নথিপত্র ছাড়া ও অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার কারণে আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।
বিমানবন্দরে তাঁদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি। এ কাজে সহযোগিতা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ও প্রবাসী কল্যাণ ডেস্ক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
খাবার ও আর্থিক সহায়তা
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ফেরত আসা ব্যক্তিদের বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের কাউন্সেলিং ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসব কার্যক্রম শেষে অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে, যাতে তাঁরা দেশে ফিরে নতুন করে জীবন গুছিয়ে নিতে পারেন।
সমুদ্রপথে ইউরোপযাত্রায় বাড়ছে ঝুঁকি
শরিফুল হাসানের ভাষ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে ছিলেন। চলতি বছরের তথ্য বলছে, একই পথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছেন।
এই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। অন্যদিকে, অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় দেশগুলো ক্রমেই কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে।
শরিফুল হাসান বলেন, ইউরোপে যাওয়ার জন্য অনেকে ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করছেন। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে হলে সেই অর্থ ব্যয়ের কোনো সুফল থাকে না। তবু ইউরোপে পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান হবে—এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভন
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছিলেন। এ ঘটনাকে সামনে রেখে বিদেশগামীদের আরও সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন শরিফুল হাসান।
তিনি ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশ যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে বিশেষ ফ্লাইটে আরও ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।
ইউরোপ থেকে ফিরেছেন প্রায় পাঁচ হাজার বাংলাদেশি
নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়া বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে ২০১৭ সালে ইউরোপের দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি চুক্তি করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।
শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাঁদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরে আর্থিক সহযোগিতার মাধ্যমে পুনর্বাসনের সুযোগ তৈরির চেষ্টা করা হয়। ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে দেশজুড়েও সচেতনতামূলক কার্যক্রম চলছে।
অন্যদিকে, ইউরোপের দেশগুলোও বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।












