ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের বসবাসের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। পানিতে ভিজে গেছে বিছানা, কম্বল ও গদি। অনেকের আশ্রয়স্থল বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পর্যাপ্ত ত্রাণ, জ্বালানি ও উদ্ধার সরঞ্জামের অভাবে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার (৭ নভেম্বর) গাজার স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাত্র ১২ ঘণ্টার বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। গাজায় বৃষ্টিতে প্লাবিত এসব তাঁবুর কারণে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গাজায় বৃষ্টিতে প্লাবিত তাঁবুগুলোর বাসিন্দা ও বিপদে থাকা মানুষের কাছ থেকে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ প্রায় দেড় হাজার জরুরি সহায়তার ফোন পেয়েছে। এ ছাড়া পরিত্যক্ত তিনটি বাড়ি ধসে পড়েছে। তবে এতে কেউ আহত হননি।
তাঁবুর ভেতরে পানি, শিশুদের নিয়ে বিপাকে পরিবার
গাজা সিটির একটি অস্থায়ী তাঁবুশিবিরে বৃষ্টির পানি সরানোর চেষ্টা করতে দেখা গেছে বাসিন্দাদের। কেউ তাঁবুর ছেঁড়া অংশ মেরামত করছেন, কেউ বালু দিয়ে তাঁবুর চারপাশ উঁচু করে পানি ঠেকানোর চেষ্টা করছেন। অনেকেই ভেজা তাঁবু থেকে শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন।
বাসিন্দা ওলফাত মাগদুব নিজের তাঁবু থেকে পানি সরানোর চেষ্টা করেও সফল হননি। তিনি বলেন, বৃষ্টির প্রথম দিনেই তাঁদের তাঁবু পানিতে ডুবে গেছে। পরদিন আবার বৃষ্টি হলে কী হবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি জানান, দুই সপ্তাহ আগের বৃষ্টিতেও তাঁদের বিছানা ভিজে গিয়েছিল। টানা চার দিন মেঝেতে বিছানো কম্বলের ওপর ঘুমাতে হয়েছিল। এবারও গদি ভিজে যাওয়ায় মেঝেতেই রাত কাটাতে হচ্ছে।
বাস্তুচ্যুত আরেক বাসিন্দা রফিক ঘাত্তাস জানান, তাঁদের কাছে কোনো প্রয়োজনীয় সরঞ্জাম নেই। ত্রিপল নেই, নতুন তাঁবু নেই, এমনকি তাঁদের খোঁজ নেওয়ার মতো লোকও নেই। বৃষ্টির পানিতে ডুবে থাকা জায়গায় খালি পায়ে দাঁড়িয়ে তিনি নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন।
জ্বালানি ও সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত
গাজায় বৃষ্টিতে প্লাবিত এলাকায় পানি সরানো ও ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় পৌরসভা ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা। জ্বালানির সংকট এবং উদ্ধার সরঞ্জামের ব্যাপক ক্ষতিই এর কারণ। তাঁদের দাবি, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় গাজায় শত শত যানবাহন ধ্বংস হয়েছে। এর মধ্যে বুলডোজার ও পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত যানও রয়েছে। ফলে বৃষ্টির পানি সরানো, নর্দমা পরিষ্কার এবং জরুরি উদ্ধারকাজ পরিচালনার সক্ষমতা কমে গেছে।
গাজার হামাস পরিচালিত সরকারি গণমাধ্যম দপ্তর অভিযোগ করেছে, ইসরায়েল পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও নির্মাণসামগ্রী প্রবেশ করতে না দেওয়ায় বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
তবে ইসরায়েলি সামরিক বাহিনীর অধীন ত্রাণ সমন্বয়কারী সংস্থা কোগাত জানিয়েছে, ভারী বৃষ্টির আগেই গাজায় স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ জোরদার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রসের মাধ্যমে চলতি সপ্তাহে আরও চারটি বিশেষ পানি নিষ্কাশনকারী যান গাজায় প্রবেশ করেছে। এর আগে গত এক মাসে আটটি যান আনা হয়েছিল। এসব যান পয়োনিষ্কাশন, বর্জ্য অপসারণ এবং পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামো মেরামতের কাজে ব্যবহারের কথা।
পুনর্গঠন নিয়ে অগ্রগতি সামান্য
গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজার পুনর্গঠনের কথা থাকলেও বাস্তবে তেমন অগ্রগতি হয়নি। হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচনায় অচলাবস্থা রয়েছে।
বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাদের হাতে। ওই এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ যুদ্ধের কারণে উপত্যকার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায় অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে এখন অস্থায়ী তাঁবুশিবিরে বসবাস করছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকে উপত্যকাটিতে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই হামলায় ইসরায়েলের প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছিলেন।












