দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। নিজেদের দায়িত্ব পালনে তারা পিছপা হবেন না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার নিজেরাও ব্যর্থ হতে চাই না। সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না।”
ককটেল বিস্ফোরণ ও সহিংসতা নিয়ে উদ্বেগ
সংসদে বক্তব্যের শুরুতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।
তিনি আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
এ ছাড়া পার্বত্য এলাকায় অভিযান চালাতে গিয়ে এক সেনাসদস্যের মৃত্যু, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ জানান।
বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন ডা. শফিকুর রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব দাবি
দেশে এতগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রশ্ন তোলেন জামায়াত আমির। তাঁর মতে, ধারাবাহিক এসব ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং সেগুলো প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার ব্যাখ্যা প্রয়োজন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য আশা করেছিলেন। কিন্তু সংসদ অধিবেশনের প্রথম দুই দিনে সে ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
পরিস্থিতির অবনতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের সহযোগিতা চাইলে জানাতে হবে
জাতীয় সংকট মোকাবিলায় সরকারের প্রতি সহযোগিতার প্রস্তাবও দেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকার চাইলে এককভাবেই পরিস্থিতি সামাল দিতে পারে। তবে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। সে ক্ষেত্রে তাঁরা আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন।
এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে একজন প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এ ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন
দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তাঁর বক্তব্য, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনে বিস্ফোরণের মতো ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।
অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানিতে গোয়েন্দা সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও করেন তিনি।
সংসদে আরেক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, একটি গোয়েন্দা দপ্তর থেকে এক নেতাকে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে ফোন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফোনটি প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট দপ্তর থেকে করা হয়েছিল, নাকি ভুয়া পরিচয়ে কেউ ফোন করেছে, তা তদন্তের পরামর্শ দেন তিনি। এ জন্য সংশ্লিষ্ট ফোন নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার কথাও বলেন।
ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ না দেওয়ার আহ্বান
বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি আবার ফিরে আসার সুযোগ দেওয়া উচিত নয়।
দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ ও স্পষ্ট অবস্থান দাবি করে তিনি বলেন, মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তন ধরে রাখতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না।












