শ্রমিক অসন্তোষের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন।
ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। নারায়ণগঞ্জে শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।
সরাসরি নজরদারিতে বিজিবি সদর দপ্তর
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে বিশেষ নজরদারি কেন্দ্র চালু করা হয়েছে। ড্রোন, সদস্যদের শরীরে থাকা ক্যামেরা এবং বিভিন্ন পর্যবেক্ষণযন্ত্রের সরাসরি ভিডিওর মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন এলাকায় মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয় এবং পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বাহিনী প্রস্তুত রয়েছে।












