পাকিস্তানের মুদ্রাবাজার নিয়ে বিতর্কে একটি বিষয় বারবার সামনে আসছে—রুপির বিনিময় হার কি প্রকৃত অর্থনৈতিক অবস্থার প্রতিফলন ঘটাচ্ছে, নাকি সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কৃত্রিমভাবে এর মূল্য ধরে রাখছে? এই বিতর্কে অনেক অর্থনীতিবিদ ও বিশ্লেষক রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেট বা প্রকৃত কার্যকর বিনিময় হারকে (আরইইআর) প্রধান মাপকাঠি হিসেবে ব্যবহার করছেন। তাঁদের যুক্তি, এই সূচক অনুযায়ী রুপির মূল্যায়ন বেশি হলে মুদ্রার অবমূল্যায়ন করা উচিত, যাতে রপ্তানি প্রতিযোগিতা বাড়ে।
কিন্তু একটি মাত্র সূচকের ভিত্তিতে মুদ্রানীতি নির্ধারণ করা অর্থনীতির জটিল বাস্তবতাকে অতিরিক্ত সরল করে দেখার শামিল। বিনিময় হার কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নয়। এটি একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন। মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য, বৈদেশিক মুদ্রার প্রবাহ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব ব্যবস্থাপনা, সুদের হারের পার্থক্য এবং বাজারের প্রত্যাশা—সবকিছু মিলেই একটি মুদ্রার মূল্য নির্ধারিত হয়।
অর্থাৎ, রুপির মূল্য কমে যাওয়ার কারণ শুধু কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নয়; অর্থনীতির মৌলিক দুর্বলতাও এর পেছনে কাজ করতে পারে। একইভাবে, রুপির মূল্য বাড়ানোর প্রশাসনিক চেষ্টা করলেই অর্থনৈতিক সক্ষমতা বাড়ে না। বিনিময় হারকে অর্থনীতির সমস্যার সমাধান হিসেবে দেখার পরিবর্তে অর্থনৈতিক অবস্থার একটি নির্দেশক হিসেবে বিবেচনা করা জরুরি।
একটি সূচক দিয়ে অর্থনীতির বিচার কতটা যুক্তিসংগত?
১৯৭০-এর দশকে ব্রেটন উডস মুদ্রাব্যবস্থার পতনের পর বিশ্ব অর্থনীতিতে বিনিময় হার নির্ধারণের ধারণায় বড় পরিবর্তন আসে। নির্দিষ্ট হারে মুদ্রার মূল্য ধরে রাখা বা পরিকল্পিতভাবে বাড়ানোর পরিবর্তে বাজারের চাহিদা ও সরবরাহ এবং অর্থনীতির মৌলিক অবস্থার ওপর বিনিময় হার নির্ভরশীল হয়ে ওঠে।
আরইইআর সূচকের নিজস্ব গুরুত্ব রয়েছে। এটি একটি দেশের মুদ্রার নামমাত্র বিনিময় হারকে তার বাণিজ্যিক অংশীদার দেশগুলোর তুলনামূলক মূল্যস্তরের পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে। কিন্তু এই সূচকের মান ১০০ হলেই যে বিনিময় হার ভারসাম্যপূর্ণ, এমন কোনো নিশ্চয়তা নেই। একইভাবে, সূচকের মান ১০০-এর ওপরে বা নিচে থাকলেই মুদ্রার মূল্য অতিরিক্ত বেশি কিংবা কম—এমন সিদ্ধান্তেও পৌঁছানো যায় না।
কারণ, সূচকটি নির্ভর করে একটি নির্দিষ্ট ভিত্তিবছরের ওপর। পাকিস্তানের ক্ষেত্রে ২০১০ সালকে ভিত্তিবছর হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ওই বছরটিই কি দেশটির অর্থনীতির জন্য প্রকৃত ভারসাম্যের সময় ছিল? সে বছর পাকিস্তানের চলতি হিসাবের ঘাটতি ছিল প্রায় ৩৯৫ কোটি ডলার, যা মোট দেশজ উৎপাদনের প্রায় ২ শতাংশ। অথচ ২০২৬ সালে দেশটির চলতি হিসাব প্রায় ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে।
