প্রতি বছর জুলাই মাসে স্পেনের পামপ্লোনার প্লাজা দেল কাস্তিয়ো চত্বর ভরে ওঠে সাদা পোশাক আর লাল রুমাল পরা মানুষের ভিড়ে। কাছেই ক্যাফে ইরুনা। এক শতাব্দী আগে এই চত্বরেই বসেছিলেন এক তরুণ মার্কিন লেখক। চারপাশে থাকা বন্ধুদের বেপরোয়া আচরণ দেখেছিলেন, আর সেই অভিজ্ঞতাকেই পরে রূপ দিয়েছিলেন একটি উপন্যাসে। বইটির নাম ‘দ্য সান অলসো রাইজেস’। লেখক আর্নেস্ট হেমিংওয়ে।
১৯২৬ সালে প্রকাশিত উপন্যাসটি শতবর্ষে পা দিয়েছে। একসময় ইউরোপের যুদ্ধোত্তর প্রজন্মের জীবন, হতাশা, ভোগবাদ, সম্পর্কের টানাপোড়েন এবং নৈতিক শূন্যতার এক অসাধারণ চিত্র হিসেবে বইটি পরিচিতি পেয়েছিল। কিন্তু একশ বছর পরও এর গুরুত্ব শুধু সাহিত্যিক কৃতিত্বে সীমাবদ্ধ নেই। বরং সময়ের সঙ্গে উপন্যাসটির চরিত্র, দৃষ্টিভঙ্গি ও নৈতিক সীমাবদ্ধতা নতুন করে প্রশ্নের মুখে পড়ছে।
আমি প্রথম উপন্যাসটি পড়েছিলাম ১৬ বছর বয়সে। এর ঘটনাগুলোর প্রায় ৮৫ বছর পর। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে প্রথমবার পামপ্লোনায় যাই। উদ্দেশ্য ছিল সান ফেরমিন উৎসব দেখা এবং ষাঁড়ের দৌড়ে অংশ নেওয়া। হেমিংওয়ে ১৯২৬ সালে যে উন্মত্ততা, উত্তেজনা ও আবেগের ছবি এঁকেছিলেন, তার কিছুটা নিজের অভিজ্ঞতায় অনুভব করতে চেয়েছিলাম। এরপর কয়েক বছর পরপরই সেখানে ফিরে গেছি। এ বছর শতবর্ষ উপলক্ষে আবারও গেলাম। এবার ষাঁড়ের দৌড় দেখতে নয়, বরং উপন্যাসটি তার জন্মস্থানের পরিবেশে বসে পড়তে। অভিজ্ঞতা হতাশ করেনি। শহরের ষাঁড়ের লড়াইয়ের ময়দানের এক পাশে টাঙানো হয়েছিল উপন্যাসটির শতবর্ষ উদ্যাপনের বিশাল ব্যানার।
যে লেখার ভঙ্গি বদলে দিয়েছিল উপন্যাসের ভাষা
‘দ্য সান অলসো রাইজেস’ ১৯২৬ সালের অক্টোবরে প্রকাশ করে স্ক্রিবনার্স। তখন হেমিংওয়ের বয়স মাত্র ২৭ বছর। পরের বছর লন্ডনে জোনাথন কেপ প্রকাশনা সংস্থা বইটি ‘ফিয়েস্তা’ নামে প্রকাশ করে।
এখন প্রশ্ন হলো, উপন্যাসটি সময়ের পরীক্ষায় কতটা টিকে আছে? আধুনিক মূল্যবোধের বিচারে এর অনেক দিকই আজ অস্বস্তিকর। কিন্তু বারবার পড়ার পরও কেন বইটির কাছে ফিরে যেতে হয়, সেটিই বরং বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আজকের পাঠকের পক্ষে ১৯২৬ সালে উপন্যাসটির ভাষা কতটা নতুন ছিল, তা কল্পনা করা কঠিন। হেমিংওয়ের লেখার ধরন এতটাই পরিচিত হয়ে গেছে যে এক শতাব্দী ধরে তা অনুকরণ, অনুসরণ এবং ব্যঙ্গের বিষয় হয়েছে। জনপ্রিয় সংস্কৃতিতে তাঁর বই অনেক সময় এমন এক গম্ভীর, স্বল্পভাষী, যন্ত্রণাকাতর পুরুষের প্রতীক হয়ে উঠেছে, যে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। এমনকি ‘গিলমোর গার্লস’ ধারাবাহিকের জেস মারিয়ানোর মতো চরিত্রকেও হেমিংওয়ের ভক্ত হিসেবে দেখানো হয়েছে।
