়িয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন প্রকল্প ব্যবস্থাপনায় পরিবর্তন, বাস্তবসম্মত নকশা এবং পরীক্ষিত উৎপাদনব্যবস্থা।
প্রতিরক্ষা ব্যয়ের প্রতিটি ডলারের বিপরীতে কার্যকর সামরিক সক্ষমতা নিশ্চিত করা করদাতাদের প্রতি সরকারের দায়িত্ব। অথচ নতুন করে আরেকটি দীর্ঘমেয়াদি ও অনিশ্চিত প্রকল্প শুরু করলে সেই অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠবে।
জাপানের সঙ্গে যৌথভাবে মোগামি নির্মাণ সেই ঝুঁকি কমাতে পারে। এতে স্বল্প সময়ে যুদ্ধজাহাজ পাওয়া এবং দীর্ঘ মেয়াদে মার্কিন জাহাজ নির্মাণশিল্পের সক্ষমতা বাড়ানো—দুই লক্ষ্যই অর্জনের সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের সামনে তাই পছন্দটি শুধু একটি জাহাজ কেনার নয়; বরং নিজেদের প্রতিরক্ষা শিল্পকে কীভাবে আরও দক্ষ ও নির্ভরযোগ্য করা যায়, সেই কৌশল নির্ধারণেরও। নতুন প্রতিশ্রুতি দিয়ে আরেকটি ব্যর্থতার পথে যাওয়ার চেয়ে পরীক্ষিত মোগামিকে বেছে নেওয়াই হতে পারে অধিক বাস্তবসম্মত সিদ্ধান্ত।