দুই সময়ের অর্থনৈতিক পরিস্থিতি এক নয়। ফলে ২০১০ সালের সূচককে ২০২৬ সালের জন্য আদর্শ বিনিময় হারের মানদণ্ড হিসেবে ব্যবহার করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
আরও কয়েকটি বিষয় বিবেচনা করা জরুরি। ১৬ বছরে পাকিস্তানের বাণিজ্যিক অংশীদারদের কাঠামো বদলেছে, বিশেষ করে চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পর। কিন্তু সূচকে ব্যবহৃত বাণিজ্যিক গুরুত্বের অনুপাত কি সেই পরিবর্তন যথাযথভাবে প্রতিফলিত করছে? যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে বিনিময় হার হিসাব করার সময় অন্যান্য বাণিজ্যিক অংশীদারের মুদ্রার ওঠানামা কতটা বিবেচনায় নেওয়া হয়েছে? আবার মূল্যস্ফীতি পরিমাপের জন্য ভোক্তা মূল্যসূচক, উৎপাদক মূল্যসূচক, শ্রম ব্যয় কিংবা মোট দেশজ উৎপাদনের মূল্যসূচক—কোনটি ব্যবহার করা হচ্ছে, তার ওপরও ফলাফল বদলে যেতে পারে।
তাই একটি সূচকের নির্দিষ্ট মান দেখে মুদ্রার অবমূল্যায়নের পরামর্শ দেওয়ার আগে এসব প্রশ্নের উত্তর খোঁজা প্রয়োজন।

বৈদেশিক মুদ্রার উৎস শুধু রপ্তানি নয়
আরইইআর নিয়ে বিতর্কের আরেকটি বড় সীমাবদ্ধতা হলো, এটি একটি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের সব উৎসের চিত্র তুলে ধরে না। পাকিস্তানের ক্ষেত্রে প্রবাসী আয় এখন বৈদেশিক মুদ্রার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। অনেক সময় পণ্য রপ্তানির তুলনায় এই আয়ের প্রবৃদ্ধিও বেশি হয়েছে।
প্রবাসীদের পাঠানো অর্থ শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় না, দেশের শিল্প ও উৎপাদনব্যবস্থাকেও সচল রাখতে সহায়তা করে। কাঁচামাল, যন্ত্রপাতি ও জ্বালানি আমদানির অর্থ জোগাতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে যেসব শিল্পপ্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রার অভাবে উৎপাদনক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারত না, তারাও কার্যক্রম চালিয়ে যেতে পারে।
এর পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ এবং বৈদেশিক ঋণের অর্থও বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায়। এসব প্রবাহ একটি দেশের আমদানি সক্ষমতা, রিজার্ভ এবং বৈদেশিক লেনদেনের স্থিতিশীলতায় প্রভাব ফেলে।
অতএব, একটি দেশের বৈদেশিক অর্থনৈতিক সক্ষমতা বিচার করতে হলে শুধু রপ্তানি ও আরইইআর দেখা যথেষ্ট নয়। বৈদেশিক মুদ্রার সব উৎস এবং তার ব্যবহারও বিবেচনায় নিতে হবে।
বাজারের বাস্তবতা যাচাইয়ের তিনটি পরীক্ষা
পাকিস্তানের বিনিময় হার কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি না, তা বোঝার জন্য কয়েকটি বাস্তব সূচক পরীক্ষা করা যেতে পারে। এর মধ্যে প্রথমটি হলো আন্তব্যাংক বাজার ও খোলা বাজারে ডলারের বিনিময় হারের পার্থক্য।
