কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতায় চীনের সামনে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো উন্নত সেমিকন্ডাক্টর চিপের সীমিত প্রাপ্যতা। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের কারণে উচ্চক্ষমতার প্রসেসর সংগ্রহ ক্রমেই কঠিন হচ্ছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের অবস্থান নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি দীর্ঘদিন চীনের বাজারে উন্নত চিপ বিক্রির পক্ষে কথা বলেছেন। এমন পরিস্থিতিতে চীনের বিপুল বিদ্যুৎ উৎপাদনক্ষমতাকে অনেকে প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার বড় অস্ত্র হিসেবে দেখছেন।
ইলন মাস্কের বক্তব্যও এই ধারণাকে শক্তি দিয়েছে। তাঁর মতে, বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়ানোর সক্ষমতা চীনকে এআই প্রতিযোগিতায় নির্ণায়ক সুবিধা দেবে এবং কম্পিউটিং ক্ষমতায় দেশটি অন্য সব প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যাবে। বক্তব্যটির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি আছে: বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণে চীন সত্যিই অনেক দেশের তুলনায় দ্রুত। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আর এআই শিল্পকে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সময়মতো বিদ্যুৎ সরবরাহ করা এক বিষয় নয়।
প্রযুক্তির এই প্রতিযোগিতায় আসল প্রশ্ন তাই কত বিদ্যুৎ উৎপাদন করা যায়, শুধু তা নয়; বিদ্যুৎ কোথায় উৎপাদিত হচ্ছে, কী দামে পাওয়া যাচ্ছে এবং প্রয়োজনের মুহূর্তে তা কম্পিউটিং অবকাঠামোয় পৌঁছানো সম্ভব কি না।
বিদ্যুতের চাহিদা বাড়ছে, দুই দেশের বাস্তবতা ভিন্ন
যুক্তরাষ্ট্রে কয়েক দশক ধরে বিদ্যুতের চাহিদা মোটামুটি স্থিতিশীল ছিল। কিন্তু ডেটা সেন্টার সম্প্রসারণের ফলে পরিস্থিতি বদলে গেছে। নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, গ্রিড সম্প্রসারণ এবং সরবরাহব্যবস্থার সক্ষমতা বাড়ানোর কাজ চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। অর্থায়ন, সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতা এবং নতুন স্থাপনা নির্মাণের উপযুক্ত স্থান নির্ধারণের জটিলতায় অনুমোদন পাওয়া অনেক প্রকল্পও বাস্তবায়িত হচ্ছে না।
এর প্রভাব পড়েছে বিদ্যুতের দামে। ডেটা সেন্টারের ঘনত্ব বেশি এমন ভার্জিনিয়ার কিছু এলাকায় পাঁচ বছরে বিদ্যুতের দাম সর্বোচ্চ ২৬৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। অর্থাৎ এআই অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে শুধু প্রসেসর বা সার্ভারের দাম নয়, বিদ্যুতের ব্যয়ও বড় বাধা হয়ে উঠছে।
চীনের পরিস্থিতি আলাদা। দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই বড় আকারের শিল্প ও উৎপাদন খাতের চাহিদা সামলানোর অভিজ্ঞতা রয়েছে। গত বছর চীনের বিদ্যুৎ ব্যবহার দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৭ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টায়, যা ২০০০ সালের তুলনায় প্রায় আট গুণ। এত বড় বাজারে ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার এখনো মোট চাহিদার মাত্র ১ দশমিক ৬ শতাংশ। ফলে নতুন এআই অবকাঠামোর চাহিদা সামলানোর জন্য চীনের সামনে তুলনামূলক বেশি সুযোগ রয়েছে।
তবে এই সক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কম বিদ্যুৎমূল্য নিশ্চিত করে না।
অতিরিক্ত সক্ষমতার মূল্য দিচ্ছে শিল্প
অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের অ্যান্ডার্স হোভের পর্যবেক্ষণ অনুযায়ী, আন্তর্জাতিক তুলনায় চীনের ব্যবসায়িক বিদ্যুতের দাম খুব কম নয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাবে, সঞ্চালন ও অন্যান্য চার্জ যুক্ত করলে চীনের জ্বালানিনির্ভর শিল্পের বিদ্যুৎ ব্যয় যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি।
শিল্প খাতের একটি হিসাব বলছে, গুয়াংডং ও জিয়াংসুর বড় বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ব্যয় প্রায় ০ দশমিক ৬ থেকে ০ দশমিক ৭৫ ইউয়ান। মার্কিন মুদ্রায় যা প্রায় ৯ থেকে ১১ সেন্ট। ভার্জিনিয়ার শিল্প খাতের গড় বিদ্যুৎমূল্যও প্রায় ১০ সেন্ট।
এর পেছনে চীনের বিদ্যুৎ ব্যবস্থার দুটি কাঠামোগত সমস্যা রয়েছে।
প্রথমত, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার ব্যয়। ২০২১-২২ সালের বিদ্যুৎ সংকটের পর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন সহজ করা হয়। শুধু ২০২৫ সালেই ৭৮ গিগাওয়াট কয়লাভিত্তিক উৎপাদন সক্ষমতা যুক্ত হয়েছে। কিন্তু এসব কেন্দ্রের অনেকগুলো নির্মিত হয়েছে এমন এলাকায়, যেখানে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম।
প্রাদেশিক সরকারগুলো নিজেদের সরবরাহ নিশ্চিত করতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিবেচনায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অব্যাহত রেখেছে। ফলে কোথাও প্রয়োজনের তুলনায় বেশি সক্ষমতা তৈরি হয়েছে। এসব অব্যবহৃত কেন্দ্রের ব্যয়ও শেষ পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বহন করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সক্ষমতা বাবদ অর্থ পরিশোধের ব্যবস্থা চালু রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের বিলের সঙ্গে যুক্ত এ ধরনের ব্যবস্থাগত চার্জ দ্বিগুণ হয়েছে।
দ্বিতীয় সমস্যা বিদ্যুৎ বাজারের কাঠামো। চীন বিপুল অর্থ ব্যয়ে আন্তপ্রাদেশিক সঞ্চালন লাইন তৈরি করলেও বিদ্যুৎ কেনাবেচা এখনো অনেকাংশে প্রাদেশিক সীমার মধ্যে আটকে আছে। বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও সরবরাহও অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক বাজারদরের পরিবর্তে প্রশাসনিক মূল্য ও নির্দেশনার ওপর নির্ভর করে।
এতে কোনো অঞ্চলে চাহিদা বাড়লে অন্য অঞ্চল থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সুযোগ সীমিত হয়। গত বছর বেইজিং সঞ্চালনমূল্য নির্ধারণে নতুন নীতি গ্রহণ করে ব্যবস্থাটিকে আরও সমন্বিত করার উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রদেশগুলোর বিদ্যুৎ উৎপাদন ও বাণিজ্যের নিয়ম বদলাতে সময় লাগবে। এআইয়ের মতো দ্রুত ওঠানামা করা চাহিদার ক্ষেত্রে এই বিলম্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
পশ্চিমাঞ্চলে ডেটা সেন্টার সরানোর পরিকল্পনা
চীনের পশ্চিমাঞ্চল এ সমস্যার একটি সম্ভাব্য সমাধান হাজির করেছে। তিব্বত, ছিংহাই, গানসু ও শিনজিয়াংয়ে সৌর ও বায়ুবিদ্যুতের বিপুল সম্ভাবনা রয়েছে। সেখানে জমির প্রাপ্যতাও তুলনামূলক বেশি। অথচ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের একটি অংশ ব্যবহার করা যাচ্ছে না। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এসব অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহারযোগ্যতার হার ছিল ৬০ দশমিক ৮ থেকে ৮৫ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ উৎপাদন সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত থেকেছে।
এই সম্ভাবনা কাজে লাগাতে এআই শিল্পের কম্পিউটিং অবকাঠামো পশ্চিমাঞ্চলে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বেইজিং। ২০২২ সালে ইনার মঙ্গোলিয়া, গানসু, গুইঝৌ ও নিংশিয়াসহ আটটি জাতীয় কম্পিউটিং হাব নির্ধারণ করা হয়। নতুন ডেটা সেন্টার এসব অঞ্চলে নির্মাণের ওপর জোর দেওয়া হয়েছে।
