যুক্তরাজ্যে কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা তরুণদের নতুন করে কাজ, প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগের আওতায় আনতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছেন দেশটির সাবেক মন্ত্রী অ্যালান মিলবার্ন। তাঁর প্রস্তাবে তরুণদের জন্য বিশেষ কর্মসংস্থান সহায়তা কেন্দ্র, ব্যক্তিগত কর্মপরিকল্পনা, বেতনভুক্ত চাকরি, শিক্ষানবিশ প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। লক্ষ্য হলো, যারা চাকরি করছেন না, পড়াশোনায় নেই কিংবা কোনো প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নন, তাঁদের আবার কর্মজীবনে ফিরিয়ে আনা।
যুক্তরাজ্যে এ ধরনের তরুণদের বলা হয় ‘নিট’ (NEET)। অর্থাৎ যারা কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণ—কোনোটির সঙ্গেই যুক্ত নন। দেশটিতে এই জনগোষ্ঠীর সংখ্যা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে মিলবার্ন তাঁর সাম্প্রতিক পর্যালোচনায় তরুণদের কর্মসংস্থানে ফেরাতে বিদ্যমান ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
তাঁর মতে, সমস্যাটি সমাধানে বিচ্ছিন্ন কিছু উদ্যোগ যথেষ্ট নয়। বরং কর্মসংস্থান, শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তাকে একই কাঠামোর মধ্যে আনতে হবে।
২০২৭ সাল থেকে চালু হতে পারে নতুন যুব কর্মসংস্থান সেবা
মিলবার্নের প্রস্তাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন একটি ‘ইয়ুথ অপরচুনিটি সার্ভিস’ বা যুব সুযোগসেবা। স্থানীয় পর্যায়ে এই সেবা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি এলাকার তরুণদের সমস্যা, প্রয়োজন ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় নিয়ে আলাদা কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
এই ব্যবস্থায় প্রত্যেক তরুণের জন্য একজন নির্দিষ্ট পরামর্শক থাকবেন। তিনি সংশ্লিষ্ট তরুণের শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের পরিস্থিতি মূল্যায়ন করে ব্যক্তিগত পরিকল্পনা তৈরি করবেন।
প্রস্তাব অনুযায়ী, কোনো তরুণ এই সেবার আওতায় আসার ১৪ দিনের মধ্যে তাঁর নির্ধারিত পরামর্শকের সঙ্গে সাক্ষাৎ হবে। এরপর চার সপ্তাহের মধ্যে তৈরি করা হবে ব্যক্তিগত অংশগ্রহণ পরিকল্পনা। এতে তরুণটির কী ধরনের সহায়তা প্রয়োজন, কোন প্রশিক্ষণ বা কাজের সুযোগ দেওয়া হবে এবং সংশ্লিষ্ট সেবাগুলো কীভাবে দায়িত্ব পালন করবে, তা উল্লেখ থাকবে।
কর্মসংস্থানের অংশ হিসেবে সর্বোচ্চ ১২ সপ্তাহের কর্মক্ষেত্রভিত্তিক অভিজ্ঞতা, পরিকল্পিত স্বেচ্ছাসেবামূলক কাজ এবং নিজস্ব ব্যবসা শুরু করার সহায়তা দেওয়ার প্রস্তাব রয়েছে।
এরপরও যারা সহায়তা গ্রহণের পর কর্মসংস্থানে ফিরতে পারবেন না, তাঁদের জন্য সরকারের অর্থায়নে ছয় মাসের বেতনভুক্ত চাকরির ব্যবস্থা করার সুপারিশ করেছেন মিলবার্ন।
২০২৭ সাল থেকে স্থানীয় পর্যায়ে এই সেবা গড়ে তোলার কাজ শুরু করতে চান তিনি। ২০২৯ সালের শেষ নাগাদ পুরো দেশে এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুরুত্ব পাবে কারিগরি শিক্ষা
তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে উচ্চতর ও কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানোর ওপরও জোর দিয়েছেন মিলবার্ন।
১৮ থেকে ২৪ বছর বয়সীদের জন্য কলেজভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপক সম্প্রসারণ চান তিনি। একই সঙ্গে শিক্ষানবিশ প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
আগামী ১০ বছরে শিক্ষানবিশ প্রশিক্ষণ সম্পন্ন করা তরুণদের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে তাঁর পরিকল্পনায়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষানবিশ প্রশিক্ষণকেও স্কুল শেষ করা তরুণদের জন্য সমান আকর্ষণীয় বিকল্প হিসেবে গড়ে তুলতে চান তিনি।
এ ছাড়া কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন এবং শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে কলেজগুলোকে নতুন অর্থায়ন দেওয়ার প্রস্তাব রয়েছে। শুরুতে ১৬ ও ১৭ বছর বয়সী কর্মহীন কিংবা কর্মসংস্থান ও শিক্ষা থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে থাকা তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে নতুন কারিগরি কলেজ ও বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কথাও বলা হয়েছে।
