বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
১৪ নভেম্বর হোয়াইট হাউসের পক্ষ থেকে বৈঠকের পরিকল্পনা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে জটিল সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, বৈঠক থেকে বড় কোনো চুক্তি বা তাৎক্ষণিক কূটনৈতিক অগ্রগতি না এলেও এর প্রতীকী গুরুত্ব হবে অনেক বেশি। বিশেষ করে বিশ্ব রাজনীতিতে তিন দেশের অবস্থান, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে আলোচনার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।
আলোচনায় ইরান যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ
বৈঠকে ট্রাম্প শি জিনপিং ও পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে চান। তবে ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনায় তুলবেন না বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা শুরু হওয়া এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে। এর ফলে পাঁচ দশকের বেশি সময় পর প্রথমবারের মতো দুই দেশের পারমাণবিক অস্ত্রভান্ডারের ওপর কার্যকর চুক্তিভিত্তিক সীমাবদ্ধতা আর থাকছে না।
ট্রাম্প নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে চান, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা আনুমানিক ৬০০-এর বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের অস্ত্রভান্ডারে রয়েছে ৫ হাজারের বেশি ওয়ারহেড।
তবে তিন দেশের মধ্যে এ বিষয়ে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।
চীনের কূটনৈতিক অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনা
এই বৈঠনের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে চীনের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে রাশিয়াও বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে।
তবে বৈঠকটি চীনের জন্য কিছুটা কূটনৈতিক অস্বস্তিও তৈরি করতে পারে। কারণ, এপেক সম্মেলনে বেইজিং বহুপক্ষীয় সহযোগিতা ও অবাধ বাণিজ্যের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। অথচ তিন পরাশক্তির মধ্যে সীমিত পরিসরে এমন বৈঠক বহুপক্ষীয় কূটনীতির চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হতে পারে।
এর আগে তিন নেতার মধ্যে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হলেও একসঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক হয়নি।
ইউক্রেনকে বাদ দিয়ে সিদ্ধান্তের আশঙ্কা
বৈঠকটি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, ইউক্রেনকে আলোচনায় অন্তর্ভুক্ত না করেই দেশটির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে ক্রেমলিন এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করার বিরোধিতা করেছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, শেনজেনের বৈঠকে যে সিদ্ধান্তই আসুক না কেন, তা অন্য কোনো দেশের ওপর চাপিয়ে দেওয়া সম্ভব হবে না।
সব মিলিয়ে, শেনজেনে ট্রাম্প, শি ও পুতিনের সম্ভাব্য বৈঠক বিশ্ব কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে অগ্রগতি না এলেও তিন পরাশক্তির সম্পর্ক, ইরান যুদ্ধ এবং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনায় এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।












