পাকিস্তানের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা চলছে। দেশটিকে বর্তমান চারটি প্রদেশের পরিবর্তে ১২টি প্রদেশে ভাগ করার একটি প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে ২৮তম সংবিধান সংশোধনী আনার আগে দেশজুড়ে গণভোট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
পাকিস্তানে ১২ প্রদেশ গঠনের এই প্রস্তাবের মূল লক্ষ্য প্রশাসনিক কার্যকারিতা বাড়ানো, সুশাসন নিশ্চিত করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন ও সম্পদের আরও ভারসাম্যপূর্ণ বণ্টন করা।
প্রস্তাব সম্পর্কে অবগত সূত্রের বরাতে জানা গেছে, ২০২৭ সালের প্রথমার্ধে সংবিধানের ২৮তম সংশোধনী নিয়ে কাজ শুরু হতে পারে। এর প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বছরের প্রথম প্রান্তিকেই।
যেভাবে ভাগ হতে পারে ১২ প্রদেশ
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবকে চারটি প্রদেশে ভাগ করার কথা বিবেচনা করা হচ্ছে। খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানকে তিনটি করে এবং সিন্ধুকে দুটি প্রদেশে ভাগ করার প্রস্তাব রয়েছে। এভাবে চারটি প্রদেশ ভেঙে মোট ১২টি প্রশাসনিক প্রদেশ গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
তবে প্রস্তাবটি এখনো প্রাথমিক বিবেচনার পর্যায়ে রয়েছে। নতুন প্রদেশগুলোর সীমানা, প্রশাসনিক কাঠামো কিংবা সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সংশোধনীর আগে গণভোটের পরিকল্পনা
পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হলো সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার আগে দেশব্যাপী গণভোট আয়োজন। এর মাধ্যমে পাকিস্তানে ১২ প্রদেশ গঠনের বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হবে। রাজনৈতিক দলগুলোর দর-কষাকষি বা দলীয় স্বার্থের বদলে জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে প্রশাসনিক পুনর্গঠনের পক্ষে জনসমর্থন তৈরি করাই এর উদ্দেশ্য।
প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই উদ্যোগের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট প্রদেশকে লক্ষ্যবস্তু করা কিংবা বিদ্যমান প্রদেশগুলোর রাজনৈতিক ও প্রশাসনিক মর্যাদা দুর্বল করা নয়। বরং জনসংখ্যা বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা এবং অঞ্চলভেদে উন্নয়নের বৈষম্য মোকাবিলায় নতুন কাঠামোর প্রয়োজনীয়তার বিষয়টি সামনে আনা হচ্ছে।
কেন ছোট প্রদেশের পক্ষে যুক্তি
প্রস্তাবের সমর্থকদের মতে, ছোট প্রশাসনিক একক গঠন করা হলে স্থানীয় মানুষের প্রয়োজন ও সমস্যা দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়ন, প্রশাসনের জবাবদিহি বাড়ানো এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন তদারকিও সহজ হবে। তাঁদের যুক্তি, প্রশাসন সাধারণ মানুষের কাছাকাছি থাকলে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ প্রয়োজনীয় সরকারি সেবা পাওয়া সহজ হবে।
গণভোটের আরেকটি উদ্দেশ্য হলো নতুন প্রদেশ গঠনের বিতর্ককে রাজনৈতিক বিরোধের বাইরে নিয়ে আসা। পাকিস্তানে এ ধরনের উদ্যোগ অতীতেও রাজনৈতিক ও আঞ্চলিক বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও আঞ্চলিক পক্ষ বিষয়টিকে নির্বাচনী স্বার্থ, প্রাদেশিক পরিচয় এবং ক্ষমতার বণ্টনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে থাকে।
সংবিধান সংশোধনে বড় চ্যালেঞ্জ
গণভোটে জনসমর্থন পাওয়া গেলেও পাকিস্তানে ১২ প্রদেশ গঠন সহজ হবে না। প্রদেশগুলোর সীমানা নির্ধারণ, সম্পদ ও রাজস্ব বণ্টন, সাংবিধানিক সুরক্ষা এবং প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের মতো বিষয় নিয়ে রাজনৈতিক ও সংসদীয় পর্যায়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন হবে। এ ছাড়া প্রাদেশিক কাঠামো, সংসদে প্রতিনিধিত্ব এবং আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে বড় ধরনের সাংবিধানিক সমন্বয় করতে হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিস্তৃত ঐকমত্যও দরকার।
প্রস্তাবের মূল বক্তব্য হলো, নতুন প্রদেশ গঠনকে অঞ্চলগুলোর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা হিসেবে না দেখে প্রশাসনিক সংস্কার হিসেবে বিবেচনা করা। এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, অনুন্নত অঞ্চলে উন্নয়নের সুযোগ সম্প্রসারণ এবং রাষ্ট্রীয় সেবাকে আরও সহজলভ্য ও জবাবদিহিমূলক করার লক্ষ্য তুলে ধরা হচ্ছে।