প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে ২০২৮ সালের মধ্যে তরুণদের জন্য মানসম্মত উচ্চতর শিক্ষা ও শিক্ষানবিশ প্রশিক্ষণের সুযোগ বাড়বে বলে আশা করছেন মিলবার্ন। তাঁর দীর্ঘমেয়াদি লক্ষ্য, ২০৩৬ সালের মধ্যে প্রতিটি বয়সভিত্তিক শিক্ষার্থী দলের অন্তত ৩৫ শতাংশের ২৫ বছর বয়সের আগেই মানসম্মত শিক্ষানবিশ প্রশিক্ষণ শুরু করা।
মানসিক স্বাস্থ্যসেবায় দ্রুত প্রবেশাধিকার
কর্মসংস্থান থেকে তরুণদের দূরে সরিয়ে দেওয়ার পেছনে মানসিক স্বাস্থ্য সমস্যাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন মিলবার্ন।
তাঁর প্রস্তাবে কর্মহীন তরুণদের জন্য তিন মাসের মধ্যে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর মধ্যে থাকবে কাউন্সেলিং, মনোচিকিৎসা এবং কর্মজীবনে ফিরে আসার উপযোগী পুনর্বাসন সহায়তা।
এই সেবাগুলো স্থানীয় যুব সুযোগসেবার ব্যক্তিগত কর্মপরিকল্পনার অংশ হবে।
বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডিজিটাল মানসিক স্বাস্থ্যসেবার ওপর। মিলবার্ন চান, কোনো আনুষ্ঠানিক রোগনির্ণয়ের অপেক্ষা না করেই তরুণেরা অনলাইনে মানসিক স্বাস্থ্য সহায়তা নিতে পারবেন।
এ ছাড়া চিকিৎসকদের কাছ থেকে দেওয়া কর্মক্ষমতা-সংক্রান্ত সনদের ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে সাধারণ চিকিৎসকেরা এ ধরনের সনদ দিয়ে থাকেন। মিলবার্ন চান, এ দায়িত্ব কমিউনিটিভিত্তিক কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা দলের হাতে দেওয়া হোক।
তাঁর যুক্তি, এ ধরনের সনদ যেন শুধু কাজে অনুপস্থিত থাকার অনুমতিপত্র না হয়ে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সূচনা হিসেবে কাজ করে।
তরুণদের নিয়োগে প্রতিষ্ঠানগুলোকে আর্থিক প্রণোদনা
কর্মসংস্থানের বাজারে প্রতিযোগিতা বাড়ায় তরুণদের প্রথম চাকরি পাওয়া কঠিন হয়ে উঠছে। অনেক ক্ষেত্রে চাকরির আবেদন করেও নিয়োগদাতাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় না।
এই পরিস্থিতি পরিবর্তনে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মিলবার্ন।
তাঁর মতে, প্রতিষ্ঠানগুলোকে তরুণদের জন্য প্রকৃত কর্মসংস্থানের সুযোগ, শিক্ষানবিশ পদ এবং অর্থবহ কর্ম-অভিজ্ঞতা তৈরিতে এগিয়ে আসতে হবে। বড় প্রতিষ্ঠানগুলোকে চাকরির আবেদন প্রত্যাখ্যাত হওয়া প্রার্থীদেরও যথাযথভাবে সাড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এ জন্য আর্থিক প্রণোদনার প্রস্তাবও রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, অন্তত ছয় মাস ধরে কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণের বাইরে থাকা কাউকে নিয়োগ দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩ হাজার পাউন্ড দেওয়া হবে। নিয়োগদাতা ছোট ব্যবসাপ্রতিষ্ঠান হলে অতিরিক্ত ২ হাজার পাউন্ড পাওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া যেসব তরুণের কর্মসংস্থানে প্রবেশের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, যেমন পরিচর্যাকেন্দ্র থেকে বেরিয়ে আসা তরুণ কিংবা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিলে আরও ২ হাজার পাউন্ড দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
২০২৭ সাল থেকে বিদ্যমান ‘ইয়ুথ জবস গ্রান্ট’ কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে এই প্রণোদনা চালুর পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা বাস্তবায়নে কতটা সময় লাগবে?
মিলবার্নের প্রস্তাবগুলো এখনই কার্যকর হচ্ছে না। প্রতিটি সুপারিশ বাস্তবায়নের আগে সরকারের অনুমোদন, অর্থায়ন এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
পরিকল্পনাটির মূল লক্ষ্য ২০২৭ সাল থেকে ধাপে ধাপে সংস্কার শুরু করে ২০২৯ সালের মধ্যে নতুন যুব কর্মসংস্থান সেবা সারা দেশে চালু করা। তবে এর পূর্ণ সুফল পেতে আরও সময় লাগতে পারে।
প্রস্তাবগুলো মূলত ইংল্যান্ডকে কেন্দ্র করে তৈরি হলেও স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডেও স্থানীয় বাস্তবতা অনুযায়ী প্রয়োগ করা সম্ভব বলে জানিয়েছেন মিলবার্ন।
তাঁর পরিকল্পনার মূল বার্তা হলো, তরুণদের কর্মহীনতাকে শুধু চাকরির অভাব হিসেবে দেখলে চলবে না। শিক্ষা থেকে ঝরে পড়া, দক্ষতার ঘাটতি, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং নিয়োগপ্রক্রিয়ার বাধাগুলোও একসঙ্গে মোকাবিলা করতে হবে।












