বিশ্বের গাড়ি নির্মাতাদের কাছে আবারও আকর্ষণীয় হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের বাজার। চীন ও ইউরোপে তীব্র প্রতিযোগিতা, বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনা কোম্পানিগুলোর দ্রুত উত্থান এবং বৈশ্বিক বিক্রিতে চাপের কারণে জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের গাড়ি নির্মাতারা যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এই প্রবণতাকে ত্বরান্বিত করলেও এর পেছনে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কারণ।
সম্প্রতি জাপানের হোন্ডা যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি কারখানা স্থাপনে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। অন্যদিকে জার্মান গাড়ি নির্মাতা অডি জর্জিয়ায় ৪০০ কোটি ডলারের একটি কারখানা স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গেরনট ডলনার ট্রাম্পের সঙ্গে নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়ে এ বিনিয়োগের কথা ঘোষণা করেন।
তবে শুধু হোন্ডা ও অডি নয়, গত এক বছর ধরে হুন্দাই, টয়োটা ও মার্সিডিজ-বেঞ্জও যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।
শুল্ক এড়াতে স্থানীয় উৎপাদনের কৌশল
যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ির ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ বিদেশি কোম্পানিগুলোকে স্থানীয় উৎপাদনের দিকে ঠেলে দিচ্ছে। আমদানি শুল্কের বাড়তি ব্যয় এড়াতে যুক্তরাষ্ট্রের ভেতরেই কারখানা স্থাপনকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছে তারা।
অডির ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানির জন্য প্রায় ১৪০ কোটি ডলার শুল্ক পরিশোধ করেছে। নতুন কারখানা স্থাপনের মাধ্যমে এই ব্যয় কমানোর পাশাপাশি মার্কিন সরকারের সঙ্গে আমদানি শুল্কে ছাড় নিয়ে আলোচনার সুযোগও তৈরি করতে চায় কোম্পানিটি।
অডির প্রধান নির্বাহী ডলনারের মতে, যুক্তরাষ্ট্রে উৎপাদন ব্যবস্থা গড়ে তুললে স্থানীয় ক্রেতাদের আরও কাছে পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে এবং বৈশ্বিক ব্যবসা আরও স্থিতিশীল হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান মুক্তবাণিজ্য চুক্তি ইউএসএমসিএ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এত দিন কম উৎপাদন ব্যয়ের কারণে মেক্সিকোর কারখানায় গাড়ি তৈরি করে যুক্তরাষ্ট্রে সরবরাহ করত অনেক কোম্পানি। কিন্তু ভবিষ্যতে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত না থাকায় এই ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে চাইছে তারা।
চীনের বাজারে চাপ, ইউরোপেও কঠিন প্রতিযোগিতা
যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পেছনে ট্রাম্পের নীতির বাইরেও বড় কারণ রয়েছে বৈশ্বিক গাড়ি বাজারের পরিবর্তন।
চীনে স্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের দ্রুত উত্থানে বিদেশি কোম্পানিগুলো বাজার হারাচ্ছে। বিশেষ করে চীনা প্রতিষ্ঠানগুলোর কম দামের, প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়েছে।
ইউরোপেও গাড়ির বাজার খুব একটা সম্প্রসারিত হচ্ছে না। সেখানে তীব্র প্রতিযোগিতা এবং বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের বাড়তি চাপ কোম্পানিগুলোর মুনাফায় প্রভাব ফেলছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বড় ও তুলনামূলক লাভজনক বাজার বিদেশি নির্মাতাদের কাছে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্টেলান্টিসও উত্তর আমেরিকায় বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপে ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখে থাকা প্রতিষ্ঠানটি পাঁচ বছরের বিনিয়োগ পরিকল্পনায় নিজস্ব ব্র্যান্ডগুলোর জন্য বরাদ্দ ৩ হাজার ৬০০ কোটি ইউরোর ৬০ শতাংশ উত্তর আমেরিকায় ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।