কিন্তু প্রকাশের সময় বইটির ভাষা ছিল একেবারেই ব্যতিক্রমী। বাক্যগুলো প্রায় অলংকারহীন, ছোট এবং তথ্যনির্ভর। সংলাপগুলো যেন সংক্ষিপ্ত কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য—মানুষ যেভাবে বাস্তবে কথা বলে, চরিত্রগুলোও সেভাবেই কথা বলে। অনেক কথার অর্থ সরাসরি বলা হয় না; পাঠককে নিজেই তা বুঝে নিতে হয়। লেখক সবকিছু ব্যাখ্যা করে দেন না। শুধু পানীয় পেরনোর পরিচয় দিতে গিয়ে সামান্য অভিভাবকসুলভ ব্যাখ্যা রয়েছে।
মাতাল অবস্থায় কথোপকথনের বিবরণও প্রায় হুবহু তুলে ধরা হয়েছে, বাড়তি ব্যাখ্যা বা অলংকার ছাড়াই। অথচ স্থানগুলোর বর্ণনা এতটাই জীবন্ত যে পাঠকের চোখের সামনে দৃশ্যগুলো স্পষ্ট হয়ে ওঠে। পামপ্লোনার কেন্দ্রীয় চত্বর, বাসে করে বাস্ক অঞ্চলের পাহাড়ি পথ পেরোনো কিংবা তীর্থযাত্রীদের দখলে চলে যাওয়া খাবারের কামরায় ঠাসা ট্রেন—সবই যেন চোখের সামনে দেখা যায়। অপ্রয়োজনীয় বিশেষণ না থাকায় দৃশ্যগুলোর প্রভাব আরও গভীর হয়েছে। প্রকাশের পর উপন্যাসটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
বাস্তব মানুষ, কল্পিত চরিত্র এবং ক্ষতিগ্রস্ত সম্পর্ক
তবে উপন্যাসটি কখনোই বিতর্কের বাইরে ছিল না। বইটি হেমিংওয়ের কয়েকজন বন্ধুর জীবন কিংবা অন্তত তাঁদের সামাজিক মর্যাদায় আঘাত করেছিল। বাস্তব মানুষদের পরিচয় আড়াল করতে তিনি যে ছদ্মনাম ব্যবহার করেছিলেন, সেগুলো ছিল এতটাই কাছাকাছি যে তাঁদের চিনে ফেলা কঠিন ছিল না।
উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র লেডি ব্রেট অ্যাশলি ছিলেন লেডি ডাফ টুইসডেনের আদলে তৈরি। ইংরেজ এই সমাজকর্মী ও অভিজাত নারী দুবার বিবাহ করেছিলেন। হেমিংওয়ে তাঁর প্রতি আকৃষ্ট ছিলেন। ব্রেটের প্রেমিক মাইক ক্যাম্পবেলের বাস্তব প্রতিরূপ ছিলেন ডাফের প্রেমিক প্যাট গুথরি। ইহুদি-আমেরিকান ঔপন্যাসিক রবার্ট কোহনের চরিত্রটি তৈরি হয়েছিল আরেক ইহুদি-আমেরিকান লেখক হ্যারল্ড লোয়েবকে ঘিরে। বাস্তব জীবনে লোয়েব ডাফের সঙ্গে উপকূলে গিয়েছিলেন এবং তাঁদের মধ্যে স্বল্পস্থায়ী কিন্তু তীব্র সম্পর্ক তৈরি হয়েছিল। বিল গর্টন চরিত্রের পেছনেও লেখক ডন স্টুয়ার্টের কিছু প্রভাব ছিল। স্টুয়ার্ট একসময় বলেছিলেন, উপন্যাসটি আসলে নিছক সাংবাদিকতা।
হেমিংওয়ে তাঁর বন্ধুদের ভালো-মন্দ সব দিকই তুলে ধরেছিলেন। বরং বাস্তবের সঙ্গে কল্পনার মিশেলে তাঁদের আরও কিছু দুর্বলতা যোগ করেছিলেন। রবার্ট কোহনের মানসিকভাবে ভেঙে পড়া, জেককে ঘুষি মারা কিংবা ব্রেটের এক কিশোর ষাঁড়যোদ্ধার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার মতো ঘটনাগুলো ছিল লেখকের কল্পনা। কিন্তু এত বাস্তব ঘটনার মধ্যে এসব কাল্পনিক অংশও সত্য বলে মনে হওয়া অস্বাভাবিক ছিল না।
এর সঙ্গে যোগ হয়েছিল আরেকটি অপমান। যেসব লেখক বন্ধুকে নিয়ে হেমিংওয়ে ব্যঙ্গ করেছিলেন, তাঁদের নিজেদের বইয়ের চেয়ে তাঁর উপন্যাসই বেশি বিক্রি হয়েছিল। ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর সেই অস্বস্তি তাঁদের কাছে আরও তীব্র হয়ে উঠেছিল।
জেক: লেখকের আত্মপ্রতিকৃতি, নাকি অবিশ্বস্ত কথক?
