রক্ত-মস্তিষ্কের সুরক্ষাপ্রাচীর পেরিয়ে স্নায়ুকোষের সংযোগ রক্ষায় ভূমিকা রাখছে বিশেষ প্রোটিন, ইঁদুরের ওপর গবেষণায় মিলেছে আশাব্যঞ্জক ফল
স্মৃতিশক্তি হারানোর রোগ আলঝেইমারের চিকিৎসায় নতুন সম্ভাবনার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। চমকপ্রদ বিষয় হলো, এই সম্ভাবনার সূত্র পাওয়া গেছে মস্তিষ্কে নয়, লিভারে। গবেষণায় দেখা গেছে, লিভারে তৈরি একটি বিশেষ প্রোটিন রক্ত-মস্তিষ্কের সুরক্ষাপ্রাচীর অতিক্রম করে মস্তিষ্কে পৌঁছাতে পারে। সেখানে এটি স্নায়ুকোষের মধ্যে সংযোগ বজায় রাখতে সহায়তা করে। ইঁদুরের ওপর পরীক্ষায় প্রোটিনটির পরিমাণ বাড়ানোর পর স্মৃতিশক্তি ও চলাচলের পরীক্ষায় উন্নত ফল পাওয়া গেছে।
বিজ্ঞানীদের মতে, মানুষের ক্ষেত্রেও এই ফলাফল নিশ্চিত হলে আলঝেইমার চিকিৎসায় নতুন একটি পথ তৈরি হতে পারে। তবে এখনই এটিকে মানুষের জন্য কার্যকর চিকিৎসা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
১১ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘সেল’-এ প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর গ্ল্যাডস্টোন ইনস্টিটিউট অব নিউরোলজিক্যাল ডিজিজের স্নায়ুবিজ্ঞানী অ্যান্ড্রু ইয়াং ও তাঁর গবেষক দল।
মস্তিষ্কের সুরক্ষাপ্রাচীরের ভেতরের রহস্য
মস্তিষ্ক মানবদেহের নিয়ন্ত্রণকেন্দ্র। একে ক্ষতিকর পদার্থ ও জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করতে কাজ করে রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক বা ব্লাড-ব্রেইন ব্যারিয়ার। মস্তিষ্কের রক্তনালির অভ্যন্তরে থাকা ঘনভাবে সজ্জিত কোষের এই স্তর রক্ত থেকে ক্ষতিকর উপাদান আটকে দেয়। একই সঙ্গে প্রয়োজনীয় অক্সিজেন, গ্লুকোজ ও নির্বাচিত অণুকে মস্তিষ্কে প্রবেশের সুযোগ দেয়।
এটি শুধু প্রবেশ নিয়ন্ত্রণ করে না, মস্তিষ্কে তৈরি হওয়া অপ্রয়োজনীয় বিপাকীয় বর্জ্য রক্তপ্রবাহে ফিরিয়ে দেওয়ার কাজও করে। ফলে মস্তিষ্কের ভেতরের রাসায়নিক পরিবেশ স্থিতিশীল থাকে এবং স্নায়ুকোষ স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
তবে কোন প্রোটিন এই প্রতিবন্ধক অতিক্রম করতে পারে এবং মস্তিষ্কে পৌঁছে কী ভূমিকা রাখে, তা এত দিন স্পষ্ট ছিল না।
৮৬১ প্রোটিনের মধ্যে ৯২টির প্রবেশ
এই রহস্য উন্মোচনে গবেষকেরা ইঁদুরের রক্তে থাকা প্রোটিনের সঙ্গে বিশেষ রাসায়নিক চিহ্ন যুক্ত করেন। পরে মস্তিষ্কের টিস্যু পরীক্ষা করে শনাক্ত করা হয়, কোন প্রোটিন রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক অতিক্রম করতে পেরেছে।
গবেষণায় মোট ৮৬১টি চিহ্নিত প্রোটিনের মধ্যে ৯২টির উপস্থিতি মস্তিষ্কের টিস্যুতে পাওয়া যায়।
গবেষকদের প্রত্যাশার বাইরে গিয়ে দেখা যায়, প্রোটিনের আকার কিংবা বৈদ্যুতিক চার্জ মস্তিষ্কে প্রবেশের ক্ষেত্রে নির্ধারক নয়। এসব প্রোটিনের অধিকাংশই আবার মস্তিষ্কের বাইরে শরীরের অন্যান্য অঙ্গে তৈরি হয়েছিল।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, মস্তিষ্কে প্রবেশের পর প্রোটিনগুলো যত্রতত্র ছড়িয়ে পড়ে না। বরং নির্দিষ্ট ধরনের কোষকে লক্ষ্য করে কাজ করে।
