আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এল নিনোর প্রভাবে তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। উপকূলীয় এলাকা থেকে রাজধানী আবুজার আশপাশের জনপদ—দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ অস্বাভাবিক গরমে বিপাকে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় অনেকের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে খোলা জায়গায় কাজ করা শ্রমজীবী মানুষদের আয় ও কর্মঘণ্টা কমে যাচ্ছে। এর মধ্যে আগামী কয়েক মাসে তাপজনিত কারণে অতিরিক্ত ৩১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের জলবায়ু প্রভাব গবেষণাগার।
এল নিনোর প্রভাবে তাপমাত্রা, বৃষ্টিপাত ও কৃষি উৎপাদনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ছে। নাইজেরিয়ার আবহাওয়া অধিদপ্তরও আগামী মাসগুলোতে শক্তিশালী এল নিনোর প্রভাবের বিষয়ে সতর্ক করেছে।
ঘরের ভেতরেও মিলছে না স্বস্তি
দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার লাগোস রাজ্যের উপকূলীয় বাদাগরিতে বসবাস করেন আসিয়াতা আজিলে। দীর্ঘদিন ধরে এলাকাটির তুলনামূলক শীতল আবহাওয়ায় অভ্যস্ত ছিলেন তিনি। কিন্তু এবারের তীব্র গরমে পরিবারের সদস্যদের নিয়ে ঘরের বাইরে রাত কাটাতে হচ্ছে তাঁকে।
ঘরের দরজা-জানালা খোলা রাখা, দাঁড়ানো ও ছাদের পাখা চালিয়েও স্বস্তি মিলছে না। তাঁর ভাষ্য, প্রায় দুই সপ্তাহ ধরে পরিবারের সবাই ঘরের ভেতরে রাত কাটাতে পারেননি। মশার কামড় সহ্য করেও বাইরে ঘুমানো তাঁদের কাছে বেশি সহনীয় মনে হচ্ছে।
লাগোসের ফেস্টাক এলাকায় গাড়ি মেরামতের কাজ করেন ওয়াসিউ ফাসাসি। প্রচণ্ড গরমে তাঁর কাজও ব্যাহত হচ্ছে। সূর্য ওঠার আগেই কাজ শুরু করার চেষ্টা করলেও গ্রাহকেরা কখন আসবেন, তা তাঁর নিয়ন্ত্রণে নেই। ফলে গরমের মধ্যে কাজ চালিয়ে যেতে হচ্ছে।
আবুজার আশপাশেও একই পরিস্থিতি
রাজধানী আবুজার উপকণ্ঠে ঘওয়াগওয়ালাদা এলাকায় তীব্র গরমে বিপাকে পড়েছেন মোটরসাইকেলচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। মোটরসাইকেলচালক উসমান তানিমু জানান, সকালে কয়েক দফা যাত্রী পরিবহনের পর দুপুরে তাঁকে কাজ বন্ধ রেখে বিশ্রাম নিতে হচ্ছে। গরম কমলে আবার রাস্তায় নামছেন। এতে দৈনিক আয় কমে যাচ্ছে এবং সংসারের প্রয়োজন মেটানো কঠিন হচ্ছে।
একই এলাকার নিউ কুতুনকুতে কয়লার আগুনে ভুট্টা পুড়িয়ে বিক্রি করেন ইউসুফ জয়নাব। সকাল ১১টা থেকে রাত পর্যন্ত তাঁকে আগুনের পাশে থাকতে হয়। ছোট ছাতা দিয়ে রোদ ঠেকানোর চেষ্টা করলেও গরম থেকে রেহাই মিলছে না। বাড়ি ফিরে জানালা খোলা রেখেও রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না তিনি।
এল নিনো কেন বাড়ায় তাপ ও খরা
এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় প্রবাহের স্বাভাবিক ব্যবস্থায় পরিবর্তনজনিত একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা। এর প্রভাবে পশ্চিম আফ্রিকার বৃষ্টিবাহী মৌসুমি বায়ু দুর্বল হতে পারে। ফলে বৃষ্টির মেঘ তৈরি কমে যায়, বৃষ্টির পরিমাণ কমে এবং শুষ্ক মৌসুম আরও গরম হয়ে ওঠে।
নাইজেরিয়ার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ক্রস রিভার রাজ্যে বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম থাকার আশঙ্কা রয়েছে।
