ইরানে শুরু হয়েছে ৩৪তম জাতীয় বই সপ্তাহ। বই পড়ার অভ্যাস বাড়ানো, প্রকাশনা শিল্পের চ্যালেঞ্জ তুলে ধরা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ২৩ নভেম্বর থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই আয়োজন। এবারের কর্মসূচির বিশেষ দিক হলো, মোট বরাদ্দের ৭০ শতাংশ প্রদেশগুলোর জন্য রাখা হয়েছে। রাজধানী তেহরানের বাইরে বই ও পাঠাভ্যাসকে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইরানের বই সংবাদ সংস্থা ইবনার প্রতিবেদন অনুযায়ী, দেশটির সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উপবিভাগ এবং হাউস অব বুক অ্যান্ড লিটারেচার ইরানের সমন্বয়ে আয়োজনটি পরিচালিত হচ্ছে। এতে দেশের বিভিন্ন প্রদেশ, সাংস্কৃতিক সংগঠন, প্রকাশনা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সংস্থা অংশ নিচ্ছে।
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘বইয়ের সঙ্গে কথা বলি’।
বইয়ের সঙ্গে সংলাপ, সমাজের সঙ্গে সংযোগ
আয়োজকদের মতে, ‘বইয়ের সঙ্গে কথা বলি’ স্লোগানটির তিনটি তাৎপর্য রয়েছে। প্রথমত, একজন পাঠকের সঙ্গে বইয়ের ব্যক্তিগত সংলাপ। দ্বিতীয়ত, বইকে কেন্দ্র করে মানুষের পারস্পরিক আলোচনা। তৃতীয়ত, বইয়ের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও বাস্তবতা নিয়ে সম্মিলিত চিন্তাভাবনা।
সপ্তাহটির নীতিনির্ধারণী বৈঠকে আয়োজকরা জানিয়েছেন, এবার সরকারি প্রতিষ্ঠানগুলো সরাসরি সব কর্মসূচি বাস্তবায়নের পরিবর্তে নীতিনির্ধারণ, সমন্বয় ও সহযোগিতায় বেশি গুরুত্ব দেবে। প্রকাশনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত সংগঠন, সমিতি এবং বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকে কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে।
আয়োজনের প্রধান সমন্বয়ক ইব্রাহিম হায়দারি বলেন, সারা বছর বই ও প্রকাশনা নিয়ে কাজ করা সংগঠনগুলোর সক্ষমতা কাজে লাগানোই এবার অন্যতম লক্ষ্য। সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় সহযোগিতা ও পরিবেশ নিশ্চিত করবে।
বাজেটের ৭০ শতাংশ প্রদেশের জন্য
এবারের বই সপ্তাহে সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলোর একটি হলো প্রাদেশিক পর্যায়ে অর্থ বরাদ্দ বৃদ্ধি। মোট বাজেটের ৭০ শতাংশই বিভিন্ন প্রদেশের কর্মসূচির জন্য নির্ধারণ করা হয়েছে।
ইব্রাহিম হায়দারি জানান, প্রদেশগুলোর জন্য বরাদ্দ অর্থের অর্ধেক কর্মসূচি শুরুর আগেই দেওয়া হবে। বাকি অর্ধেক দেওয়া হবে কর্মসূচি বাস্তবায়নের প্রতিবেদন ও মূল্যায়নের ভিত্তিতে। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে অনুষ্ঠান আয়োজন এবং বরাদ্দের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ।
তেহরানে ৭০টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবারের বই সপ্তাহের সঙ্গে যুক্ত হয়েছে।
বইয়ের দোকানে বিশেষ ছাড় ও অনলাইন বিক্রি
বই সপ্তাহের অন্যতম বড় কর্মসূচি হলো ‘বাজারে কেতাব’ নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বইয়ের দোকানগুলোর সরাসরি ও অনলাইন বিক্রয় কার্যক্রম। ২৩ নভেম্বর শুরু হওয়া এ উদ্যোগ চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
অংশগ্রহণকারী বইয়ের দোকানগুলোতে বিশেষ বিক্রয় কার্যক্রমের পাশাপাশি পাঠকদের জন্য বই কেনার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে ভর্তুকি ও আর্থিক সহায়তাও রাখা হয়েছে।
দেশজুড়ে বই, গবেষণা ও সাংস্কৃতিক আয়োজন
এবারের বই সপ্তাহে বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব কর্মসূচি সাজিয়েছে। এর মধ্যে রয়েছে নতুন বই প্রকাশ ও মোড়ক উন্মোচন, আলোচনা, সাহিত্য সমালোচনা, গবেষণা সম্মেলন, বইমেলা এবং পাঠাভ্যাসবিষয়ক কর্মশালা।
তেহরান বিশ্ববিদ্যালয়, আলজাহরা বিশ্ববিদ্যালয়, সংসদীয় গ্রন্থাগার এবং সাংস্কৃতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো নতুন বই প্রকাশ ও গবেষণাভিত্তিক আলোচনার আয়োজন করছে। সম্পাদনা ও প্রকাশনা বিষয়ে বিশেষ কর্মশালাও অনুষ্ঠিত হচ্ছে।
এ ছাড়া শিশু-কিশোরদের বই পড়ায় উৎসাহিত করতে লেখকদের সঙ্গে সাক্ষাৎ, গল্পপাঠ, কবিতা পাঠ এবং বিদ্যালয়ভিত্তিক পাঠ কার্যক্রম রাখা হয়েছে।
ইরানের কৃষি গবেষণা ও সম্প্রসারণ সংস্থা কৃষি ও প্রাকৃতিক সম্পদবিষয়ক বিশেষ গ্রন্থাগারের নতুন পাঠকক্ষ উদ্বোধন এবং অষ্টম জাতীয় কৃষিবিষয়ক বই পুরস্কারের আয়োজন করছে।
৩৪টি ভ্রাম্যমাণ গ্রন্থাগার চালুর উদ্যোগ
জাতীয় গ্রন্থাগার ও পাবলিক লাইব্রেরি নেটওয়ার্কের কর্মসূচির মধ্যে রয়েছে ৩৪টি ভ্রাম্যমাণ গ্রন্থাগার উদ্বোধন। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে নতুন গ্রন্থাগার চালু, বই উপহার কর্মসূচি এবং পাঠকদের জন্য বিলম্ব ফি ৯০ শতাংশ পর্যন্ত মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলের মানুষ, শ্রমিক ও তাঁদের পরিবারের কাছে বই পৌঁছে দিতে বিশেষ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। শিল্পপ্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে ছোট গ্রন্থাগার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের কর্মপরিবেশে বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা স্বীকার করছেন, বই সপ্তাহ একাই প্রকাশনা শিল্পের সব সংকট দূর করতে পারবে না। তবে শিল্পের সমস্যা চিহ্নিত করা, পাঠক ও প্রকাশকদের মধ্যে সংযোগ বাড়ানো এবং বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।












