ব্রিটিশ অভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও কিশোরীদের লক্ষ্য করে অনৈতিক আচরণের অভিযোগ ওঠার পর তাঁর অভিনীত একাধিক অনুষ্ঠান নিজেদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিচ্ছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি। সর্বশেষ তালিকায় যুক্ত হয়েছে শিশুদের জনপ্রিয় অ্যানিমেশন ‘রুম অন দ্য ব্রুম’। বড়দিন সামনে রেখে শিশুদের পরিচিত এই অনুষ্ঠান সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে অভিভাবকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
ওয়ালিয়ামসের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের জনপ্রিয়তা ও পরিচিতিকে ব্যবহার করে এক কিশোরীর ওপর যৌন নির্যাতন করেছেন এবং অন্য নারীদেরও অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে তরুণীদের প্রলুব্ধ করা কিংবা নিজের অবস্থানের অপব্যবহারের অভিযোগও তিনি নাকচ করেছেন।
একের পর এক অনুষ্ঠান সরাচ্ছে বিবিসি
দ্য গার্ডিয়ান ও আইটিভি নিউজ মঙ্গলবার ওয়ালিয়ামসকে ঘিরে অভিযোগ প্রকাশের পর বিবিসি তাঁর অভিনীত ও তাঁর লেখা বিভিন্ন অনুষ্ঠান পর্যালোচনা শুরু করে। এর অংশ হিসেবে জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘লিটল ব্রিটেন’, শিশুতোষ অনুষ্ঠান ‘গ্যাংস্টা গ্র্যানি’ এবং ‘বিলিয়নেয়ার বয়’ আইপ্লেয়ার থেকে সরিয়ে নেওয়া হয়।
বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, অভিযোগগুলো গুরুতর হওয়ায় ওয়ালিয়ামসের অভিনীত ও লেখা সব অনুষ্ঠান পর্যালোচনা করা হচ্ছে। এই পর্যালোচনা চলাকালে কিছু অনুষ্ঠান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
সর্বশেষ এই সিদ্ধান্তের আওতায় এসেছে জুলিয়া ডোনাল্ডসনের লেখা শিশুতোষ গল্প অবলম্বনে নির্মিত ‘রুম অন দ্য ব্রুম’। ২০১২ সালে বড়দিনের বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রথম প্রচারিত ৩০ মিনিটের এই অ্যানিমেশনে ওয়ালিয়ামস একটি ব্যাঙের কণ্ঠ দিয়েছেন। চরিত্রটির সংলাপ মাত্র তিনটি। তবে বিভিন্ন দৃশ্যে তাঁর কণ্ঠে ব্যাঙের ডাক ও হাস্যরসাত্মক প্রতিক্রিয়াও রয়েছে।
বড়দিনের জনপ্রিয় অনুষ্ঠান সরানোয় অভিভাবকদের আপত্তি
বিবিসির সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। একাংশের মতে, ওয়ালিয়ামসের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও পর্যালোচনা চলার সময় তাঁর উপস্থিতি থাকা সব অনুষ্ঠান সরিয়ে নেওয়া অতিরিক্ত কঠোর সিদ্ধান্ত।
এক অভিভাবকের বক্তব্য, অনুষ্ঠানে ওয়ালিয়ামসের উপস্থিতি খুবই সীমিত। তিনি পর্দায়ও দেখা যান না; কেবল একটি অ্যানিমেটেড ব্যাঙের কণ্ঠ দিয়েছেন। ফলে তাঁর কারণে শিশুদের পরিচিত একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া অযৌক্তিক।
আরেক অভিভাবক মনে করেন, পুরোনো কোনো অনুষ্ঠান বা কমেডিতে বর্ণবাদী বক্তব্য কিংবা সময়ের সঙ্গে অসংগতিপূর্ণ উপস্থাপনা থাকলে তা পর্যালোচনার যুক্তি রয়েছে। কিন্তু একটি জনপ্রিয় শিশুতোষ অ্যানিমেশনে কার্টুন চরিত্রের কণ্ঠ দেওয়ার কারণে সেটি সরিয়ে নেওয়া প্রয়োজনীয় ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তবে অন্য অভিভাবকেরা বিবিসির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁদের মতে, অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় প্রতিষ্ঠানটির পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থান নেওয়া যুক্তিসংগত।
অন্যান্য সম্প্রচারমাধ্যমেও একই পদক্ষেপ
শুধু বিবিসি নয়, যুক্তরাজ্যের অন্যান্য সম্প্রচারমাধ্যমও ওয়ালিয়ামসের কাজ নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিচ্ছে।
চ্যানেল ফোর তাদের স্ট্রিমিং সেবা থেকে ‘৮ আউট অব ১০ ক্যাটস ডাজ কাউন্টডাউন’-এর কয়েকটি পর্ব এবং ২০২১ সালের বিশেষ অনুষ্ঠান ‘চিটি ফ্লাইজ এগেইন’ সরিয়ে দিয়েছে। স্কাইও তাদের প্ল্যাটফর্ম থেকে ওয়ালিয়ামসের কাজ বাদ দিয়েছে। পাশাপাশি তাঁর শিশুতোষ বই অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘ফিং!’ জানুয়ারিতে প্রচারের পরিকল্পনাও বাতিল করেছে।
তবে অ্যামাজন প্রাইম ভিডিওতে তাঁর কিছু কাজ এখনো কেনা বা ভাড়া নেওয়ার জন্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ২০১৫ সালের অনুষ্ঠান ‘ওয়ালিয়ামস অ্যান্ড ফ্রেন্ড’, যেখানে জোয়ানা লামলির সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া ‘গ্যাংস্টা গ্র্যানি’ এবং এর পরবর্তী পর্ব ‘গ্যাংস্টা গ্র্যানি স্ট্রাইকস এগেইন’ও সেখানে রয়েছে।
ব্রিটিশ বিনোদনজগতে ওয়ালিয়ামসকে ঘিরে অভিযোগের প্রভাব এখন তাঁর ব্যক্তিগত ও পেশাগত কাজের বাইরেও বিস্তৃত হচ্ছে। অভিযোগের সত্যতা নির্ধারণের প্রক্রিয়া চলার মধ্যেই সম্প্রচারমাধ্যমগুলো তাঁর কাজ নিজেদের প্ল্যাটফর্মে রাখার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে।