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জেক। অনেক পাঠকই তাঁকে হেমিংওয়ের আত্মপ্রতিকৃতির আংশিক রূপ বলে মনে করেন। তবে জেক কোনো আদর্শ নায়ক নন। যুদ্ধে আহত হয়ে তিনি যৌন সক্ষমতা হারিয়েছেন। উপন্যাসের ওপরিভাগে তাকালে মনে হয়, এর মূল বিষয় পুরুষত্ব—কিংবা পুরুষত্বের অভাব। সাহিত্যের শিক্ষক হয়তো একে ‘ক্ষমতা ও ক্ষমতাহীনতা’র গল্প বলতেন। শেষ পর্যন্ত অর্থটা একই।
হেমিংওয়ের স্ত্রী হ্যাডলি বাস্তবে সেই আলোচিত ভ্রমণে উপস্থিত থাকলেও উপন্যাসে তাঁর কোনো উপস্থিতি নেই। অথচ বইটি তাঁকেই উৎসর্গ করা হয়েছিল। পরে হেমিংওয়ে অন্য এক নারীর জন্য হ্যাডলিকে ছেড়ে গেলে বিবাহবিচ্ছেদের সময় উপন্যাসটির স্বত্ব ও রয়্যালটির অধিকারও হ্যাডলিকে দিয়ে দেন। ঘটনাটি ঘটেছিল ‘মেন উইদাউট উইমেন’ প্রকাশের ঠিক আগে। হয়তো হেমিংওয়ে নিজের বিবাহিত অবস্থাকেও একধরনের অক্ষমতা হিসেবে কল্পনা করেছিলেন—যা জেক ও হেমিংওয়ের প্রতিরূপকে ব্রেট ও ডাফের সঙ্গে সম্পর্ক পূর্ণতা দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
বারবার পড়লে জেক এবং হেমিংওয়ে—দুজনকেই ক্রমে কম আকর্ষণীয় মনে হয়। উপন্যাসের শুরুতেই দেখা যায়, জেক প্যারিসে এক যৌনকর্মীকে রাতের খাবারের জন্য নিয়ে যাচ্ছেন। অথচ মনে মনে তাঁর চেহারা ও আচরণ নিয়ে তাচ্ছিল্য করছেন। নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তাঁর ধারণার সঙ্গে যুক্ত হয়েছে দুর্বল মানের প্রেম নিবেদনের চেষ্টা। জর্জেট যখন পেরনো পানীয়ের অর্ডার দেন, জেক ঠাট্টা করে বলেন, ‘এটা ছোট মেয়েদের জন্য ভালো নয়।’
পরে এক রেস্তোরাঁয় প্রবাসী বন্ধুদের সঙ্গে বসে তিনি তাঁদের ফরাসি ভাষাজ্ঞান নিয়ে তীব্র বিদ্রূপ করেন। অথচ হেমিংওয়ের নিজের ফরাসি ভাষার দক্ষতাও খুব একটা ভালো ছিল না। ধীরে ধীরে মনে হতে থাকে, ব্রেটের সঙ্গে জেকের অপূর্ণ প্রেমের বেদনা শুধু শারীরিক সম্পর্কের অসম্ভবতা থেকে তৈরি হয়নি। হয়তো জেক ব্রেটের আবেগের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। ব্রেট তাঁকে মানসিক সমর্থনের জন্য কাছে রাখলেও তিনি নিজেকে বোঝাচ্ছিলেন, শারীরিক অক্ষমতাই তাঁদের সম্পর্কের একমাত্র বাধা।
তাহলে কি জেকও সেইসব প্রেমিকের একজন, যারা মেনে নিতে পারে না যে সম্পর্কটি অন্য পক্ষের কাছে কখনোই সমান গুরুত্বপূর্ণ ছিল না? তাঁর মদ্যপান, ক্ষোভ এবং ব্রেটকে ঘিরে অতিরিক্ত আসক্তি কি তাঁকে অবিশ্বস্ত কথকে পরিণত করেছে? পাঠককে এসব প্রশ্নের মুখোমুখি হতে হয়।
রবার্ট কোহন: উপন্যাসের সবচেয়ে সৎ যন্ত্রণাভোগী?
