যুক্তরাষ্ট্রে একের পর এক বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় এবং এআইয়ের নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান শন কেয়ার্নক্রসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও উপযুক্ত অভিজ্ঞতার ঘাটতি ছিল কেয়ার্নক্রসের, এমন যুক্তিতেই তাঁকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দায়িত্ব পাচ্ছেন কির্স্টেন ডেভিস
কেয়ার্নক্রসের পরিবর্তে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা কির্স্টেন ডেভিস জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। সাইবার নিরাপত্তা-সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য ডেভিসের প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে বলে হোয়াইট হাউসের সূত্রটি জানিয়েছে। পাশাপাশি তিনি সিনেটের অনুমোদনপ্রাপ্ত কর্মকর্তা। ফলে জাতীয় সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে তাঁর অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডেভিসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে ডেভিসের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি।
প্রযুক্তিগত বিপর্যয়ে বাড়ছে উদ্বেগ
সাম্প্রতিক দিন ও সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এসব সমস্যার কারণে বিমান ও অন্যান্য পরিবহন চলাচল, যোগাযোগ এবং অনলাইন বাণিজ্য কার্যক্রম ব্যাহত হয়েছে। বিপুলসংখ্যক ব্যবহারকারী এসব সমস্যার মুখে পড়েছেন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব প্রযুক্তিগত বিপর্যয়ের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কেও। জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত এমন একটি ব্যবস্থায় বিঘ্ন ঘটায় যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা অবকাঠামোর সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এর পাশাপাশি এআইয়ের দ্রুত বিস্তার নতুন ধরনের সাইবার হুমকি তৈরি করতে পারে, এমন আশঙ্কাও বাড়ছে। ফলে গুরুত্বপূর্ণ সরকারি নেটওয়ার্ক, তথ্যভান্ডার ও যোগাযোগব্যবস্থা সুরক্ষিত রাখার বিষয়টি ওয়াশিংটনের নীতিনির্ধারকদের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ট্রাম্প প্রশাসনে কেয়ার্নক্রসের ভূমিকা
শন কেয়ার্নক্রস এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৬ সালের নির্বাচনী কার্যক্রমে রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি।
তবে সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয় এবং সাইবার নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে তাঁর বিদায় জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় নেতৃত্ব ও দক্ষতার প্রশ্নটিকে সামনে নিয়ে এসেছে।












