বিশ্বব্যাংকের হিসাবে শ্রীলঙ্কা এখন উচ্চমধ্যম আয়ের দেশ। মাথাপিছু মোট জাতীয় আয় বেড়ে যাওয়ায় গত জুলাইয়ে দেশটিকে নিম্নমধ্যম আয়ের শ্রেণি থেকে এক ধাপ ওপরে উন্নীত করা হয়েছে। কিন্তু এই স্বীকৃতির সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বাস্তবতার মিল নেই। মূল্যস্ফীতি, জ্বালানির বাড়তি দাম এবং আয় কমে যাওয়ায় দেশটির লাখো পরিবার এখনো জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে।
২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর শ্রীলঙ্কার অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও মানুষের ক্রয়ক্ষমতা আগের অবস্থায় ফেরেনি। কাগজে-কলমে আয় বেড়েছে, কিন্তু বাস্তবে অনেক পরিবারের খাবার, যাতায়াত ও সঞ্চয়ের সুযোগ কমেছে।
আয় কমেছে, যাতায়াতেও কাটছাঁট
রাজধানী কলম্বোর ৫৩ বছর বয়সী অটোরিকশাচালক সুসান্থা জয়াবীরা প্রতিদিন সকাল ৭টা থেকে যাত্রী পাওয়ার অপেক্ষায় থাকেন। কিন্তু আগের মতো যাত্রী আর মেলে না। ছোট দূরত্বে অটোরিকশায় যাতায়াতের বদলে অনেকেই এখন হেঁটে বা বাসে চলাচল করছেন।
প্রতি কিলোমিটারে ন্যূনতম ভাড়া ১২০ রুপি হলেও সাধারণ মানুষ এখন এই খরচ করতেও দ্বিধা করছেন। অর্থনৈতিক সংকটের আগে মাসে ১ লাখ ৪০ হাজার রুপির বেশি আয় করতেন জয়াবীরা। এখন তাঁর আয় নেমে এসেছে প্রায় ১ লাখ রুপিতে।
দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ৮ শতাংশে রয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে জ্বালানির দামও কয়েক দফা বেড়েছে। ফলে পরিবহন খাতের ক্ষুদ্র আয়ের মানুষও বাড়তি চাপের মুখে পড়েছেন।
সংসার চলছে, সঞ্চয় হচ্ছে না
শুধু অটোরিকশাচালক নন, নিয়মিত বেতন পাওয়া মধ্যবিত্ত ও কর্মজীবী পরিবারগুলোর অবস্থাও স্বস্তিদায়ক নয়। দুই সন্তান ও বৃদ্ধ মা-বাবার দায়িত্ব পালন করা ইভেন্ট ব্যবস্থাপনা কর্মকর্তা কুশানি জোসেফ মাসে ১ লাখ ৮৫ হাজার রুপি আয় করেন। কিন্তু পাঁচ সদস্যের সংসারের প্রয়োজনীয় খরচ মেটানোর পর তাঁর হাতে সঞ্চয়ের জন্য কিছুই থাকে না।
আগে তাঁদের পরিবারের প্রতিটি খাবারে চার ধরনের সবজি ও মাংসের পদ থাকত। এখন দুই ধরনের সবজি দিয়েই খাবার সারতে হচ্ছে। মাছ বা মুরগি সপ্তাহে বড়জোর দুবার রান্না হয়।
জোসেফের ভাষায়, কাগজে তাঁর আয় ভালো মনে হলেও বাস্তবে মৌলিক প্রয়োজন মেটাতেই পুরো বেতন শেষ হয়ে যায়।
মাথাপিছু আয় বাড়লেও ক্রয়ক্ষমতা ফেরেনি
বিশ্বব্যাংকের শ্রেণিবিন্যাসে উন্নীত হওয়ার পেছনে রয়েছে শ্রীলঙ্কার মাথাপিছু মোট জাতীয় আয় বৃদ্ধি। ২০২৪ সালে দেশটির মাথাপিছু আয় ছিল ৩ হাজার ৮৭০ ডলার। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৭০ ডলারে। উচ্চমধ্যম আয়ের দেশের নির্ধারিত সীমা ৪ হাজার ৬৩৬ ডলারের চেয়ে এই আয় মাত্র ৩৪ ডলার বেশি।
তবে অর্থনীতিবিদদের মতে, এই উন্নীতকরণকে সাধারণ মানুষের জীবনমানের ব্যাপক উন্নতি হিসেবে দেখার সুযোগ নেই। শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের গবেষক আসাঙ্কা উইজেসিংহে জানান, মূল্যস্ফীতি সমন্বয়ের পর ২০২৫ সালে পরিবারের ভোগব্যয় ২০১৯ সালের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ বেশি ছিল। কিন্তু ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে শ্রমজীবী মানুষের প্রকৃত আয় ৪০ শতাংশের বেশি কমে যায়। সেই ক্ষতি এখনো পুরোপুরি কাটেনি।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ইয়াকব এঙ্গেলও বলেছেন, সংকটের সময় দেশটির দারিদ্র্যের হার দ্বিগুণ হয়েছিল। তা এখনো সংকটের আগের পর্যায়ের ওপরে। প্রকৃত মজুরিও ২০১৯ সালের তুলনায় প্রায় ১২ শতাংশ কম।
উন্নীতকরণে তাৎক্ষণিক সুবিধা-অসুবিধা নেই
বাংলাদেশ ও নেপালের মতো জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর সুযোগ শ্রীলঙ্কার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ বিশ্বব্যাংকের আয়ভিত্তিক শ্রেণিবিন্যাস এবং জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া আলাদা।
অর্থনীতিবিদদের মতে, উচ্চমধ্যম আয়ের শ্রেণিতে ওঠায় শ্রীলঙ্কা তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংকের স্বল্পসুদে ঋণ পাওয়ার সুযোগ হারাচ্ছে না। তবে দীর্ঘমেয়াদে রপ্তানিতে এর প্রভাব পড়তে পারে।
বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের বাজারে শ্রীলঙ্কার পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক সুবিধা কমে গেলে পোশাকশিল্পের শুল্ক বাড়তে পারে। দেশটির মোট পণ্য রপ্তানির প্রায় ৩০ শতাংশ যায় এই দুই বাজারে। বর্তমানে শূন্য শুল্কে প্রবেশের সুযোগ থাকলেও ভবিষ্যতে তা বেড়ে প্রায় ১২ শতাংশ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শ্রীলঙ্কার সাধারণ মানুষের কাছে অবশ্য আয় শ্রেণির এই পরিবর্তনের চেয়ে প্রতিদিনের জীবনযাত্রার ব্যয়ই বড় বাস্তবতা। বিশ্বব্যাংকের নতুন স্বীকৃতি মিললেও তাঁদের আয়, খাবার ও সঞ্চয়ের পরিস্থিতিতে এখনো দৃশ্যমান স্বস্তি আসেনি।