ইনার মঙ্গোলিয়ার উলানচাব নিম্ন-কার্বন কম্পিউটিং বেস এই পরিকল্পনার একটি উদাহরণ। সেন্ট্রিন ডেটার প্রকল্পটিতে ২০০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ ও ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতার সঙ্গে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা যুক্ত করা হয়েছে। একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ সরাসরি ডেটা সেন্টারে সরবরাহ করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, সেখানে প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের সরবরাহমূল্য ০ দশমিক ৩২ থেকে ০ দশমিক ৩৬ ইউয়ান। বড় পূর্বাঞ্চলীয় শহরগুলোর তুলনায় পরিচালন ব্যয় ৩০ থেকে ৫০ শতাংশ কম।
এই মডেল দেখায়, উৎপাদনকেন্দ্রের কাছাকাছি কম্পিউটিং অবকাঠামো গড়ে তুলতে পারলে বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
এআইয়ের সব কাজ পশ্চিমে নেওয়া যাবে না
তবে পরিকল্পনাটির একটি মৌলিক সীমাবদ্ধতা রয়েছে। এআইয়ের সব ধরনের কাজের জন্য একই ভৌগোলিক অবস্থান উপযোগী নয়। বড় পরিসরের প্রশিক্ষণ বা ব্যাচভিত্তিক গণনার কাজ তুলনামূলক দূরবর্তী অঞ্চলে সরিয়ে নেওয়া সম্ভব। কিন্তু যেসব এআই সেবা ব্যবহারকারীর প্রশ্নের দ্রুত উত্তর দেওয়া বা তাৎক্ষণিক তথ্য প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল, সেগুলোর ক্ষেত্রে সার্ভার ও ব্যবহারকারীর মধ্যে দূরত্ব গুরুত্বপূর্ণ।
তথ্য এক স্থান থেকে অন্য স্থানে যেতে সময় লাগে। ফলে দ্রুত প্রতিক্রিয়া প্রয়োজন এমন সেবার জন্য ডেটা সেন্টারকে জনবহুল ও ব্যবসায়িক কেন্দ্রগুলোর কাছাকাছি রাখতে হয়। চীনের বড় জনসংখ্যা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের বড় অংশ পূর্বাঞ্চলে কেন্দ্রীভূত। অথচ ওই এলাকাগুলোতেই বিদ্যুতের দাম তুলনামূলক বেশি।
ফলে পশ্চিমাঞ্চলের সস্তা নবায়নযোগ্য বিদ্যুৎ দিয়ে পুরো এআই খাতের চাহিদা মেটানো সম্ভব নয়। কিছু কাজ সেখানে সরানো গেলেও দ্রুত প্রতিক্রিয়া প্রয়োজন এমন সেবার জন্য পূর্বাঞ্চলের ব্যয়বহুল বিদ্যুতের ওপর নির্ভরতা থাকবে।
বিদ্যুৎ উৎপাদন নয়, সরবরাহব্যবস্থাই নির্ধারণ করবে সুবিধা
ডেটা সেন্টার নির্মাণে অনুমোদন, স্থানীয় বিরোধ এবং গ্রিডের সীমাবদ্ধতা—এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন দ্রুত সিদ্ধান্ত নিতে ও বিনিয়োগ সংগঠিত করতে পারে। বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো সম্প্রসারণেও দেশটির সক্ষমতা প্রমাণিত। কিন্তু এই সুবিধাগুলো এখনো এআই প্রতিযোগিতায় চীনকে নির্ণায়ক অবস্থানে নিয়ে যায়নি।
উন্নত চিপের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর হলে বিকল্প সক্ষমতা হিসেবে বিদ্যুতের গুরুত্ব বাড়বে। কিন্তু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিসংখ্যান দিয়ে সেই সুবিধা পরিমাপ করা যাবে না। প্রয়োজন হবে এমন একটি ব্যবস্থা, যেখানে উৎপাদিত বিদ্যুৎ সঠিক স্থানে পৌঁছাবে, প্রতিযোগিতামূলক দামে পাওয়া যাবে এবং এআইয়ের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারবে।
চীনের সামনে এখন তাই বড় চ্যালেঞ্জ শুধু আরও বিদ্যুৎ উৎপাদন নয়; বরং বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বাজারব্যবস্থা ও ডেটা সেন্টারের অবস্থানকে একই পরিকল্পনার অধীনে কার্যকরভাবে যুক্ত করা। এই সমন্বয় যত দিন না হচ্ছে, তত দিন বিপুল বিদ্যুৎ উৎপাদনক্ষমতা এআই প্রতিযোগিতায় সম্ভাব্য সুবিধা হয়েই থাকবে—নির্ণায়ক শক্তি হয়ে উঠবে না।