২০২৩ অর্থবছরে পাকিস্তানে এই দুই বাজারের ব্যবধান একপর্যায়ে প্রতি ডলারে ১০ থেকে ১৫ রুপিতে পৌঁছেছিল। অর্থাৎ, আনুষ্ঠানিক বাজারে যে দামে ডলার পাওয়া যেত, খোলা বাজারে তার চেয়ে অনেক বেশি দাম দিতে হতো। এটি বৈদেশিক মুদ্রার সংকট এবং বাজারে সরবরাহের অস্বাভাবিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছিল।
কিন্তু পরবর্তী সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবধান কমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। বর্তমানে তা সাধারণত প্রতি ডলারে ৫০ পয়সা থেকে ২ রুপির মধ্যে রয়েছে। এটি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে ব্যবধান কমে আসার প্রমাণ।
দ্বিতীয় পরীক্ষা হলো, বৈদেশিক মুদ্রার চাহিদা নিয়ন্ত্রণে সরকার আমদানি কিংবা বিদেশে মুনাফা ও লভ্যাংশ পাঠানোর ওপর প্রশাসনিক বিধিনিষেধ আরোপ করছে কি না।
২০২৩ অর্থবছরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ প্রায় ৩০০ কোটি ডলারে নেমে গেলে আমদানি ও বিদেশে অর্থ পাঠানোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এর ফলে আমদানি কমে দাঁড়ায় ৫ হাজার ৩০০ কোটি ডলারে। স্বাভাবিক পরিস্থিতিতে এই পরিমাণ প্রায় ৭ হাজার কোটি ডলার হওয়ার কথা ছিল। একই সময়ে বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও লভ্যাংশ পাঠানোর পরিমাণ কমে মাত্র ৩৩ কোটি ১০ লাখ ডলারে নেমে আসে, যেখানে স্বাভাবিক মাত্রা প্রায় ২০০ কোটি ডলার।
কিন্তু পরবর্তী অর্থবছরে পরিস্থিতির পরিবর্তন ঘটে। আমদানি বেড়ে ৭ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছায়। বিদেশে মুনাফা ও লভ্যাংশ পাঠানোর পরিমাণ দাঁড়ায় ২৩০ কোটি ডলার। আগের বকেয়া পরিশোধের পাশাপাশি চলতি দায়ও মেটানো হয়েছে।
এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। কারণ, বৈদেশিক মুদ্রার চাহিদা কৃত্রিমভাবে আটকে রেখে বিনিময় হার ধরে রাখা হলে আমদানি ও বিদেশে অর্থ পাঠানোর স্বাভাবিক প্রবাহ ফিরে আসার কথা নয়। পাকিস্তানের ক্ষেত্রে সেই প্রবাহ পুনরুদ্ধার হওয়া দেখায় যে বাজারের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণের নির্ভরতা আগের তুলনায় কমেছে।
তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো, বিনিময় হার ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে কি না।
২০২৩ অর্থবছরে পাকিস্তানের রিজার্ভ প্রায় ৩০০ কোটি ডলারে নেমে এসেছিল। পরবর্তী সময়ে তা বেড়ে প্রায় ২ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছায়। অথচ একই সময়ে দেশটির বার্ষিক বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধের দায় ছিল প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার। প্রতি ডলারের বিনিময় হারও প্রায় ২৮০ রুপির আশপাশে ছিল এবং আরইইআর সূচকের মান ছিল ১০০-এর ওপরে।
