পাকিস্তানের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্নটি এখন আর শুধু কতজন শিশু বিদ্যালয়ে যাচ্ছে কিংবা কতজন শিক্ষার্থী পরীক্ষায় পাস করছে, তাতে সীমাবদ্ধ নেই। আসল প্রশ্ন হলো, এই ব্যবস্থা কি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জীবন, কর্মসংস্থান ও অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে তুলতে পারছে? নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক এবং অভিভাবকদের প্রত্যেকেরই নিজেদের কাছে এই প্রশ্নের জবাব চাওয়া উচিত।
দেশটির শিক্ষায় কিছু অগ্রগতি হয়েছে। সাক্ষরতার হার বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে। তবে নারী ও পুরুষের মধ্যে ব্যবধান এখনো বড়—নারীদের সাক্ষরতার হার ৫৪ শতাংশ, পুরুষদের ৭৩ শতাংশ। শহরে এই হার ৭৪ শতাংশ হলেও গ্রামাঞ্চলে ৫৫ শতাংশ। বিদ্যালয়ের বাইরে থাকা শিশুর অনুপাত ২০২৩ সালের ৩৮ শতাংশ থেকে ২০২৫ সালে ২৮ শতাংশে নেমেছে। বেলুচিস্তানে তা ৬৯ শতাংশ থেকে কমে ৪৫ শতাংশ হয়েছে। এসব অগ্রগতি গুরুত্বপূর্ণ। কিন্তু এখনো প্রায় আড়াই কোটি শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে।
আর যারা বিদ্যালয়ে যাচ্ছে, তাদের শেখার মান নিয়েও গুরুতর উদ্বেগ রয়েছে। এএসইআর ২০২৫-এর মূল্যায়নে দেখা গেছে, পঞ্চম শ্রেণির প্রায় অর্ধেক শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণির উপযোগী একটি লেখা পড়তে পারে। সাধারণ ভাগের অঙ্ক করতেও অর্ধেকের কম শিক্ষার্থী সক্ষম। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, পাকিস্তানে ১০ বছর বয়সী প্রতি চার শিশুর তিনজনই একটি সহজ গল্প পড়ে তার অর্থ বুঝতে পারে না। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি বাড়লেও প্রকৃত শিক্ষা নিশ্চিত হচ্ছে না।
মুখস্থনির্ভর শিক্ষা, কর্মসংস্থানের সংকট
শিক্ষাব্যবস্থার আরেকটি বড় দুর্বলতা হলো, এটি শিক্ষার্থীদের চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বিকাশের চেয়ে মুখস্থবিদ্যাকে বেশি গুরুত্ব দেয়। পাঠ্যবইয়ের তথ্য হুবহু লিখতে পারা সাফল্যের মাপকাঠি হয়ে উঠেছে; প্রশ্ন করা, যুক্তি খোঁজা কিংবা নতুন কিছু উদ্ভাবনের প্রবণতা ততটা উৎসাহ পায় না।
অথচ কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুত বিস্তারে কর্মজগতের চাহিদা বদলে যাচ্ছে। ভবিষ্যতের শ্রমবাজারে শুধু সনদধারী কর্মী নয়, প্রয়োজন হবে প্রযুক্তিগত দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং বাস্তব সমস্যার সমাধান করতে সক্ষম মানুষের।
পাকিস্তানের শ্রমবাজারের পরিসংখ্যান এই অসামঞ্জস্যেরই ইঙ্গিত দেয়। ২০২৪-২৫ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষের মধ্যে বেকারত্বের হার ৪ দশমিক ৭ শতাংশ। স্নাতকদের ক্ষেত্রে তা প্রায় ১১ শতাংশ। উচ্চতর ডিগ্রিধারী নারীদের মধ্যে বেকারত্ব প্রায় ২৪ শতাংশ। অর্থাৎ শিক্ষার স্তর বাড়লেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হচ্ছে না।
অর্থনীতির প্রয়োজন চিকিৎসা, অর্থনীতি, প্রকৌশল ও প্রযুক্তিতে বিশেষজ্ঞ জনশক্তি। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার ও কারিগরি কর্মীরও ঘাটতি রয়েছে। অথচ শিক্ষাব্যবস্থা এমন অনেক স্নাতক তৈরি করছে, যাঁদের দক্ষতার সঙ্গে চাকরির বাজারের চাহিদার মিল নেই।
অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি মানবসম্পদ
পাকিস্তান সাম্প্রতিক সময়ে অর্থনীতিতে কিছু ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে। ২০২৫-২৬ অর্থনৈতিক সমীক্ষায় প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ দেখানো হয়েছে, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। প্রাথমিক বাজেট উদ্বৃত্ত এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও কয়েক বছরের মধ্যে ভালো অবস্থানে রয়েছে। কিন্তু এই স্থিতিশীলতা কতটা টেকসই হবে, তা নির্ভর করছে উৎপাদনশীলতা ও দক্ষ জনশক্তি তৈরির ওপর।
প্রাথমিক বাজেট উদ্বৃত্ত অর্জনে শিক্ষা খাতসহ জনকল্যাণমূলক ব্যয় সংকোচনের ভূমিকা ছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২১ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছালেও তা দিয়ে মাত্র তিন মাসের মতো আমদানি ব্যয় মেটানো সম্ভব। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যার প্রায় এক-সপ্তমাংশ নিয়ে মালয়েশিয়ার রিজার্ভ ১৩২ বিলিয়ন ডলার। গত বছর পাকিস্তানের রপ্তানি আয়ও কমে প্রায় ৩০ বিলিয়ন ডলারে নেমেছে।
এই পরিস্থিতিতে দক্ষ কর্মী ছাড়া শিল্পের উৎপাদন বাড়ানো, রপ্তানিতে প্রতিযোগিতা ধরে রাখা কিংবা বিনিয়োগ আকর্ষণ করা কঠিন। ২০২৫ সালে কাজের সন্ধানে বিদেশে যাওয়া প্রায় ৭ লাখ ৬২ হাজার পাকিস্তানির মধ্যে ৬১ শতাংশেরও বেশি অদক্ষ কর্মী হিসেবে নিবন্ধিত হয়েছেন। এটি দেশের শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থার সীমাবদ্ধতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
বিশ্বব্যাংকের হিসাবে, শিক্ষার প্রতিটি অতিরিক্ত বছর একজন মানুষের আয় গড়ে প্রায় ৯ শতাংশ বাড়াতে পারে। চীন ১৯৯০ সালে উচ্চশিক্ষায় ভর্তির হার কয়েক শতাংশ থেকে বাড়িয়ে বর্তমানে ৬০ শতাংশের বেশি করেছে। পাকিস্তানে এই হার প্রায় ১৩ শতাংশ। তুরস্ক, মালয়েশিয়া ও চীনের মাথাপিছু আয় যথাক্রমে প্রায় ১৯ হাজার, ১৫ হাজার ও ১৪ হাজার ৯০০ ডলার; পাকিস্তানে তা প্রায় ১ হাজার ৯০০ ডলার। ১৯৯০ সালে গড় আয়ের হিসাবে পাকিস্তানের তুলনায় চীন অনেক পিছিয়ে থাকলেও এখন চীনের গড় আয় প্রায় আট গুণ বেশি।
শিক্ষায় বিনিয়োগের দায়িত্ব কার
পাকিস্তানের সরকারি শিক্ষা ব্যয়ও উদ্বেগজনকভাবে কমেছে। ২০১৯-২০ অর্থবছরে জিডিপির ১ দশমিক ৯ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হলেও ২০২৪-২৫ সালে তা নেমে এসেছে মাত্র শূন্য দশমিক ৮ শতাংশে। অথচ আন্তর্জাতিকভাবে প্রচলিত মানদণ্ডে এ খাতে জিডিপির ৪ থেকে ৬ শতাংশ ব্যয়ের কথা বলা হয়।
শিক্ষার দায়িত্ব শুধু সরকারের ওপর চাপিয়ে দিলেও সমস্যার সমাধান হবে না। বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয় দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছে। তাদেরও শিক্ষার মান, শিক্ষার্থীদের দক্ষতা এবং কর্মসংস্থানের প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ও প্রকাশিত মানদণ্ড থাকা প্রয়োজন। একইভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মীর অভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে তাদেরও বিনিয়োগ করা উচিত।