তবে এল নিনোর প্রভাব সব সময় একই রকম হয় না। ২০১৫ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো ও ইয়োবো রাজ্যে কম বৃষ্টির আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হয়েছিল।
আগের এল নিনোতে খরা ও প্রাণহানির নজির
নাইজেরিয়ায় গত পাঁচ দশকে কয়েকটি বড় খরা এল নিনোর সময় অথবা এর পরপরই দেখা গেছে। ১৯৭২-৭৩ সালের শক্তিশালী এল নিনোর সময় সাহেল অঞ্চলে ভয়াবহ খরা দেখা দেয়। ১৯৬৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে প্রায় তিন লাখ গবাদিপশু মারা যায়। ওই অঞ্চলের মোট পশুর প্রায় ১৩ শতাংশ ছিল এসব প্রাণী। ফসলের উৎপাদন স্বাভাবিকের প্রায় ৪০ শতাংশে নেমে আসে এবং প্রায় ৭৫ লাখ মানুষ ঝুঁকিতে পড়ে।
১৯৮২-৮৩ সালের এল নিনোর পর ১৯৮৩-৮৪ সালে উত্তর নাইজেরিয়ায় তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। ১৯৮২ থেকে ১৯৮৬ সালের মধ্যে অঞ্চলটি প্রায় ৫০ লাখ টন শস্য ও ১ লাখ ২০ হাজার গবাদিপশু হারায়।
২০০২ সালে বৃষ্টিপাত প্রায় দুই মাস দেরিতে পৌঁছায় মাইদুগুরিতে। ওই বছরের জুনে মাত্র এক সপ্তাহে হিট স্ট্রোকে অন্তত ৬০ জনের মৃত্যু হয়। ২০০৯ সালের এল নিনোর সময়ও সাহেল-সংলগ্ন সাতটি রাজ্যে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল।
সাম্প্রতিক সময়েও তাপপ্রবাহের তীব্রতা বেড়েছে। ২০২৩ সালের এল নিনোর পর ২০২৪ সালকে ১৯৮১ সালের পর নাইজেরিয়ার সবচেয়ে উষ্ণ বছর হিসেবে উল্লেখ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ওই বছরের মে মাসে মাইদুগুরিতে তাপমাত্রা ৪৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। শহরটিতে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা ছিল ৯১ দিন।
৩১ হাজার ৪০০ মৃত্যুর পূর্বাভাস
শিকাগো বিশ্ববিদ্যালয়ের জলবায়ু প্রভাব গবেষণাগারের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্বাভাবিক বছরের তুলনায় নাইজেরিয়ায় তাপজনিত কারণে অতিরিক্ত প্রায় ৩১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হতে পারে। এর মধ্যে শুধু এল নিনোর সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ১৫ হাজার হতে পারে বলে গবেষণাগারটির অনুমান।
তবে গবেষকেরা জানিয়েছেন, পূর্বাভাসের সময়সীমার শেষ অংশের জন্য কিছু অনুমান যুক্ত করা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির পর আবহাওয়া পরিস্থিতি ভিন্ন হতে পারে। নাইজেরিয়ার আবহাওয়া অধিদপ্তর এই মৃত্যুর পূর্বাভাস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ২০২৬ সালের এল নিনো পরিস্থিতি এবং এর সম্ভাব্য তীব্রতা বৃদ্ধির বিষয়টি স্বীকার করেছে।
কৃষি ও জনস্বাস্থ্যেও বাড়ছে উদ্বেগ
এল নিনোর প্রভাব কৃষি ও মৎস্য খাতের ওপর পড়তে পারে বলে সতর্ক করেছে নাইজেরিয়ার আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের পরিবর্তনে চলতি বছর থেকে আগামী বছরের কৃষি মৌসুমের সময়সূচি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে কৃষকদের আগাম সতর্ক করা, উন্নত কৃষিপদ্ধতি ব্যবহার, সেচের বিকল্প ব্যবস্থা তৈরি এবং বৃষ্টির পানি সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশনব্যবস্থা ও জলাধারের মতো ঝুঁকিপূর্ণ অবকাঠামো ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে গবেষকেরা বলছেন, নাইজেরিয়ার জলবায়ু সংকটের একমাত্র কারণ এল নিনো নয়। দীর্ঘমেয়াদি বৈশ্বিক উষ্ণতা, পানির ব্যবহার, সংঘাত এবং খাদ্যের মূল্যবৃদ্ধিও পরিস্থিতিকে প্রভাবিত করছে।