বৈদ্যুতিক গাড়ির পরিবর্তে হাইব্রিড ও জ্বালানিচালিত গাড়ির সুযোগ
যুক্তরাষ্ট্রের গাড়ি বাজারের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় সেখানে বৈদ্যুতিক গাড়ির প্রসার ধীর হওয়ার সম্ভাবনা।
ট্রাম্প প্রশাসন বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি প্রত্যাহার এবং পরিবেশগত নির্গমনসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। এতে প্রচলিত জ্বালানিচালিত গাড়ি উৎপাদন ও বিক্রির সুযোগ দীর্ঘায়িত হচ্ছে।
ব্লুমবার্গএনইএফের পূর্বাভাসেও এই পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। প্রতিষ্ঠানটি আগে ধারণা করেছিল, ২০৩০ সালে যুক্তরাষ্ট্রে মোট গাড়ি বিক্রির ৪৮ শতাংশ হবে বৈদ্যুতিক গাড়ি। এখন সেই পূর্বাভাস কমিয়ে ১৭ শতাংশে নামানো হয়েছে।
এটি বিদেশি গাড়ি নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে। কারণ বিশ্বের অন্যান্য বাজারে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়ানোর চাপ থাকলেও যুক্তরাষ্ট্রে তারা তুলনামূলক বেশি সময় ধরে লাভজনক জ্বালানিচালিত গাড়ি বিক্রি করতে পারবে।
একই সঙ্গে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় হাইব্রিড গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। প্রচলিত পেট্রলচালিত গাড়ির তুলনায় এসব গাড়িতে বেশি মুনাফার সুযোগ রয়েছে। হাইব্রিড প্রযুক্তিতে জাপানের টয়োটা ও দক্ষিণ কোরিয়ার হুন্দাইয়ের শক্তিশালী অবস্থান তাদের বাড়তি সুবিধা দিচ্ছে।
বিনিয়োগ প্রতিষ্ঠান বার্নস্টেইনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে হাইব্রিড গাড়ির বিক্রি বছরে গড়ে ৬ শতাংশ হারে বাড়তে পারে। সামগ্রিক গাড়ি বাজারের প্রবৃদ্ধির তুলনায় এই হার অনেক বেশি।
যুক্তরাষ্ট্রের বাজারে সুযোগ, তবে ঝুঁকিও রয়েছে
বিদেশি গাড়ি নির্মাতাদের জন্য যুক্তরাষ্ট্রের বাজার আকর্ষণীয় হওয়ার আরেকটি কারণ হলো উচ্চমূল্যের বিলাসবহুল গাড়ির বড় ক্রেতাগোষ্ঠী। এ ধরনের গাড়িতে সাধারণত মুনাফার হার বেশি থাকে। অডির মতো প্রিমিয়াম ব্র্যান্ডের জন্য তাই যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো বিশেষভাবে লাভজনক হতে পারে।
এ ছাড়া চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর যুক্তরাষ্ট্রে জো বাইডেন প্রশাসনের সময় আরোপিত ১০০ শতাংশ শুল্ক দেশটির বাজারে চীনা প্রতিযোগীদের প্রবেশ কঠিন করে রেখেছে।
তবে যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত নির্ভরতা বিদেশি কোম্পানিগুলোর জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিজেদের আংশিকভাবে সরিয়ে নিলে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎপাদনের মান উন্নয়নে আত্মতুষ্টি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের নিজস্ব গাড়ি নির্মাতারাও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। সুরক্ষাবাদী নীতির আড়ালে তারা তুলনামূলক নিম্নমানের ও ব্যয়বহুল গাড়ি তৈরি করতে থাকে। পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়লে সেই দুর্বলতার মূল্য দিতে হয়।
বিদেশি কোম্পানিগুলোর জন্যও একই ধরনের বিপদ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগ বাড়ানো তাদের জন্য তাৎক্ষণিকভাবে লাভজনক হলেও বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে দীর্ঘমেয়াদে সেই সুবিধা টেকসই নাও হতে পারে।
সব মিলিয়ে, ট্রাম্পের শুল্কনীতি বিদেশি গাড়ি নির্মাতাদের যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা হলেও এটিই একমাত্র কারণ নয়। চীনে বাজার হারানো, ইউরোপে প্রতিযোগিতার চাপ, যুক্তরাষ্ট্রের ক্রয়ক্ষমতাসম্পন্ন বড় বাজার এবং হাইব্রিড ও বিলাসবহুল গাড়ির মুনাফার সম্ভাবনা—সব মিলিয়েই দেশটিকে নতুন বিনিয়োগের কেন্দ্রে পরিণত করছে।