যদি কেন্দ্রীয় ব্যাংক কৃত্রিমভাবে রুপির মূল্য ধরে রাখার জন্য বিপুল পরিমাণ ডলার বিক্রি করত, তাহলে এই পরিস্থিতিতে রিজার্ভ বাড়ার বদলে কমার কথা। বাস্তবে কেন্দ্রীয় ব্যাংক আন্তব্যাংক বাজারে ডলারের অতিরিক্ত সরবরাহ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে। ফলে বিনিময় হার কৃত্রিমভাবে ধরে রাখার অভিযোগের সঙ্গে এই বাস্তবতার সামঞ্জস্য খুঁজে পাওয়া কঠিন।
ইতিহাসও একক ব্যাখ্যাকে সমর্থন করে না
পাকিস্তানের অতীত অভিজ্ঞতাও দেখায়, রিজার্ভ ও বিনিময় হারের সম্পর্ক সব সময় একই রকম নয়।
২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে দেশটির মুদ্রার বিনিময় হার প্রতি ডলারে প্রায় ১০৪ রুপিতে স্থিতিশীল রাখা হয়েছিল। কিন্তু এই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ১৮০০ কোটি ডলার থেকে কমে ৯০০ কোটি ডলারে নেমে আসে।

অন্যদিকে, ২০০০ থেকে ২০০৭ সালের মধ্যে পাকিস্তানের রিজার্ভ প্রায় ১০০ কোটি ডলার থেকে বেড়ে ১ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছিল। সেই সময়েও প্রতি ডলারের বিনিময় হার প্রায় ৬০ রুপিতে স্থিতিশীল ছিল। একই সময়ে দেশটির রপ্তানি ৯০০ কোটি ডলার থেকে বেড়ে ১ হাজার ৯০০ কোটি ডলারে পৌঁছায়।
তখনও কেউ কেউ অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় ব্যাংক কৃত্রিমভাবে বিনিময় হার ধরে রাখছে। কিন্তু সেই সময় বৈদেশিক মুদ্রার নিট প্রবাহ এতটাই বেশি ছিল যে অতিরিক্ত ডলার বাজার থেকে কিনে নেওয়ার মাধ্যমে রুপির অতিরিক্ত মূল্যবৃদ্ধি ঠেকানো হচ্ছিল। এর উদ্দেশ্য ছিল রপ্তানিকারকদের প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখা।
অর্থাৎ, বিনিময় হার স্থিতিশীল থাকলেই যে তা কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এর পেছনে বৈদেশিক মুদ্রার প্রকৃত সরবরাহ ও চাহিদার অবস্থাও দেখতে হবে।
বাজারের প্রত্যাশা যেভাবে সংকট বাড়ায়
বিনিময় হার নির্ধারণে বাজারের প্রত্যাশাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের মতো অর্থনীতিতে অনেক সময় বাজারের আচরণ অর্থনৈতিক তথ্যের চেয়ে গুজব, আশঙ্কা এবং একে অন্যকে অনুসরণের প্রবণতার ওপর বেশি নির্ভর করে।
যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়, তখন বাজারে রুপির আরও অবমূল্যায়নের আশঙ্কা তৈরি হয়। এই আশঙ্কা থেকেই রপ্তানিকারকেরা বৈধ ৯০ দিনের মধ্যে ডলার জমা দেওয়ার সময়সীমার শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তাঁদের ধারণা, কিছুদিন পর ডলারের দাম বাড়বে এবং তখন বেশি রুপি পাওয়া যাবে।
অন্যদিকে, আমদানিকারকেরা ভবিষ্যতে ডলারের দাম আরও বাড়তে পারে—এই আশঙ্কায় আগেভাগেই বৈদেশিক মুদ্রা কিনতে চান। ফলে বাজারে ডলারের চাহিদা বাড়ে, সরবরাহ কমে যায় এবং রুপির ওপর চাপ তৈরি হয়।
এভাবে যে অবমূল্যায়নের আশঙ্কা থেকে বাজারে অস্থিরতা শুরু হয়, সেই অস্থিরতাই শেষ পর্যন্ত মুদ্রার মূল্য কমিয়ে দিতে পারে। অর্থাৎ, প্রত্যাশা কখনো কখনো নিজেরাই বাস্তব পরিস্থিতি তৈরি করে।
অবমূল্যায়নে রপ্তানিকারকদের লাভ কতটা?
