রাতের খাবার খাওয়ার পর পেট ভরা। তারপরও কিছুক্ষণ যেতে না যেতেই আবার খাবার খুঁজতে ইচ্ছা করে। কখনো বিস্কুট, কখনো মিষ্টি, আবার কখনো চকলেট বা অন্য কোনো মুখরোচক খাবারের প্রতি তৈরি হয় প্রবল আকর্ষণ। অনেকের কাছে এটি নিছক অভ্যাস মনে হলেও এর পেছনে রয়েছে শরীরের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, মস্তিষ্কের প্রতিক্রিয়া এবং দৈনন্দিন জীবনযাপনের প্রভাব।
গবেষণায় দেখা গেছে, প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রতিদিন রাতের খাবারের পর কিছু না কিছু খান। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এ প্রবণতা আরও বেশি। রাতে খাবার খাওয়ার অভ্যাস নিয়মিত হলে ওজন বৃদ্ধি ও স্থূলতার ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঘুমাতে যাওয়ার আগের দুই ঘণ্টার মধ্যে যত বেশি খাবার খাওয়া হয়, ওজন বৃদ্ধি ও স্থূলতার আশঙ্কাও তত বাড়তে পারে।
সন্ধ্যার দিকে কেন ক্ষুধা বাড়ে
সারাদিনের তুলনায় সন্ধ্যা ও রাতে অনেকের ক্ষুধা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঘ্রেলিন নামের একটি হরমোনের। এটি ক্ষুধা বাড়াতে মস্তিষ্ককে সংকেত দেয়। যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস বেটসের মতে, দিনের শেষভাগে সাধারণত এই ক্ষুধা উদ্দীপক হরমোনের মাত্রা বেশি থাকে। দিনের প্রথম খাবার খাওয়ার পর এর মাত্রা কমলেও দুপুর বা রাতের খাবারের পর একই ধরনের প্রভাব সব সময় দেখা যায় না।
খাবারের ধরনও এখানে গুরুত্বপূর্ণ। প্রোটিন, আঁশ এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি রয়েছে এমন খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। অন্যদিকে, রাতের খাবারে প্রয়োজনীয় পুষ্টি ও তৃপ্তি না থাকলে কিছুক্ষণ পর আবার ক্ষুধা অনুভূত হতে পারে। কেউ কেউ রাতে ঘুমের মধ্যে ক্ষুধা লাগার আশঙ্কায় আগেভাগেই অতিরিক্ত খাবার খান। আবার অনেকের ক্ষেত্রে এটি নিছক অভ্যাসে পরিণত হয়।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজান হিগসের মতে, নির্দিষ্ট পরিবেশের সঙ্গে খাবার খাওয়ার অভ্যাস তৈরি হলে সেই পরিবেশই পরবর্তী সময়ে ক্ষুধা বা খাবারের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে পারে। যেমন, টেলিভিশন দেখতে দেখতে নিয়মিত নাশতা খাওয়ার অভ্যাস থাকলে শুধু টেলিভিশন চালু করলেই খাবার খেতে ইচ্ছা হতে পারে।
রাতে মিষ্টি বা চর্বিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়ে কেন
রাতে খাবার খাওয়ার ইচ্ছা বাড়ার পেছনে শুধু শারীরিক ক্ষুধা কাজ করে না। মস্তিষ্কের পুরস্কারপ্রাপ্তি বা আনন্দ অনুভবের ব্যবস্থাও এ ক্ষেত্রে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, দিনের অন্য সময়ের তুলনায় সন্ধ্যা ও রাতে উচ্চ ক্যালরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে। বিশেষ করে চর্বি, চিনি ও লবণসমৃদ্ধ খাবার মস্তিষ্কের আনন্দ ও পুরস্কারসংক্রান্ত অংশকে সক্রিয় করে।
যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় ও কানাডার ইউনিভার্সিটি অব মনকটনের গবেষক ক্রিস্টিন বিউলিউ জানান, দিনের শেষভাগে চর্বিযুক্ত খাবারের প্রতি মানুষের আগ্রহ তুলনামূলক বেশি হতে পারে। এ আকর্ষণ অনেক সময় পেট ভরে যাওয়ার স্বাভাবিক সংকেতকেও ছাপিয়ে যায়। এ কারণেই রাতের খাবার ভালোভাবে খাওয়ার পরও অনেকে মিষ্টি, বিস্কুট বা চকলেট খুঁজতে থাকেন। বিষয়টি সব সময় ইচ্ছাশক্তির অভাব নয়; শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়াও এর জন্য দায়ী হতে পারে।
রাতে নাশতা খেলে ঘুমের সমস্যা হয়?
