একসময় লেখক হিসেবে যে জনপ্রিয়তা ও মর্যাদা অর্জন করেছিলেন মারিয়া এজওয়ার্থ, তা অধিকাংশ সাহিত্যিকের কাছে ছিল স্বপ্নের মতো। লেখালেখি থেকে তাঁর আয় হয়েছিল ১১ হাজার পাউন্ডেরও বেশি। বর্তমান অর্থমূল্যে যার পরিমাণ প্রায় ১৫ লাখ পাউন্ড বা ১৯ লাখ ডলার। সমসাময়িক সাহিত্যিকদের মধ্যে জেন অস্টিনও ছিলেন তাঁর গুণমুগ্ধ। নিজের এক ভাতিজিকে লেখালেখিতে উৎসাহিত করতে গিয়ে অস্টিন বলেছিলেন, উপন্যাসের মধ্যে তিনি মূলত মারিয়া এজওয়ার্থ, নিজের লেখা এবং ওই ভাতিজির লেখাই পছন্দ করবেন।
শুধু সাহিত্যজগতেই নয়, রাজপরিবারেও তাঁর লেখার কদর ছিল। আইরিশ জমিদার ও প্রজাদের সম্পর্ক নিয়ে লেখা তাঁর উপন্যাস ক্যাসল র্যাকরেন্ট পড়ে তৎকালীন ব্রিটিশ রাজা তৃতীয় জর্জ নাকি মন্তব্য করেছিলেন, এবার তিনি তাঁর আইরিশ প্রজাদের সম্পর্কে কিছুটা জানতে পেরেছেন।
অথচ একসময়কার এই খ্যাতিমান সাহিত্যিক আজ প্রায় বিস্মৃত। কেন এমন হলো? সাংবাদিক জিয়ানা স্মিয়ালেকের নতুন বই দ্য ইনভিজিবল হ্যান্ড অব মারিয়া এজওয়ার্থ সেই প্রশ্নের উত্তর খুঁজেছে। বইটি প্রকাশ করেছে নফ। ৩০৪ পৃষ্ঠার এই বইয়ের যুক্তরাষ্ট্রে মূল্য ৩২ ডলার। আগামী মার্চে যুক্তরাজ্যে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
সাহিত্যের আড়ালে অর্থনীতির চিন্তা
মারিয়া এজওয়ার্থকে নিয়ে স্মিয়ালেকের আগ্রহ তৈরি হয় একটি বইয়ে তাঁকে ‘সম্ভবত অর্থনীতি নিয়ে চিন্তা করা প্রথম নারী’ হিসেবে বর্ণনা করতে দেখে। এরপর তিনি এজওয়ার্থের ক্যাসল র্যাকরেন্ট সংগ্রহ করেন। বইটি পড়তে গিয়ে তাঁর বিস্ময় আরও বাড়ে। অ্যাংলো-আইরিশ একটি জমিদার পরিবারের কাহিনির মধ্যে তিনি খুঁজে পান অ্যাডাম স্মিথের বিখ্যাত অর্থনৈতিক গ্রন্থ দ্য ওয়েলথ অব নেশনস-এর সংক্ষিপ্ত প্রতিফলন।
উপন্যাসটির নামের সঙ্গেও অর্থনৈতিক চিন্তার যোগ রয়েছে। অ্যাডাম স্মিথ তাঁর লেখায় ‘র্যাকড রেন্ট’ বা অতিরিক্ত ও শোষণমূলক খাজনার কথা উল্লেখ করেছিলেন। এ ধরনের খাজনা কৃষকদের এতটাই অর্থসংকটে ফেলত যে জমির উন্নয়নে বিনিয়োগ করার সামর্থ্য তাঁদের থাকত না।
এজওয়ার্থের বিভিন্ন সাহিত্যকর্মে অর্থনীতির এমন ধারণা বারবার ফিরে এসেছে। লেটার্স ফর লিটারারি লেডিজ গ্রন্থে তিনি নারীদের শিক্ষিত শ্রেণির বাইরে রাখার বিষয়টিকে বাজারে কৃত্রিম সংকট তৈরির সঙ্গে তুলনা করেছেন। দ্য চেরি অর্চার্ড উপন্যাসে উঠে এসেছে শ্রমবিভাজনের ধারণা। আর এনুই উপন্যাসে তিনি দেখিয়েছেন, মানুষের আচরণ ও সিদ্ধান্তকে প্রণোদনা কীভাবে প্রভাবিত করে।
সাহিত্যের ভাষায় অর্থনৈতিক চিন্তা তুলে ধরার ফলে তিনি তৎকালীন সমাজের কঠোর রীতিনীতি অমান্য না করেই গুরুত্বপূর্ণ বিতর্কে অংশ নিতে পেরেছিলেন। অর্থনীতি, নারীশিক্ষা ও সামাজিক বৈষম্যের মতো বিষয়কে তিনি গল্পের কাঠামোর মধ্যে নিয়ে এসেছিলেন।
বাস্তব অভিজ্ঞতা থেকে অর্থনৈতিক উপলব্ধি
অল্প বয়স থেকেই এজওয়ার্থ অ্যাডাম স্মিথ ও জ্যঁ-জাক রুশোর লেখা পড়তেন। মাত্র ১৪ বছর বয়সে তাঁর বাবা তাঁকে আয়ারল্যান্ডে পরিবারের জমিদারি পরিচালনার কাজে যুক্ত করেন। ফলে অর্থনৈতিক তত্ত্ব শুধু বইয়ের পাতায় নয়, বাস্তব জীবনেও কীভাবে কাজ করে, তা পর্যবেক্ষণের সুযোগ পান তিনি।
