সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান সব বাবা-মা। তাদের পথের বাধা দূর করা, পড়াশোনায় ভালো ফল নিশ্চিত করা কিংবা আচরণের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান খোঁজা অভিভাবকত্বের স্বাভাবিক অংশ। কিন্তু সন্তানকে সব দিক থেকে নিখুঁত করে তোলার এই চেষ্টা কখনো কখনো শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করতে পারে।
বর্তমানে সন্তানদের সামান্য আচরণগত পার্থক্য, পড়াশোনায় দুর্বলতা কিংবা সামাজিক মেলামেশার সমস্যাকেও অনেক সময় বড় সমস্যা হিসেবে দেখা হচ্ছে। শিশুদের খাবার, ঘুম, পড়াশোনা থেকে শুরু করে মানসিক ও শারীরিক বিকাশ, প্রতিটি বিষয়েই নিখুঁত ফল পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সন্তানদের সঙ্গে তুলনা। শিশু বিকাশ বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল স্নায়ুমনোবিজ্ঞানী কেটি এস ডেভিস মনে করেন, সন্তানকে নিখুঁত করার এই প্রবণতা অভিভাবক ও শিশু উভয়ের জন্যই চাপ তৈরি করছে। তাঁর নতুন বই ‘অ্যাকচুয়ালি, ইউ আর ফাইন’-এ তিনি দেখিয়েছেন, কীভাবে শিশুদের স্বাভাবিক আচরণকেও আমরা ক্রমশ সমস্যা হিসেবে বিবেচনা করতে শুরু করেছি।
স্বাভাবিক আচরণও পাচ্ছে রোগের তকমা
গত কয়েক দশকে শিশুদের মনোযোগের ঘাটতি ও অতিচঞ্চলতা, শেখার সমস্যা এবং স্বকীয় বিকাশসংক্রান্ত বিভিন্ন সমস্যার রোগনির্ণয় বেড়েছে। এর পেছনে সচেতনতা বৃদ্ধি, উন্নত শনাক্তকরণ এবং সামাজিক নেতিবাচক ধারণা কমে আসার ইতিবাচক ভূমিকা রয়েছে। তবে ডেভিসের মতে, এই বৃদ্ধির একটি অংশ উদ্বেগজনক। বিশেষ করে যেসব শিশুর সমস্যা তুলনামূলকভাবে মৃদু, তাদের ক্ষেত্রেও এখন সহজে রোগের তকমা দেওয়া হচ্ছে। ফলে স্বাভাবিক ও অস্বাভাবিক আচরণের মধ্যকার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে পড়ছে।
তবে তিনি শিশুদের প্রকৃত শারীরিক বা মানসিক সমস্যা অস্বীকার করছেন না। বরং তাঁর উদ্বেগ, অতিরিক্ত রোগনির্ণয়ের প্রবণতায় প্রকৃত সমস্যায় আক্রান্ত শিশুরা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। একটি শ্রেণিকক্ষের অনেক শিশুকেই একই ধরনের সমস্যায় আক্রান্ত বলে বিবেচনা করা হলে, যাদের বিশেষ সহায়তা প্রয়োজন, তাদের জন্য পর্যাপ্ত সময়, অর্থ ও পেশাদার সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
রোগের তকমা শিশুর আত্মবিশ্বাস কমাতে পারে
শিশুর সমস্যা শনাক্ত করা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে রোগনির্ণয়ের গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ে বিশেষ সুবিধা পাওয়া, চিকিৎসার খরচের বিমা সুবিধা এবং প্রয়োজনীয় থেরাপি গ্রহণ সহজ হয়। একই ধরনের সমস্যায় থাকা অন্য শিশু ও পরিবারের সঙ্গে যোগাযোগ তৈরির ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে। কিন্তু ডেভিসের মতে, রোগের তকমা দেওয়ার সম্ভাব্য নেতিবাচক প্রভাবও বিবেচনা করা জরুরি। কোনো শিশুকে যখন বলা হয় তার মধ্যে একটি সমস্যা রয়েছে এবং তাকে ঠিক করতে হবে, তখন নিজের সক্ষমতা ও ভবিষ্যৎ নিয়ে তার মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। এতে শিশুর স্বাভাবিক বিকাশ এবং আত্মবিশ্বাস দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। অপ্রয়োজনীয় থেরাপিতে সময় ব্যয় হলে খেলাধুলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা পড়াশোনার মতো গুরুত্বপূর্ণ কাজও ব্যাহত হতে পারে। এসব সেবার পেছনে পরিবারের অতিরিক্ত অর্থও ব্যয় হয়।
সব শিশুর বিকাশের গতি এক নয়
