ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) বেলা একটার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতার নাম সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় সিরাজ মোল্লার তিন ভাইও হামলায় অংশ নেন বলে জানা গেছে।
একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয়। পুলিশের ওপর হামলার পর দপদপিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লাকে আবার গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে জানতে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।