আরইইআর সূচকের ভিত্তিতে যাঁরা রুপির ১০ শতাংশ অবমূল্যায়নের পরামর্শ দেন, তাঁদের যুক্তি হলো, এতে পাকিস্তানের রপ্তানি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। বিদেশি ক্রেতাদের কাছে দেশটির পণ্য তুলনামূলক সস্তা হবে এবং রপ্তানির পরিমাণ বাড়বে।
কিন্তু বাস্তবে এই লাভ এতটা সরল নয়। বিদেশি ক্রেতারা রুপির অবমূল্যায়নের সুযোগ নিয়ে রপ্তানিকারকদের কাছ থেকে অন্তত ৫ শতাংশ মূল্যছাড় দাবি করতে পারেন। তাঁদের যুক্তি থাকবে, মুদ্রার মূল্য কমায় রপ্তানিকারকেরা ইতিমধ্যে বাড়তি রুপি পাচ্ছেন। ফলে অবমূল্যায়নের পুরো সুবিধা রপ্তানিকারকের হাতে থাকার সম্ভাবনা কম।
এর পাশাপাশি পাকিস্তানের রপ্তানির প্রায় ৪০ শতাংশে আমদানিনির্ভর উপকরণ ব্যবহার করা হয়। জ্বালানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং বস্ত্রশিল্পের কাঁচামাল এর মধ্যে উল্লেখযোগ্য। রুপির মূল্য কমলে এসব উপকরণের আমদানি ব্যয়ও বেড়ে যায়।
ফলে অতিরিক্ত রুপি আয়ের একটি বড় অংশ উৎপাদন ব্যয় বৃদ্ধিতে চলে যায়। সব হিসাব শেষে রপ্তানিকারকদের প্রকৃত আর্থিক সুবিধা ২ থেকে ৩ শতাংশে সীমিত থাকতে পারে।
অর্থাৎ, ১০ শতাংশ অবমূল্যায়ন মানেই রপ্তানি প্রতিযোগিতায় ১০ শতাংশ সুবিধা নয়। বরং এর সুফল কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে আমদানিনির্ভর উৎপাদন, আন্তর্জাতিক ক্রেতাদের দর-কষাকষির ক্ষমতা এবং দেশীয় শিল্পের উৎপাদনশীলতার ওপর।
অবমূল্যায়নের মূল্য দিতে হয় পুরো অর্থনীতিকে
মুদ্রার অবমূল্যায়নের প্রভাব শুধু রপ্তানিকারকদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমদানি ব্যয় বাড়লে তার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে দেশের সাধারণ মানুষের জীবনে। জ্বালানি, খাদ্য উৎপাদনের উপকরণ, ওষুধ, যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল—সবকিছুর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়।
এর সবচেয়ে বড় চাপ পড়ে নিম্ন আয়ের মানুষের ওপর। কারণ, তাঁদের আয়ের বড় অংশই দৈনন্দিন ভোগব্যয়ে চলে যায়। শ্রমই তাঁদের প্রধান সম্পদ। কিন্তু মুদ্রার অবমূল্যায়নের ফলে বাজারে পণ্যের দাম যেভাবে বাড়ে, বিশেষ করে অনানুষ্ঠানিক অর্থনীতিতে কাজ করা মানুষের মজুরি সেভাবে বাড়ে না। ব্যাপক অপ্রতুল কর্মসংস্থান ও অনিশ্চিত আয়ের কারণে তাঁদের পক্ষে মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলানো আরও কঠিন।
কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে পারে। এতে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের ঋণ নেওয়ার ব্যয় বেড়ে যায়। আমদানিনির্ভর যন্ত্রপাতির দাম বাড়ায় নতুন বিনিয়োগ স্থগিত বা বাতিল হতে পারে। এর প্রভাব পড়ে উৎপাদন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।
সরকারের ওপরও বাড়তি চাপ তৈরি হয়। বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধ করতে আগের তুলনায় বেশি রুপি প্রয়োজন হয়। আমদানি শুল্ক থেকে সরকারের রাজস্ব কিছুটা বাড়তে পারে, কিন্তু ঋণ পরিশোধের বাড়তি ব্যয় সামাল দিতে নতুন করে ঋণ নেওয়ার প্রয়োজনও দেখা দিতে পারে। এতে বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে।
বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রেও অবমূল্যায়ন নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁদের বিনিয়োগ থেকে অর্জিত রুপির আয় ডলারে রূপান্তর করার সময় কমে যায়। ফলে বিনিয়োগের প্রকৃত ডলারভিত্তিক মুনাফা হ্রাস পায়। এতে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন হয়ে উঠতে পারে।
অর্থাৎ, মুদ্রার অবমূল্যায়ন রপ্তানিকারকদের কিছু সুবিধা দিলেও তার বিনিময়ে মূল্যস্ফীতি, বিনিয়োগ সংকোচন, ঋণের ব্যয় বৃদ্ধি এবং মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের মতো বড় মূল্য দিতে হতে পারে।

প্রকৃত সমাধান বিনিময় হারে নয়, অর্থনীতির ভিত্তিতে
পাকিস্তানের অভিজ্ঞতা থেকে একটি বিষয় স্পষ্ট: শুধু প্রশাসনিক হস্তক্ষেপ কিংবা মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিময় হার স্থিতিশীল রাখা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অর্থনীতির মৌলিক দুর্বলতাগুলো দূর করা।
প্রথমত, সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। করের আওতা বাড়ানো এবং করব্যবস্থার কাঠামোগত দুর্বলতা দূর করা জরুরি। দ্বিতীয়ত, বাণিজ্য ও শুল্কনীতিতে এমন পরিবর্তন আনতে হবে, যাতে দেশীয় উৎপাদকরা অপ্রয়োজনীয় ব্যয়ের বোঝা ছাড়াই প্রতিযোগিতা করতে পারেন।
জ্বালানির মূল্য নির্ধারণেও বাস্তবসম্মত নীতি প্রয়োজন। একই সঙ্গে শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তি, দক্ষতা এবং অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে। মুদ্রানীতিতে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে এমন পর্যায়ে রাখতে হবে, যাতে সাময়িক চাপ মোকাবিলায় বারবার বড় ধরনের বিনিময় হার সমন্বয়ের প্রয়োজন না হয়।
রপ্তানি প্রতিযোগিতা বাড়ানোর অর্থ শুধু পণ্যের দাম কমানো নয়। পণ্যের গুণগত মান, প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যয়, সময়মতো সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের নীতিনির্ধারকদের তাই আরইইআর সূচকের একটি নির্দিষ্ট সংখ্যাকে অর্থনৈতিক সাফল্য বা ব্যর্থতার চূড়ান্ত মাপকাঠি হিসেবে দেখা উচিত নয়। একইভাবে মুদ্রার অবমূল্যায়নকেও প্রতিযোগিতা বাড়ানোর সহজ সমাধান মনে করা ঠিক হবে না।
একটি দেশের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত বৈদেশিক লেনদেনে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, শক্তিশালী রিজার্ভ, রপ্তানি ও বিনিয়োগের সম্প্রসারণ এবং মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা করা। বিনিময় হার সেই লক্ষ্য অর্জনের একটি অংশমাত্র।
মুদ্রার মূল্য অর্থনীতির শক্তি ও দুর্বলতার প্রতিফলন ঘটায়। কিন্তু সেই দুর্বলতা দূর করার বিকল্প হতে পারে না। অর্থনীতির কাঠামোগত সমস্যাগুলো অক্ষত রেখে শুধু বিনিময় হারের পরিবর্তন ঘটালে সংকটের ধরন বদলাবে, কিন্তু সংকটের মূল কারণ থেকে যাবে।
লেখক|| ইশরাত হুসেইন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর।













