গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ এবং মহাসড়কে গাছ ফেলে অবরোধের ঘটনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচলকারী ২০টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
তবে বিকল্প হিসেবে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে আগের পথে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে এই রুটে বাস চলাচল চালু হয়। পরিবহন মালিক ও শ্রমিকদের বক্তব্য, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত গোপালগঞ্জ হয়ে বাস চালিয়ে তাঁরা ঝুঁকি নিতে চান না।
যেসব রুটে বাস চলাচল বন্ধ
বাস চলাচল বন্ধ থাকা ২০টি রুটের মধ্যে রয়েছে খুলনা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, টেকেরহাট, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার। এ ছাড়া বাগেরহাট-ঢাকা, সাতক্ষীরা-ঢাকা, যশোর-ঢাকা, বেনাপোল-শরীয়তপুর, মাগুরা-বরিশাল, যশোর-বরিশাল, কুষ্টিয়া-বরিশাল, ঢাকা-বরিশাল এবং রাজশাহী-বরিশাল রুটেও বাস চলছে না।
পরিবহন মালিকদের ভাষ্য, গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। বুধবার দুপুরে কয়েকটি বাস ভাঙচুর এবং যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এরপর যাত্রী ও পরিবহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের বৈঠক, বিকল্প পথে বাস চালু
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বাস মালিক ও মোটর শ্রমিকদের নিয়ে জরুরি বৈঠক হয়। এতে জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি এবং কেডিএর চেয়ারম্যান শফিকুল আলম মনা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে বাস চলাচল চালুর আহ্বান জানানো হয় এবং নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। তবে বাস মালিক ও শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে রাজি হননি। পরে যশোর-আরিচা হয়ে আগের পথে বাস চালানোর প্রস্তাব দেওয়া হয়। রুট পারমিট নিয়ে কোনো জটিলতা হবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।
এরপর বৃহস্পতিবার বেলা ২টা থেকে খুলনা-যশোর-আরিচা পথে বাস চলাচল শুরু হয়। তবে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ২০টি রুটে বাস চলাচল বন্ধই রয়েছে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে বাস চালানোর আহ্বান জানানো হয়েছে। বাস মালিক ও শ্রমিকেরা রুট পারমিটের বিষয়টি তুললে জেলা প্রশাসক তা সমাধানের আশ্বাস দেন।
ট্রেন চলাচলেও পরিবর্তন
বাসের পাশাপাশি রেল চলাচলেও নিরাপত্তাজনিত পরিবর্তন আনা হয়েছে। খুলনা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ আন্তনগর ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. জাকির হোসেন জানান, ১৯ নভেম্বর ভোরে জাহানাবাদ আন্তনগর ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে রাতে ঢাকা থেকে খুলনাগামী যাত্রা বাতিল করা হয়। ট্রেনটি দুপুরে ঢাকা থেকে ছেড়ে বেনাপোলে পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি খুলনায় ফিরে আসে।
২০ নভেম্বর ভোরে ট্রেনটির খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এদিকে বরিশালের সঙ্গে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ থাকলেও বাগেরহাট-পিরোজপুর হয়ে বরিশাল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।












