দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের প্রায় ৩৯ শতাংশই জানেন না যে তাঁদের এই রোগ আছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) হিসাবে, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিস রোগীদের ৩৯ দশমিক ১ শতাংশ নিজেদের রোগ সম্পর্কে অজানা ছিলেন। একই বছরে দেশে আনুমানিক ১ কোটি ৩৯ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যা মোট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ১৩ দশমিক ২ শতাংশ। আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে আগাম পদক্ষেপ’।
রোগ ধরা পড়তে দেরি হওয়ার ক্ষতি কতটা, তা উঠে এসেছে বারডেম জেনারেল হাসপাতালের এক গবেষণায়। নতুন শনাক্ত হওয়া টাইপ-২ ডায়াবেটিসের ৩১১ জন রোগীর মধ্যে ১৬৪ জনের, অর্থাৎ ৫২ দশমিক ৭ শতাংশের শরীরে রোগ ধরা পড়ার সময়েই অন্তত একটি জটিলতা দেখা দিয়েছিল। এর মধ্যে স্নায়ুর ক্ষতি ২০ দশমিক ৬ শতাংশের, কিডনির জটিলতা ১৬ দশমিক ৪ শতাংশের, চোখের রেটিনার ক্ষতি ৮ শতাংশের এবং হৃদ্রোগ ৬ দশমিক ৪ শতাংশের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বজুড়েই ডায়াবেটিস রোগীদের ৪০ শতাংশের বেশি শনাক্তের বাইরে থাকেন, কারণ টাইপ-২ ডায়াবেটিস ধীরে ধীরে বাড়ে এবং অনেক সময় কোনো উপসর্গই থাকে না।
গ্রিন লাইফ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, দেশে অনেকেই ডায়াবেটিসের কথা জানতে পারেন হার্ট অ্যাটাক, স্ট্রোক, চোখে রক্তক্ষরণ বা কিডনির জটিলতা দেখা দেওয়ার পর। তাঁর পরামর্শ, ৩৫ বছর বা তার বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষা করানো উচিত। কম বয়সীদের মধ্যে যাঁদের ওজন বেশি, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, উচ্চ রক্তচাপ বা পিসিওএস আছে, কিংবা গর্ভকালীন ডায়াবেটিস হয়েছিল, তাঁদেরও আগেভাগে পরীক্ষা করা দরকার। রক্তের গ্লুকোজ, ওজিটিটি ও এইচবিএওয়ানসি পরীক্ষায় রোগ ধরা পড়ে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) প্রায় আড়াই বছর ধরে একটি অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ে ডায়াবেটিসের ঝুঁকি যাচাই করছে। প্রায় ২৫ হাজার মানুষের মধ্যে ৫০ দশমিক ৩৭ শতাংশ উচ্চঝুঁকিতে এবং ৪১ দশমিক ৯৬ শতাংশ মাঝারি ঝুঁকিতে আছেন বলে দেখা গেছে। নরসিংদী, কুমিল্লা ও কক্সবাজারের ৮১৬টি কমিউনিটি ক্লিনিকে অ্যাপটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বাডাসের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক বলেন, ঝুঁকিতে থাকা অনেকে নিজেকে সুস্থ মনে করেন, অথচ রোগ নীরবে বাড়তে থাকে। তবে অ্যাপ কেবল ঝুঁকি বলে দেয়, নিশ্চিত হতে রক্ত পরীক্ষা লাগবে। বাডাসের হিসাবে দেশে এখন প্রায় ২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম জানান, ২০২২ সালের জরিপে প্রতি ১০ জনে একজনের ডায়াবেটিস পাওয়া গিয়েছিল, এখন তা প্রতি ৮ জনে একজন। উপজেলা ও জেলা হাসপাতালের অসংক্রামক রোগ কর্নারে বিনা মূল্যে রক্তের গ্লুকোজ ও রক্তচাপ পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পাওয়া যায়। বিশেষজ্ঞ সংকট মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন চালুর কথা ভাবছে সরকার। তাই উপসর্গের অপেক্ষা না করে আজই কাছের সরকারি হাসপাতালে গিয়ে ডায়াবেটিস পরীক্ষা করিয়ে নেওয়াই হতে পারে নিজেকে রক্ষার প্রথম পদক্ষেপ।












