শীতের আগমনে দিনের আলো কমে আসছে, দীর্ঘ হচ্ছে অন্ধকার বিকেল। আবহাওয়ার এই পরিবর্তন অনেকের মন, কর্মশক্তি ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা মৌসুমি বিষণ্নতায় ভোগেন, তাদের ক্ষেত্রে শীতের সময় বিষণ্নতার লক্ষণ আরও তীব্র হয়ে উঠতে পারে।
বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মৌসুমি বিষণ্নতায় আক্রান্ত বলে ধারণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে বলা হয় ‘সিজনাল অ্যাফেকটিভ ডিসঅর্ডার’ বা এসএডি। এটি এক ধরনের বিষণ্নতা, যা সাধারণত শরৎকালে শুরু হয় এবং বসন্ত বা গ্রীষ্মে কমে আসে। দিনের আলো কমে যাওয়া, বিশেষ করে ঘড়ির সময় পরিবর্তনের পর বিকেল দ্রুত অন্ধকার হয়ে আসা, এ সমস্যার লক্ষণ বাড়িয়ে দিতে পারে।
এর তুলনামূলক মৃদু একটি ধরনও রয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘সাবসিনড্রোমাল এসএডি’ নামে পরিচিত। অন্যদিকে গ্রীষ্মকালে দেখা দেওয়া মৌসুমি বিষণ্নতা নিয়ে গবেষণা এখনো তুলনামূলক কম।
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষক দলের নেতৃত্ব দিয়ে প্রথম এই সমস্যার বৈজ্ঞানিক বর্ণনা দেন চিকিৎসক নরম্যান রোজেনথাল। তিনিই ‘সিজনাল অ্যাফেকটিভ ডিসঅর্ডার’ নামটি চালু করেন। সংক্ষিপ্ত ও সহজে মনে রাখার মতো হওয়ায় পরবর্তী সময়ে শব্দটি ব্যাপক পরিচিতি পায়।
কেন বাড়ে মৌসুমি বিষণ্নতা
গবেষকেরা এখনো মৌসুমি বিষণ্নতার নির্দিষ্ট কোনো কারণ চিহ্নিত করতে পারেননি। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, পুরুষের তুলনায় নারীরা এ সমস্যায় বেশি আক্রান্ত হন।
মৌসুমি বিষণ্নতার লক্ষণ সাধারণ বিষণ্নতার মতোই। এর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী হতাশা, নেতিবাচক চিন্তা, মনোযোগের ঘাটতি, স্মৃতিশক্তির সমস্যা এবং সিদ্ধান্ত নিতে অসুবিধা।
বিজ্ঞানীরা এখন চোখের বিশেষ কিছু কোষ নিয়ে গবেষণা করছেন। এসব কোষ নীল তরঙ্গদৈর্ঘ্যের আলো শনাক্ত করে মস্তিষ্কে সংকেত পাঠায়, যা মানুষের মেজাজ ও সজাগ থাকার ক্ষমতাকে প্রভাবিত করে।
সূর্যের আলোতে প্রচুর পরিমাণে নীল আলো থাকে। চোখের বিশেষ কোষের মাধ্যমে এই আলো মস্তিষ্কে পৌঁছালে সজাগ থাকার কেন্দ্রগুলো সক্রিয় হয়। ফলে মানুষ বেশি সতেজ অনুভব করে এবং মেজাজও ভালো থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্যাথরিন রকলিন মৌসুমি বিষণ্নতায় আক্রান্ত এবং আক্রান্ত নন—এমন ব্যক্তিদের নীল আলোর প্রতি সংবেদনশীলতা নিয়ে গবেষণা করেছেন। তাঁর গবেষণায় দেখা গেছে, মৌসুমি বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তিরা নীল আলোর প্রতি তুলনামূলক কম সংবেদনশীল। শীতকালে এই পার্থক্য আরও স্পষ্ট হয়। এতে আলো অনুভব করার ক্ষমতার সঙ্গে মৌসুমি বিষণ্নতার সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়।
আলো ব্যবহারেই কমতে পারে বিষণ্নতা