উপন্যাসের সব চরিত্রকে মদ্যপ বলা হয়—এই প্রচলিত ধারণার সঙ্গে আমার আপত্তি রয়েছে। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে তারা কেউই আদর্শ মানুষ নয়। অধিকাংশই আত্মকেন্দ্রিক, ভোগবাদী এবং নিজেদের মানসিক ক্ষত নিয়ে ব্যস্ত। নিজেদের কঠিন ও অনুভূতিহীন মানুষ হিসেবে দেখাতে চায়, কিন্তু সেই চেষ্টায় অনেক সময় তাদের নিষ্ঠুর ও প্রায় সমাজবিচ্ছিন্ন মনে হয়।
তারপরও তারা সাহিত্যের স্মরণীয় চরিত্রগুলোর মতোই জীবন্ত। এলিজাবেথ বেনেট, কাসাবন কিংবা জে গ্যাটসবির মতোই তাদের দুর্বলতা, দ্বন্দ্ব ও আচরণ পাঠকের মনে জায়গা করে নেয়। হেমিংওয়ের সংক্ষিপ্ত, আধুনিক গদ্যভঙ্গি এই চরিত্রগুলোকে বিশেষ মাত্রা দিয়েছে।
রবার্ট কোহনের কথাই ধরা যাক। জেক যাঁকে প্রতিটি সুযোগে অপমান করেন এবং পাঠককেও ঘৃণা করতে উৎসাহিত করেন, পুনরায় পড়লে সেই কোহনকেই উপন্যাসের সবচেয়ে সৎ যন্ত্রণাভোগী বলে মনে হতে পারে। তিনিই একমাত্র চরিত্র, যিনি নিজের কষ্ট লুকানোর ভান করেন না। আর এ কারণেই অন্যরা তাঁকে শাস্তি দেয়।
অবশ্য কোহনের মধ্যে হাস্যকর দিকও রয়েছে। তিনি আত্মমুগ্ধ এক রোমান্টিক মানুষ, যিনি নিজের প্রেমিকা ফ্রান্সেস ক্লাইনের সঙ্গে ভালো আচরণ করেন না। বয়স ত্রিশের কোঠায় পৌঁছে একজন নারী হিসেবে উপন্যাসটি পড়তে গিয়ে ফ্রান্সেসকে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় চরিত্র বলে মনে হয়েছে।
জেকের কোহনের প্রতি ঘৃণার প্রকাশ্য কারণগুলো হলো—কোহন পোলো শার্ট পরেন, তাঁর শারীরিক গড়ন জেকের চেয়ে বড় এবং তিনি সেই নারীর সঙ্গে সম্পর্ক করেছেন, যাঁকে জেক ভালোবাসেন। অথচ ব্রেটের অন্য প্রেমিকদের তিনি সহ্য করেন। কোহনের ক্ষেত্রে তাঁর অসহিষ্ণুতা অনেক বেশি। এর পেছনে কোহনের ইহুদি পরিচয়ও যে বড় কারণ, তা উপন্যাসের নানা জায়গায় স্পষ্ট হয়ে ওঠে।