এজওয়ার্থ পরিবারের জমিদারিতে বেশ কিছু সংস্কার চালু করা হয়েছিল। শ্রমিকদের তুলনামূলক বেশি মজুরি দেওয়া, বিনা পারিশ্রমিকের বাধ্যতামূলক কাজ বন্ধ করা, জমির ইজারাব্যবস্থা পুনর্গঠন এবং শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া ছিল এসব সংস্কারের অংশ।
পরবর্তী সময়ে লন্ডনে গিয়ে অর্থনীতিবিদ টমাস ম্যালথাস ও ডেভিড রিকার্ডোর সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। চিঠিপত্রের মাধ্যমে মুক্তবাণিজ্যের সীমাবদ্ধতা ও অর্থনীতির বিভিন্ন তাত্ত্বিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিতর্ক চলত।
স্মিয়ালেক তাঁর বইয়ে উনিশ শতকের এই চিন্তাবিদদের জগৎকে জীবন্ত করে তুলেছেন। পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনের কিছু অজানা দিকও তুলে ধরেছেন। যেমন, ডেভিড রিকার্ডো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিব্রতকর ভঙ্গিতে নাচতেন।
তবে ইতিহাসের একটি বিষয় বিশেষভাবে ভাবায়। ১৮২২ সালে রিকার্ডো সতর্ক করেছিলেন, আয়ারল্যান্ডের মতো একটি দেশের জন্য এমন একটি সস্তা ফসলের ওপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ নয়, যার উৎপাদন সহজেই ব্যাহত হতে পারে। এর প্রায় ২০ বছর পর আয়ারল্যান্ডে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। রিকার্ডোর সেই সতর্কবার্তা পরবর্তী ইতিহাসের আলোকে বিশেষ তাৎপর্য বহন করে।
অর্থনীতি বিজ্ঞান হয়ে ওঠায় হারিয়ে গেলেন এজওয়ার্থ
অর্থনৈতিক চিন্তার জনপ্রিয়তা বাড়াতে এবং এর প্রাথমিক তত্ত্বগুলোর বিকাশে এজওয়ার্থের অবদান থাকা সত্ত্বেও কেন তাঁকে ভুলে যাওয়া হলো?
স্মিয়ালেকের ব্যাখ্যা, উনিশ শতকের শেষভাগে অর্থনীতি ক্রমেই বেশি কারিগরি ও গাণিতিক শাস্ত্রে পরিণত হতে থাকে। সাহিত্য ও দর্শনের মাধ্যমে অর্থনৈতিক চিন্তায় অবদান রাখার বিষয়টি তখন কম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
স্মিয়ালেক লিখেছেন, মূলধারার অর্থনীতি নিজেকে একটি বিজ্ঞানের রূপ দিতে শুরু করেছিল। অর্থনীতিবিদেরা পদার্থবিজ্ঞানের মতোই এমন কিছু নিয়ম ও নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেগুলো সব সময় এবং সব জায়গায় সমানভাবে কার্যকর হবে।
একই সময়ে এজওয়ার্থের শিক্ষামূলক ও তত্ত্বনির্ভর সাহিত্যরীতিও জনপ্রিয়তা হারায়। তাঁর কাছে চরিত্রের আবেগ-অনুভূতির চেয়ে তাদের মাধ্যমে কোনো ধারণা বা চিন্তা প্রকাশ করাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। জেন অস্টিন তাঁর বিখ্যাত উপন্যাস এমা-র একটি প্রাথমিক কপি পাঠালেও এজওয়ার্থ সেটিকে বিশেষ পছন্দ করেননি।
স্মিয়ালেকের মতে, অর্থনীতি যখন গণিত ও যুক্তির জগতে প্রবেশ করছিল, সাহিত্য তখন আবেগ ও সহমর্মিতার দিকে ঝুঁকছিল। এই দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে থাকা মারিয়া এজওয়ার্থের জন্য কোনো জায়গাই আর অবশিষ্ট থাকেনি।
তবে দ্য ইনভিজিবল হ্যান্ড অব মারিয়া এজওয়ার্থ বইটি সেই বিস্মৃত অবদান নতুন করে সামনে এনেছে। এটি মনে করিয়ে দেয়, অর্থনীতির ইতিহাস কেবল তত্ত্ব, সমীকরণ ও পরিসংখ্যানের ইতিহাস নয়। সাহিত্য, সমাজ পর্যবেক্ষণ এবং মানুষের দৈনন্দিন জীবন থেকেও অর্থনৈতিক চিন্তার জন্ম হতে পারে।












