যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ম্যারাথনে অংশ নিয়ে দৌড় শেষ করার মাত্র দুই মাইল আগে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন ২৪ বছর বয়সী এক তরুণী। র্যাচেল আপা নামের ওই তরুণী পেনসিলভানিয়ার লুইসবারি এলাকার বাসিন্দা। গত রোববার (১ নভেম্বর) ম্যারাথনের প্রায় ২৪ মাইল অতিক্রম করার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
নিউইয়র্ক ম্যারাথনে তরুণীর মৃত্যুর কারণ হিসেবে বিরল এক রোগের কথা জানিয়েছেন তাঁর বাবা। রোগটির নাম র্যাবডোমায়োলাইসিস। চিকিৎসাবিজ্ঞানে এটি এমন একটি গুরুতর অবস্থা, যেখানে শরীরের পেশির কোষ দ্রুত ভেঙে যেতে থাকে। এর ফলে পেশি থেকে ক্ষতিকর উপাদান রক্তে মিশে যায়। এতে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া, হৃদ্যন্ত্রের জটিলতা তৈরি হওয়া এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি থাকে। তবে নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয় জানিয়েছে, মৃত্যুর বিষয়টি এখনো তদন্তাধীন। নিউইয়র্ক ম্যারাথনে তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ তাই চূড়ান্তভাবে জানা যায়নি।
কী এই র্যাবডোমায়োলাইসিস
র্যাবডোমায়োলাইসিস সাধারণত অতিরিক্ত শারীরিক পরিশ্রম, পেশিতে আঘাত কিংবা প্রচণ্ড গরমে ব্যায়ামের কারণে হতে পারে। দীর্ঘ সময় ধরে কঠিন ব্যায়াম বা দৌড়ের সময় পেশির ওপর অতিরিক্ত চাপ পড়লে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, দীর্ঘ দূরত্বের দৌড়ে অংশ নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পেশির কিছুটা ক্ষয় স্বাভাবিক। কিন্তু সেই ক্ষয় অস্বাভাবিক মাত্রায় পৌঁছালে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে।
এই রোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, বমি বমি ভাব, বমি এবং পেশিতে ব্যথা। দীর্ঘ ম্যারাথনের পর এসব লক্ষণকে অনেক সময় স্বাভাবিক শারীরিক ক্লান্তি বলে মনে হতে পারে। ফলে বিপদের লক্ষণ শনাক্ত করতে দেরি হওয়ার আশঙ্কা থাকে।
গরম ও আর্দ্রতায় বাড়ে ঝুঁকি
যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডগ ফ্যারেলের মতে, অতিরিক্ত গরম ও আর্দ্রতা র্যাবডোমায়োলাইসিসের ঝুঁকি বাড়াতে পারে। ২০২২ সালের নিউইয়র্ক ম্যারাথনে এ রোগে আক্রান্ত হয়ে ২৪ জন দৌড়বিদ চিকিৎসা নিয়েছিলেন। অথচ সাধারণত একটি ম্যারাথনে এ ধরনের রোগীর সংখ্যা থাকে তিন থেকে চারজনের মতো। ওই বছর তাপমাত্রা ও আর্দ্রতা অনেক বেশি ছিল। তাপমাত্রা বিবেচনায় সেটি ছিল ১৯৮৬ সালের পর নভেম্বর মাসে অনুষ্ঠিত নিউইয়র্ক ম্যারাথনগুলোর মধ্যে সবচেয়ে উষ্ণ।
গরম আবহাওয়ায় শরীর ঘামের মাধ্যমে তাপ বের করে দিতে চায়। কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ঘাম সহজে শুকায় না। ফলে শরীর ঠান্ডা হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। দীর্ঘ সময় দৌড়ানোর কারণে পেশিতে উৎপন্ন অতিরিক্ত তাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পানিশূন্যতা থাকলে ঝুঁকি আরও বাড়ে।
ম্যারাথনে মৃত্যু কতটা বিরল
চিকিৎসকদের মতে, ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত বিরল। বিশেষ করে র্যাবডোমায়োলাইসিসের কারণে মৃত্যুর ঘটনা আরও কম। এমরি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া হৃদ্রোগ বিশেষজ্ঞ জোনাথন কিমের মতে, ম্যারাথনে হঠাৎ হৃদ্যন্ত্র বন্ধ হয়ে মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণ হলো হৃদ্রোগজনিত সমস্যা বা হার্ট অ্যাটাক। তরুণদের ক্ষেত্রে কিছু মৃত্যুর কারণ বিস্তারিত পরীক্ষা করেও শনাক্ত করা যায় না।
তাঁর গবেষণায় দেখা গেছে, ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় তিন কোটি মানুষ বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এ সময় দৌড়ের মধ্যে হঠাৎ হৃদ্যন্ত্র বন্ধ হয়ে মৃত্যুর ঝুঁকি আগের তুলনায় অর্ধেক হয়েছে। আর দৌড়ের সময় কারও হৃদ্যন্ত্র বন্ধ হয়ে গেলে তাঁর বেঁচে যাওয়ার হার প্রায় ৭০ শতাংশ। চিকিৎসকেরা ম্যারাথনের প্রস্তুতি নেওয়ার সময় বুক চেপে আসা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট কিংবা অস্বাভাবিক দ্রুত হৃদ্স্পন্দনের মতো লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে পরিবারে হৃদ্রোগের ইতিহাস, ধূমপানের অভ্যাস কিংবা উচ্চ কোলেস্টেরল থাকলে দীর্ঘ দূরত্বের দৌড়ে অংশ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
প্রথম ম্যারাথনেই শেষ হলো র্যাচেলের জীবন
নিউইয়র্ক ম্যারাথনে তরুণীর মৃত্যু হয়েছে যাঁর, সেই র্যাচেল আপার জন্য এটি ছিল প্রথম নিউইয়র্ক ম্যারাথন। তিনি ২০২৪ সালে বাকনেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি প্রথম বিভাগে ফিল্ড হকি খেলেছেন। দৌড়ে অংশ নেওয়ার আরেকটি উদ্দেশ্য ছিল পারকিনসন রোগ নিয়ে গবেষণা ও সহায়তার জন্য অর্থ সংগ্রহ। ২০২২ সালে এ রোগে তাঁর দাদা মারা যান। দাদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন।
নিজের অর্থ সংগ্রহের পাতায় র্যাচেল লিখেছিলেন, তাঁর দাদা তাঁকে সক্রিয় থাকতে, নিজের সীমা অতিক্রম করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখিয়েছিলেন। তবে র্যাচেলের আগের শারীরিক অবস্থা, ম্যারাথনের প্রস্তুতি এবং পারিবারিক রোগের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।