কোহনের ইহুদি পরিচয় বারবার উল্লেখ করা হয়েছে, প্রায় প্রতিবারই তার সঙ্গে যুক্ত হয়েছে বিদ্রূপ কিংবা অপমান। জেক সরাসরি বিষয়টি না বললেও মাইক এক জায়গায় বলে, ব্রেট অনেক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু তাঁদের কেউ ইহুদি ছিলেন না এবং সম্পর্কের পর এভাবে তাঁর আশপাশে ঘোরেননি। অন্যরাও কোহনের ‘ইহুদি শ্রেষ্ঠত্ববোধ’ নিয়ে অভিযোগ করে।
এটি স্পষ্টতই ইহুদিবিদ্বেষী লেখা। উপন্যাসটি হলোকাস্টের আগের ইউরোপের পটভূমিতে লেখা বলে এতে এমন মনোভাব থাকা বিস্ময়কর নয়। কিন্তু বিষয়টি উপেক্ষা করাও উচিত নয়। উপন্যাসটি তার সময়ের সামাজিক দৃষ্টিভঙ্গিরই একটি দলিল। বিলের ভিয়েনা ভ্রমণের বর্ণনায় অন্য জাতিগোষ্ঠীর প্রতি বর্ণবাদী মনোভাবও প্রকাশ পেয়েছে। প্যারিসের নাচের আসরের একটি দৃশ্যে সমকামিতার প্রতি বিদ্রূপ রয়েছে। ব্রেটের সঙ্গীদের প্রতিও জেকের আচরণ অনেক সময় আক্রমণাত্মক হয়ে ওঠে। ঢেউখেলানো চুলের পুরুষ বন্ধুরা সামাজিক ও যৌনতার প্রচলিত নিয়ম ভেঙে আনন্দ করছে—আর তাদের সঙ্গে রয়েছেন ব্রেট। বিষয়টি জেক সহ্য করতে পারেন না। তাদের চুল, নাচের ভঙ্গি ও শরীরী অভিব্যক্তির প্রতি তাঁর অতিরিক্ত মনোযোগে ঈর্ষা কিংবা আকাঙ্ক্ষার কোনো ছাপ আছে কি না, তা পাঠকের বিবেচনার বিষয়।
ব্রেট অ্যাশলি: স্বাধীন নারী, নাকি নিজের জীবন থেকে বিচ্ছিন্ন?
এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, হেমিংওয়ে নারী চরিত্রগুলোকে কীভাবে দেখেছেন। বিশেষ করে লেডি ব্রেট অ্যাশলিকে। উপন্যাসে প্রথম তাঁর আবির্ভাব প্যারিসের এক ধোঁয়াটে নাচের আসরে, কয়েকজন সমকামী পুরুষের সঙ্গে। এরপর তিনি জেককে নিজের সঙ্গী হিসেবে নিয়ে শহর ঘুরে বেড়ান এবং নিজের দুর্দশার কথা জানান। পরে বিভিন্ন ছুটির জায়গায় একের পর এক প্রেমের সম্পর্কে জড়ান। শেষ পর্যন্ত এক কিশোর ষাঁড়যোদ্ধার সঙ্গে সম্পর্ক তৈরি হয়, যাকে পরে মাদ্রিদে ছেড়ে চলে যান। স্বাধীন জীবনের আকর্ষণ কি শেষ পর্যন্ত তাঁর জন্য বিপর্যয় হয়ে দাঁড়ায়?