তুরস্ক, চীন, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাপান ও দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা দেখায়, শিক্ষা ও অর্থনৈতিক পরিকল্পনাকে পরস্পরের সঙ্গে যুক্ত করা সম্ভব। এসব দেশ পাকিস্তানের তুলনায় শিক্ষা খাতে অন্তত তিন গুণ বেশি ব্যয় করে এবং কারিগরি শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়। তাদের শিক্ষাব্যবস্থা শ্রমবাজার ও জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে তুলনামূলকভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত।
পাকিস্তানেও কার্যকর উদ্যোগের অভাব নেই। করাচির হুনার ফাউন্ডেশন ইলেকট্রিশিয়ান, কাঠমিস্ত্রি, ওয়েল্ডার ও তথ্যপ্রযুক্তি কর্মী তৈরি করছে। প্রতিষ্ঠানটির ৪০ হাজার প্রশিক্ষণপ্রাপ্তের প্রায় ৭১ শতাংশ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। পাঞ্জাব স্কিলস ডেভেলপমেন্ট ফান্ডের প্রশিক্ষণার্থীরা উপসাগরীয় দেশগুলোতে কাজ পাচ্ছেন। ডিজিস্কিলস ডট পিকে চার মিলিয়নের বেশি মানুষকে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়েছে। আগা খান বিশ্ববিদ্যালয়ের নার্সিং স্কুলও দীর্ঘদিন ধরে দক্ষ নার্স তৈরিতে মানদণ্ড স্থাপন করেছে। কিন্তু এসব উদ্যোগ এখনো বিচ্ছিন্ন সাফল্য; জাতীয় শিক্ষাব্যবস্থার সামগ্রিক রূপ নিতে পারেনি।
শিক্ষার সঙ্গে চরিত্র ও মানসিক বিকাশও জরুরি
শিক্ষার সাফল্য শুধু চাকরি পাওয়া কিংবা আয় বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। পাকিস্তানের ঐতিহ্যে জ্ঞান অর্জনের পাশাপাশি তারবিয়াত—অর্থাৎ চরিত্র, আচরণ ও বিচারবোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) জ্ঞান অর্জনকে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।
তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে ভাবতে হবে, তারা কি শিশুদের শুধু পরীক্ষার নম্বর অর্জনের জন্য প্রস্তুত করছে, নাকি দায়িত্বশীল ও বিবেচনাবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলছে? সমালোচনামূলক চিন্তা, আবেগীয় বুদ্ধিমত্তা, ডিজিটাল ও আর্থিক সাক্ষরতা, উদ্যোক্তা হওয়ার সক্ষমতা এবং মানসিক সুস্থতাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।
শিশুর মানসিক সুস্থতা তার শেখার ভিত্তি। যে শিক্ষার্থী নিরাপদ ও মানসিকভাবে সুস্থ পরিবেশ পায় না, তার পক্ষে পূর্ণ সক্ষমতা নিয়ে শেখা কঠিন। একইভাবে নাগরিকদের যুক্তি দিয়ে ভাবার বদলে শুধু নির্দেশ মানতে শেখালে সমাজের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও দুর্বল হয়।
পাকিস্তানের শিক্ষাব্যবস্থার সমস্যাগুলো নতুন নয়। নীতিপত্র, কমিশনের প্রতিবেদন ও বিশেষজ্ঞদের লেখায় বহুবার সমাধানের পথ দেখানো হয়েছে। ঘাটতি মূলত জ্ঞানের নয়, বাস্তবায়নের সদিচ্ছার। নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক ও অভিভাবক—প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। কারণ একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে কতজন মানুষকে সনদ দেওয়া হলো, তার ওপর নয়; বরং কতজনকে জ্ঞান, দক্ষতা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা গেল, তার ওপর।
রিজওয়ানের আরও লেখা
প্রতিবন্ধী নিয়োগের কোটা যখন অর্থ দিয়ে এড়ানোর সুযোগ
বিচ্ছিন্ন অনুদান নয়, উন্নয়নে দরকার আস্থাভিত্তিক অর্থায়ন কাঠামো