শীতকালীন বিষণ্নতা মোকাবিলায় উজ্জ্বল আলোর চিকিৎসা বেশ কার্যকর বলে জানিয়েছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের শীতকালীন বিষণ্নতা গবেষণাকেন্দ্রের চিকিৎসক পল ডেসান।
এই চিকিৎসায় সাধারণত প্রতিদিন সকালে প্রায় ৩০ মিনিট বিশেষভাবে তৈরি উজ্জ্বল আলোর যন্ত্রের সামনে বসতে হয়। গবেষণায় প্রায় ১০ হাজার লাক্স উজ্জ্বলতার আলো ব্যবহারের পক্ষে প্রমাণ পাওয়া গেছে। সাধারণ ঘরের আলোর তুলনায় এই আলো প্রায় ২০ গুণ বেশি উজ্জ্বল।
ডেসানের মতে, শীতকালে মেজাজ খারাপ থাকা বা বিষণ্নতার মৃদু লক্ষণ দেখা দেওয়া ব্যক্তিরাও এ চিকিৎসায় উপকৃত হতে পারেন।
এ ধরনের যন্ত্রের দাম সাধারণত ৫০ ডলার থেকে ৪০০ ডলারের বেশি হতে পারে। তবে বাজারে মৌসুমি বিষণ্নতা দূর করার নামে বিক্রি হওয়া সব যন্ত্র প্রয়োজনীয় উজ্জ্বলতা দিতে পারে না। তাই কেনার আগে যন্ত্রটির কার্যকারিতা যাচাই করা জরুরি।
ইয়েল বিশ্ববিদ্যালয় বিভিন্ন আলোকযন্ত্র পরীক্ষা করে এ বিষয়ে সুপারিশ প্রকাশ করেছে। পাশাপাশি অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল থেরাপিউটিকসও উপযুক্ত যন্ত্র বেছে নিতে ক্রেতাদের জন্য নির্দেশিকা দিয়েছে।
যাদের চিকিৎসকের মাধ্যমে মৌসুমি বিষণ্নতা শনাক্ত হয়েছে, তারা আলোকচিকিৎসার যন্ত্র কেনার খরচ স্বাস্থ্যবিমার আওতায় পড়ে কি না, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে জানতে পারেন।
ওষুধ ও মনোচিকিৎসায়ও মিলতে পারে উপকার
মৌসুমি বিষণ্নতার চিকিৎসায় বিষণ্নতা কমানোর ওষুধ এবং উজ্জ্বল আলোর চিকিৎসা প্রথম সারির পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখা এবং মেঘলা দিনেও বাইরে কিছু সময় কাটানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।
তবে আলোকচিকিৎসা বন্ধ করে দিলে এর উপকারিতা কমে যেতে পারে। অন্যদিকে গবেষণায় দেখা গেছে, জ্ঞানীয় আচরণগত চিকিৎসা বা সিবিটি দীর্ঘমেয়াদে বেশি স্থায়ী সুফল দিতে পারে।
যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক কেলি রোহানের মতে, এই চিকিৎসায় মনোচিকিৎসকের সহায়তায় নেতিবাচক চিন্তা ও ক্ষতিকর মানসিক অভ্যাস চিহ্নিত করে সেগুলো পরিবর্তনের চেষ্টা করা হয়।
শীতকালে অনেকেই সামাজিক যোগাযোগ কমিয়ে দেন এবং পছন্দের কাজ থেকেও নিজেকে সরিয়ে রাখেন। সিবিটি এই প্রবণতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ও আনন্দদায়ক কাজে ফিরে আসতে সহায়তা করে।
বন্ধুর সঙ্গে কফি পান করতে যাওয়া, বাইরে কিছু সময় হাঁটা কিংবা পছন্দের মানুষের সঙ্গে সময় কাটানোর মতো ছোট পরিকল্পনাও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। শীতের অন্ধকার দিনে নিজেকে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখা এবং নিয়মিত বাইরে সময় কাটানো মৌসুমি বিষণ্নতা মোকাবিলায় সহায়ক হতে পারে।