প্রথমবার পড়ার সময় ব্রেট আমাকে মুগ্ধ করেছিলেন। তিনি ছিলেন যৌন স্বাধীনতা ও আধুনিক নারীত্বের প্রতীক—যাঁকে প্রায় সবাই আকাঙ্ক্ষা করে। তিক্ত বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়া ৩৪ বছর বয়সী এক নারী, যিনি ঘরে ঢুকলেই পুরুষদের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর চলাফেরা, পোশাক ও ব্যক্তিত্বে ছিল একধরনের স্বতঃস্ফূর্ত আকর্ষণ। এক হাতে শ্যাম্পেনের গ্লাস, অন্য হাতে সিগারেট নিয়ে তিনি প্যারিসের অভিজাত পরিবেশে যেমন স্বচ্ছন্দ, তেমনি বাস্ক অঞ্চলের কোনো সরাইখানায় পিপে থেকে সরাসরি পান করতেও তাঁর দ্বিধা নেই।
প্রথম দেখায় তাঁকে স্বাধীন ও আত্মবিশ্বাসী মনে হয়। কিন্তু পরে বুঝেছি, ব্রেট আসলে হেমিংওয়ের ‘হারিয়ে যাওয়া প্রজন্মের’ সবচেয়ে অসহায় চরিত্রগুলোর একজন। এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে ছুটে বেড়ানো, বিনোদন, স্বীকৃতি, মানসিক সমর্থন ও অর্থের জন্য পুরুষদের ওপর নির্ভরশীল থাকা—এসবের মধ্যে তাঁর স্বাধীনতার সীমাবদ্ধতা স্পষ্ট। হাতে শ্যাম্পেনের গ্লাস থাকলেও নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার মতো মানসিক শক্তি তাঁর নেই।
হেমিংওয়ের নারী চরিত্র নিয়ে দীর্ঘদিনের বিতর্কের কেন্দ্রে রয়েছেন ব্রেট। লেখকের নারী চরিত্রগুলো সাধারণত খুব জটিলভাবে নির্মিত হয়নি। অনেক সময় তারা দুই ধরনের একটিতে সীমাবদ্ধ—পুরুষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া নারী, অথবা পুরুষের প্রতি সম্পূর্ণ অনুগত প্রেমিকা। উপন্যাসের অন্য নারীদেরও খুব গুরুত্ব দিয়ে দেখানো হয়নি।
তাহলে ব্রেট কি ধ্বংসের কারণ, নাকি নিজেই পরিস্থিতির শিকার? তিনি কি নারীবিদ্বেষী কল্পনার একটি চরিত্র, নাকি মার্কিন সাহিত্যের অন্যতম জটিল নারী চরিত্র? সমস্যা হলো, উপন্যাসটি পুরুষদের প্রায় সব দুর্ভোগের কারণ হিসেবে তাঁকে দাঁড় করিয়েছে। এতে তাঁর নিজের কষ্ট আড়ালে পড়ে যায়, কিংবা পাঠকের মনোযোগ অন্যদিকে সরে যায়। এমনকি ব্রেট নিজেকেও ‘বিচ’ বলে উল্লেখ করেন।
তবে হেমিংওয়ের প্রথম পরিকল্পনা সম্ভবত এমন ছিল না। পাণ্ডুলিপির একটি প্রাথমিক খসড়ার শুরুতেই লেখা ছিল, ‘এটি একজন নারীকে নিয়ে উপন্যাস।’ এরপর ব্রেটের অতীত ও জীবনকাহিনি তুলে ধরা হয়েছিল। কিন্তু লেখক এফ স্কট ফিটজেরাল্ডের পরামর্শে শেষ পর্যায়ে প্রথম দেড়টি অধ্যায় বাদ দেওয়া হয়। অর্থাৎ ব্রেটকে শুরু থেকেই উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে ভাবা হয়েছিল।
ষাঁড়ের লড়াই: ঐতিহ্য, শিল্প নাকি নিষ্ঠুরতা?