শিশুর আচরণ নিয়ে অভিভাবকদের উদ্বেগের আরেকটি বড় কারণ সামাজিক প্রত্যাশা। কোনো শিশু শ্রেণিকক্ষে অস্থির হলে তাকে সমস্যা হিসেবে দেখা হয়। ডেভিসের মতে, বিশেষ করে মায়েদের জন্য অভিভাবকত্বের ক্ষেত্রে সমালোচনা এড়ানো কঠিন। সন্তান কীভাবে আচরণ করবে, তার ওপর বাবা-মায়ের নিয়ন্ত্রণ সীমিত। তাই প্রতিটি পরিস্থিতি নিজের ব্যর্থতা হিসেবে নেওয়া ঠিক নয়। কোনো শিশু শ্রেণিকক্ষে খারাপ আচরণ করলে শিক্ষক বা সহপাঠীদের কাছ থেকে তাকে স্বাভাবিক পরিণতির মুখোমুখি হতে দেওয়া যেতে পারে। অভিভাবকের দায়িত্ব হলো পরে তার সঙ্গে কথা বলা এবং পরিস্থিতি বুঝতে সহায়তা করা।
ডেভিস নিজের স্কুলজীবনের উদাহরণ দিয়ে বলেন, তখন তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও ভালো ফল করা শিক্ষার্থী। সহপাঠীদের কেউ কেউ পড়াশোনায় তেমন মনোযোগী ছিল না, আবার কেউ ছিল কিছুটা অস্থির। কিন্তু কয়েক দশক পর দেখা গেছে, তাদের অধিকাংশই জীবনে মোটামুটি একই জায়গায় এসে পৌঁছেছে। অর্থাৎ শৈশবের প্রতিটি বৈশিষ্ট্য ভবিষ্যৎ জীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে না। অধিকাংশ মানুষ মাঝামাঝি অবস্থানেই জীবন কাটায়। এটিও স্বাভাবিক।
সন্তান পালনে নিখুঁত হওয়ার চাপ বাড়াচ্ছে অনিশ্চয়তা
শিশুর আচরণকে চিকিৎসাগত সমস্যা হিসেবে দেখার প্রবণতার পেছনে মস্তিষ্ক ও স্নায়ুবিজ্ঞানের প্রতি অতিরিক্ত নির্ভরতার কথাও বলেছেন ডেভিস। তাঁর মতে, মানুষের মন ও আচরণকে শুধু মস্তিষ্কের কার্যক্রম দিয়ে ব্যাখ্যা করা যায় না। সামাজিক পরিবেশ, শিক্ষা, পারিবারিক পরিস্থিতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতাও শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সঙ্গে যুক্ত হয়েছে সন্তান পালনের প্রতিযোগিতামূলক সংস্কৃতি। ভালো বিদ্যালয়, ভালো ফলাফল এবং নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির চাপ অনেক পরিবারকে উদ্বিগ্ন করে তুলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য পরিবারের সাজানো জীবন ও সন্তানের সাফল্যের ছবি এই চাপ আরও বাড়িয়ে দেয়। পরস্পরবিরোধী পরামর্শও বাবা-মায়ের আত্মবিশ্বাসে সংকট তৈরি করছে। ফলে সন্তানকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দেওয়ার পরিবর্তে প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ ও উন্নত করার চেষ্টা বাড়ছে।
সব সমস্যার তাৎক্ষণিক সমাধান জরুরি নয়
ডেভিস নিজের সন্তানের উদাহরণ দিয়েও বিষয়টি ব্যাখ্যা করেছেন। তাঁর প্রায় তিন বছর বয়সী ছেলে হাঁটার সময় পায়ের আঙুল ভেতরের দিকে রাখে। এ ক্ষেত্রে শারীরিক থেরাপি নেওয়ার সুযোগ রয়েছে। আবার শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অপেক্ষা করেও দেখা যেতে পারে, বয়স বাড়ার সঙ্গে সমস্যাটি নিজে থেকেই ঠিক হয় কি না। দুই পথেরই যুক্তি রয়েছে। তবে পরিবার হিসেবে আপাতত অপেক্ষা করাকেই তিনি বেশি উপযোগী মনে করছেন। এই উদাহরণের মাধ্যমে তাঁর বক্তব্য হলো, সন্তানকে নিয়ে প্রতিটি সিদ্ধান্তে শতভাগ নিশ্চয়তা পাওয়া সম্ভব নয়।
শিশুর প্রকৃত শারীরিক বা মানসিক সমস্যা থাকলে অবশ্যই প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে হবে। তবে স্বাভাবিক বিকাশের প্রতিটি পার্থক্যকে সমস্যা হিসেবে দেখা কিংবা প্রতিটি আচরণ পরিবর্তনের চেষ্টা করাও ঠিক নয়। সব শিশুকে অসাধারণ হতে হবে না। অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা, ভুল করা, অভিজ্ঞতা থেকে শেখা এবং নিজের মতো করে জীবন গড়ে তোলার সুযোগ দেওয়াই তাদের জন্য সবচেয়ে কার্যকর সহায়তা। শিশুর স্বাভাবিক বিকাশের পথে অতিরিক্ত নিখুঁত হওয়ার চাপ তাই অনেক সময় সহায়তার বদলে বাধা হয়ে দাঁড়াতে পারে।