লিভারের প্রোটিন কীভাবে রক্ষা করে স্নায়ুকোষ
গবেষণায় বিশেষ গুরুত্ব পেয়েছে অ্যাপোলিপোপ্রোটিন এ১ বা এপিওএ১ নামের একটি প্রোটিন। এটি প্রধানত লিভারে তৈরি হয়। মস্তিষ্কে প্রবেশের পর প্রোটিনটি অ্যাস্ট্রোসাইট নামের বিশেষ কোষে জমা হতে দেখা যায়।
অ্যাস্ট্রোসাইট মস্তিষ্কের স্নায়ুকোষকে সহায়তা করে এবং তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গবেষকেরা শরীরের বাইরে জীবিত রাখা কোষের ওপর পরীক্ষা চালিয়ে দেখেন, এপিওএ১ অ্যাস্ট্রোসাইটকে কোলেস্টেরল স্নায়ুকোষে পৌঁছে দিতে সহায়তা করে। স্নায়ুকোষগুলোর মধ্যে সংযোগ তৈরি ও তা বজায় রাখতে কোলেস্টেরল প্রয়োজন।
এতে বোঝা যায়, লিভারে তৈরি একটি প্রোটিন মস্তিষ্কে পৌঁছে স্নায়ুকোষগুলোর পারস্পরিক যোগাযোগ সচল রাখতে ভূমিকা রাখতে পারে।
প্রোটিন বাড়িয়ে স্মৃতিশক্তির পরীক্ষায় উন্নতি
গবেষণায় এপিওএ১-এর সঙ্গে এমন একটি জিনের সম্পর্কও পাওয়া গেছে, যার কার্যকারিতা কমে যাওয়ার সঙ্গে আলঝেইমার রোগের ঝুঁকির যোগসূত্র রয়েছে।
প্রাথমিক পর্যায়ের আলঝেইমার-সদৃশ সমস্যা থাকা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে গবেষকেরা দেখেন, তাদের মস্তিষ্কে রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক অতিক্রম করে কম পরিমাণে এপিওএ১ পৌঁছাচ্ছে।
এরপর গবেষকেরা ইঁদুরের লিভারকে জিনগতভাবে পরিবর্তন করে অতিরিক্ত এপিওএ১ উৎপাদনের ব্যবস্থা করেন। এতে মস্তিষ্কে প্রোটিনটির পরিমাণও বেড়ে যায়। পাশাপাশি ইঁদুরগুলোর স্নায়ুকোষের সংযোগের সংখ্যা বৃদ্ধি পায়। চলাচল ও স্মৃতিশক্তি পরীক্ষাতেও তাদের ফল উন্নত হয়।
লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের রোগপ্রতিরোধবিজ্ঞানী এগলে সোলিতোর মতে, মানুষের ক্ষেত্রে এই গবেষণার ফলাফল নিশ্চিত হলে চিকিৎসাবিজ্ঞানে সম্পূর্ণ নতুন একটি ক্ষেত্রের সূচনা হতে পারে।
আলঝেইমার চিকিৎসার ধারণায় নতুন মোড়
আলঝেইমার রোগের সঙ্গে রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধকের সম্পর্ক আগে থেকেই বিজ্ঞানীদের জানা। এ রোগের প্রাথমিক পর্যায়ে অনেক সময় এই প্রতিবন্ধক দুর্বল হয়ে যায়। ফলে ক্ষতিকর প্রোটিন মস্তিষ্কে প্রবেশের সুযোগ পায়।
তবে অ্যান্ড্রু ইয়াংয়ের গবেষণা নতুন একটি বিষয় সামনে এনেছে। শুধু প্রতিবন্ধক দুর্বল হয়ে ক্ষতিকর উপাদান প্রবেশ করাই বিপদের কারণ নয়; প্রতিবন্ধকটি অক্ষত থাকা সত্ত্বেও যদি মস্তিষ্কে প্রয়োজনীয় সুরক্ষামূলক প্রোটিন পৌঁছাতে ব্যর্থ হয়, সেটিও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
অর্থাৎ, মস্তিষ্ককে সুস্থ রাখতে শুধু ক্ষতিকর উপাদান আটকে রাখাই যথেষ্ট নয়। শরীরের অন্যান্য অঙ্গ থেকে প্রয়োজনীয় উপাদান সরবরাহও সমান গুরুত্বপূর্ণ।
তবে গবেষণাটি এখনো ইঁদুরের ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে। মানুষের ক্ষেত্রে এ পদ্ধতি কতটা কার্যকর ও নিরাপদ হবে, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। তারপরও লিভার থেকে মস্তিষ্কে প্রোটিনের এই যাতায়াত আলঝেইমার চিকিৎসার গবেষণায় নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে।