উপন্যাসের কেন্দ্রে রয়েছে ষাঁড়—যেমন রয়েছে পুরুষত্বের প্রশ্ন। হেমিংওয়ের কাছে ষাঁড়ের লড়াই নিছক খেলা ছিল না। তাঁর চোখে এটি ছিল একধরনের বিশুদ্ধতা ও মহত্ত্বের প্রতীক, যা প্রবাসী চরিত্রগুলোর বিশৃঙ্খলা, প্রবৃত্তিনির্ভর জীবন ও অর্থহীনতার বিপরীতে দাঁড়ায়।
এ বছর পামপ্লোনায় যাওয়ার পথে প্রায় ৫০ বছর ধরে ষাঁড়ের লড়াই দেখে আসছেন এমন এক অনুরাগীর সঙ্গে কথা হয়েছিল। তিনি এই লড়াইয়ের কথা বলছিলেন শিল্পের মতো করে—এমন এক আচার, যার নিয়ম স্মৃতিরও আগের সময় থেকে চলে আসছে। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, লেখার প্রচলন হওয়ারও আগে মানুষ ষাঁড়ের সঙ্গে নানা ধরনের খেলা বা প্রতিযোগিতায় অংশ নিত।
ক্রিটের নসোসে পাওয়া প্রাচীন দেয়ালচিত্রে সাড়ে তিন হাজার বছর আগের মিনোয়ান তরুণদের ছুটন্ত ষাঁড়ের শিংয়ের ওপর দিয়ে লাফ দেওয়ার দৃশ্য দেখা যায়। প্রাচীনকাল থেকেই ভূমধ্যসাগরীয় অঞ্চলে ষাঁড় শক্তি ও আত্মত্যাগের প্রতীক। আধুনিক ষাঁড়ের লড়াই সেই ঐতিহ্যেরই এক প্রাচীন, শারীরিক ও নিষ্ঠুর উত্তরাধিকার।
প্রাণীপ্রেমী হিসেবে এই ঐতিহ্যের আধুনিক রূপকে হেমিংওয়ের মতো রোমান্টিকভাবে দেখা আমার পক্ষে কঠিন। বিশ্বজুড়েও এ বিষয়ে মনোভাব বদলাচ্ছে। দর্শকসংখ্যা কমছে; এমনকি কাতালোনিয়া একসময় ষাঁড়ের লড়াই পুরোপুরি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল।
হয়তো আজ ‘দ্য সান অলসো রাইজেস’ পড়া আর ষাঁড়ের লড়াই দেখা—দুটিই একই ধরনের অভিজ্ঞতা। দুটো ক্ষেত্রেই আমরা এমন এক সময়ের দিকে তাকিয়ে থাকি, যা এখন অতীতের অংশ। ষাঁড়ের লড়াই উত্তেজনাপূর্ণ ও সম্মোহিত করার মতো হতে পারে, আবার একই সঙ্গে ভয়াবহ ও নিষ্ঠুরও হতে পারে। হেমিংওয়ের সাহিত্যিক প্রতিভা অসাধারণ হতে পারে, কিন্তু তাঁর নৈতিক দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রেই অগ্রহণযোগ্য। তাঁর উপন্যাস একই সঙ্গে জীবন্ত, মানবিক এবং বিষাক্ত।
পর্যটনের ভিড়ে বদলে গেছে উপন্যাসের ভূগোল
একসময় প্যারিসের লেফট ব্যাংকের যে প্রবাসী লেখক-শিল্পীদের জগৎ ছিল, এখন সেটি পর্যটকদের হাঁটাহাঁটির নির্ধারিত পথ। হাতে দেওয়া হয় প্লাস্টিকের আবরণে মোড়া মানচিত্র। যে ক্যাফেতে একসময় অর্থকষ্টে থাকা তরুণ লেখক এক কাপ কফি নিয়ে সকালভর বসে থাকতে পারতেন, এখন সেই জায়গাগুলো হেমিংওয়ের স্মৃতির জন্য পর্যটকদের কাছ থেকে চড়া দাম নেয়।
পামপ্লোনার অভিজ্ঞতাও একই সঙ্গে ভালো ও খারাপ। সান ফেরমিন উৎসবকে হেমিংওয়ে ইংরেজিভাষী বিশ্বের কাছে একসময় প্রায় গোপন এক উৎসব হিসেবে পরিচিত করেছিলেন। এখন সেখানে প্রতি বছর কয়েক লাখ পর্যটক আসেন। তাঁদের অনেকেই আসেন এমন একটি উপন্যাসের আকর্ষণে, যা তাঁরা কখনো পড়েননি।
