বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার। অথচ তাঁর জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া গ্রামে অবস্থিত পৈতৃক বাড়িটি এখনো যথাযথ সংরক্ষণ ও উন্নয়নের অপেক্ষায়। বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখলেও তাঁর স্মৃতিবিজড়িত স্থানটি জাতীয় পর্যায়ে প্রাপ্য মর্যাদা পায়নি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক, গবেষক ও দর্শনার্থীরা।
একসময় এই বাড়িকে কেন্দ্র করে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর থাকত পুরো এলাকা। সাত দিনব্যাপী গ্রামীণ মেলা, সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং স্মারক প্রকাশনার আয়োজন করা হতো। এসব অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আয়োজন ছোট হয়ে এসেছে। জন্ম ও মৃত্যুবার্ষিকীর আনুষ্ঠানিকতা থাকলেও কমেছে আয়োজনের ব্যাপ্তি।
জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে ছোট পরিসরের অনুষ্ঠান
স্থানীয়দের ভাষ্য, একসময় মীর মশাররফ হোসেনের জন্মভিটা ছিল কুষ্টিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য ও সংস্কৃতিচর্চার কেন্দ্র। তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘিরে সপ্তাহব্যাপী মেলা ও নানা সাংস্কৃতিক আয়োজন বসত। দূরদূরান্ত থেকে মানুষ এসব অনুষ্ঠানে যোগ দিতেন।
কিন্তু দীর্ঘমেয়াদি উদ্যোগের অভাবে ধীরে ধীরে হারিয়ে গেছে সেই প্রাণচাঞ্চল্য। এ বছর জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। তবে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, এখনো সেখানে গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ কমপ্লেক্স, আধুনিক জাদুঘর কিংবা সমৃদ্ধ গ্রন্থাগার।
স্থানীয় বাসিন্দাদের মতে, শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং কয়েক দিনের মেলা আয়োজন করে এই সাহিত্যিকের অবদান যথাযথভাবে তুলে ধরা সম্ভব নয়। প্রয়োজন স্থায়ী অবকাঠামো এবং নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড।
বাংলা সাহিত্যে অনন্য অবস্থান
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি।
তাঁর কালজয়ী সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘বিষাদ সিন্ধু’, ‘জমিদার দর্পণ’ এবং ‘উদাসীন পথিকের মনের কথা’। উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা ও সাংবাদিকতাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, লেখক ও গবেষক ড. আবুল আহসান চৌধুরী মনে করেন, মীর মশাররফ হোসেনকে শুধু বাঙালি মুসলমানদের প্রতিনিধি লেখক হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বাংলা সাহিত্যের সামগ্রিক ঐতিহ্যের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
তিনি বলেন, মীর মশাররফ হোসেনের সাহিত্যিক অবদান অনুসন্ধান ও প্রচারের ক্ষেত্রে আগ্রহ এবং উদ্যোগের ঘাটতি রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদন দত্তের মতোই উনিশ শতকের বাংলা সাহিত্যে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। অথচ তাঁর সাহিত্যকীর্তি সম্পর্কে মানুষের জানাশোনা তুলনামূলকভাবে কম।
জাতীয় পর্যায়ে স্বীকৃতির দাবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ বলেন, মীর মশাররফ হোসেন শুধু কুষ্টিয়ার সম্পদ নন, তিনি পুরো দেশের সম্পদ। বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি চিরকালীন সাহিত্যিক ব্যক্তিত্ব। তাঁর আগে বাংলা ভাষায় তাঁর সমপর্যায়ের কোনো মুসলিম লেখক ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি।
লাহিনীপাড়ার বাসিন্দারা মনে করেন, মীর মশাররফ হোসেনের স্মৃতি সংরক্ষণে একটি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। তাঁর জন্মভিটায় আধুনিক জাদুঘর, সমৃদ্ধ গ্রন্থাগার ও গবেষণাকেন্দ্র স্থাপনের পাশাপাশি নিয়মিত সাহিত্য সম্মেলন, নাট্য উৎসব এবং স্মারক প্রকাশনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকর্ম পরিচিত করতে নিয়মিত পাঠচক্র ও সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা।
তাঁদের প্রত্যাশা, শুধু আনুষ্ঠানিক স্মরণসভা কিংবা স্বল্পমেয়াদি মেলার মধ্যে উদ্যোগ সীমাবদ্ধ না রেখে সরকার মীর মশাররফ হোসেনের জন্মভিটাকে বাংলা সাহিত্য, গবেষণা ও সংস্কৃতিচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করবে। এতে একদিকে যেমন তাঁর স্মৃতি সংরক্ষিত হবে, অন্যদিকে নতুন প্রজন্মও তাঁর সাহিত্যকীর্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।












