বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে এক ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে। দাবিকৃত টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাসহ চারজনের নাম উল্লেখ করে রোববার (৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাবঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৪৮)। এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজিব হাওলাদার (২৫) ও মো. মুবিন মোল্লা (২২)। তাঁদের সবার বাড়ি মাধবপাশা ইউনিয়নে। তাঁদের মধ্যে মাহবুব মোল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
সড়কের কাজ চালাতে চাঁদা দাবি
অভিযোগ অনুযায়ী, রুস্তম হাওলাদার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাইয়ের কাজে সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়ের কাছে যাওয়ার পথে অভিযুক্তরা তাঁর নির্মাণকাজে বাধা দেন। কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তাঁরা। রুস্তম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর সঙ্গে থাকা ছেলেকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এ সময় রুস্তমের ব্যবহৃত প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল জোর করে নিয়ে যান অভিযুক্তরা।
পাওনা টাকার দাবি বিএনপি নেতার
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মাহবুব মোল্লা ভিন্ন দাবি করেছেন। তাঁর বক্তব্য, রুস্তম হাওলাদারের কাছে তিনি টাকা পান এবং ওই সড়কের নির্মাণকাজে তাঁরও অংশীদারত্ব রয়েছে। পাওনা টাকা না দেওয়ায় তিনি মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন বলে জানান। বিষয়টি জ্যেষ্ঠ নেতারা বসে মীমাংসা করে দেবেন বলেও দাবি করেন তিনি।
তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