তারপরও উৎসবের প্রাণশক্তি হারিয়ে যায়নি। সকাল সাতটার সময় ষাঁড়ের দৌড় দেখার জন্য রাস্তায় মানুষের ভিড় জমে। ভালো জায়গা পাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে ওঠে। বিশালদেহী ষাঁড়গুলোর উপস্থিতি, তাদের দৌড়ের উত্তেজনা এবং সম্ভাব্য বিপদের আশঙ্কা সবার মধ্যে ছড়িয়ে পড়ে।
প্রথমবার সেখানে গিয়ে আমিও ষাঁড়ের দৌড়ে অংশ নিয়েছিলাম। একবার হোঁচট খেয়ে পড়ে গিয়ে অল্পের জন্য বড় ধরনের আঘাত থেকে বেঁচে যাই।
বারবার পড়ার কারণ, প্রতিবার নতুন উপলব্ধি
প্রথমবার পড়ার সময় উপন্যাসটির অনেক কিছুই আমার চোখ এড়িয়ে গিয়েছিল। সে কারণেই বারবার ফিরে আসি। হেমিংওয়ে তাঁর ‘ডেথ ইন দ্য আফটারনুন’ বইয়ে লেখার কৌশল বোঝাতে হিমশৈলের উপমা ব্যবহার করেছিলেন। তাঁর মতে, একটি হিমশৈলের আট ভাগের সাত ভাগ পানির নিচে লুকিয়ে থাকে। সাহিত্যের ক্ষেত্রেও লেখার দৃশ্যমান অংশের নিচে অনেক অর্থ ও তাৎপর্য অপ্রকাশিত থেকে যায়। এই ধারণাই পরে ‘আইসবার্গ তত্ত্ব’ নামে পরিচিত হয়।
১৬ বছর বয়সে উপন্যাসটির দৃশ্যমান অংশটুকুই বুঝেছিলাম। প্রতিবার পড়ার সময় নতুন কিছু আবিষ্কার করি। হয়তো অষ্টমবার পড়ার সময়—সম্ভবত পঞ্চাশের কোঠায় পৌঁছে—এর আরও গভীর অর্থ বুঝতে পারব।
হেমিংওয়েকে ভালোবাসুন কিংবা অপছন্দ করুন, তাঁর অসাধারণ সাহিত্যিক প্রতিভা অস্বীকার করা কঠিন। তাঁর মূল্যবোধের অনেক কিছুই সময়ের পরীক্ষায় টেকেনি, কিন্তু মানুষ ও সামাজিক শ্রেণিবিন্যাস সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ এখনো প্রাসঙ্গিক। যেসব উপন্যাস শতবর্ষ পেরিয়েও টিকে থাকে, সেগুলো এমনই—পরবর্তী প্রজন্মের সমালোচনা ও নতুন মূল্যবোধের চাপ সহ্য করার ক্ষমতা তাদের থাকে।
প্রজন্ম হারিয়ে যায়, পৃথিবী থেকে যায়
উপন্যাসের শুরুতে হেমিংওয়ে দুটি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন। প্রথমটি লেখক গারট্রুড স্টাইনের: ‘তোমরা সবাই এক হারিয়ে যাওয়া প্রজন্ম।’ দ্বিতীয়টি বাইবেলের উপদেশক গ্রন্থ থেকে: এক প্রজন্ম চলে যায়, আরেক প্রজন্ম আসে, কিন্তু পৃথিবী থেকে যায়।
‘হারিয়ে যাওয়া প্রজন্ম’ আজ ইতিহাসের অংশ। হেমিংওয়ে, ডাফ, লোয়েব ও গুথরি—সবাই বহু আগে মারা গেছেন। কিন্তু পৃথিবী রয়ে গেছে। ইরাতি নদী এখনো পাহাড় থেকে নেমে শীতল জল বয়ে আনে। বুরগুয়েতের হোটেলের পরিবেশনকারীরা এখনো অতিথিদের সঙ্গে খুব একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করেন না। মালভূমির ওপর দিয়ে সূর্য এখনো ওঠে। ভোরের আলো ফুটতেই ষাঁড়ের দৌড় শুরু হয়।
আর তাদের সঙ্গে থেকে যায় উপন্যাসটিও। শত বছর পরও ‘দ্য সান অলসো রাইজেস’ শুধু একটি সময়ের স্মারক নয়; এটি এমন এক সাহিত্যকর্ম, যা পাঠককে একই সঙ্গে মুগ্ধ করে, অস্বস্তিতে ফেলে এবং নিজের সময়ের মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।