এ বিষয়ে গবেষণায় এখনো নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে রাতে ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খেলে হজমপ্রক্রিয়ায় চাপ পড়তে পারে এবং শরীরের স্বাভাবিক ঘুমের প্রস্তুতি ব্যাহত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পরিশোধিত শর্করা ও বাড়তি চিনি রয়েছে এমন খাবার, যেমন সাদা পাউরুটি, সাদা ভাত, বিস্কুট ও কেকের সঙ্গে ঘুমের মান খারাপ হওয়ার সম্পর্ক থাকতে পারে। এ ধরনের খাবার রক্তে শর্করার মাত্রায় দ্রুত ওঠানামা ঘটাতে পারে। পাশাপাশি ক্ষুধা ও ঘুম নিয়ন্ত্রণকারী কিছু হরমোনের কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হয়।
তবে কোনটি আগে ঘটছে, তা নিশ্চিত করা কঠিন। অর্থাৎ, রাতে মিষ্টি খাবার খাওয়ার কারণে ঘুমের সমস্যা হচ্ছে, নাকি ঘুমের অভাবের কারণে মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বাড়ছে, তা সব ক্ষেত্রে স্পষ্ট নয়। যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ঘুমবিষয়ক গবেষক জোনাথন জনস্টনের মতে, ঘুমের ঘাটতি ক্ষুধা বাড়ানোর পাশাপাশি উচ্চ ক্যালরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণও বাড়ায়। তাই রাতে খাবার খাওয়ার অভ্যাস ও ঘুমের সমস্যার মধ্যে সম্পর্ক থাকলেও একটিকে সরাসরি অন্যটির কারণ হিসেবে চিহ্নিত করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো নেই।
রাতে খাবার খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করবেন যেভাবে
বিশেষজ্ঞদের মতে, রাতে বারবার খাবার খাওয়ার অভ্যাস কমাতে প্রথমে বুঝতে হবে এর পেছনে প্রকৃত ক্ষুধা কাজ করছে, নাকি এটি নিছক অভ্যাস। সত্যিকারের ক্ষুধা লাগলে দিনের আগের খাবারগুলো আরও পুষ্টিকর ও পরিতৃপ্তিদায়ক করা প্রয়োজন। বিশেষ করে রাতের খাবারে পর্যাপ্ত প্রোটিন ও আঁশযুক্ত খাবার রাখা উপকারী হতে পারে।
অন্যদিকে, অভ্যাসের কারণে খাওয়ার প্রবণতা থাকলে দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা দরকার। টেলিভিশন দেখা বা মোবাইল ব্যবহারের সময় অকারণে খাবার খাওয়ার অভ্যাস কমাতে হবে। অধ্যাপক সুজান হিগসের মতে, অন্য কাজে মনোযোগ দেওয়ার সময় খাবার খেলে মানুষ কতটুকু খাচ্ছেন, তা খেয়াল করতে পারেন না। ফলে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়ে যায়।
তবে রাতের নাশতা একেবারে বন্ধ করার প্রয়োজন নেই। বরং পরিমাণ নিয়ন্ত্রণ করে পছন্দের খাবার খাওয়াই বেশি কার্যকর। ফল, টক দই ও বাদামের মতো পুষ্টিকর খাবার হাতের কাছে রাখা যেতে পারে। মাঝেমধ্যে অল্প পরিমাণে চকলেট খেলেও তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ঘরে নিয়মিত মিষ্টি ও উচ্চ ক্যালরিযুক্ত খাবার মজুত না রেখে স্বাস্থ্যকর বিকল্প সহজে পাওয়া যায় এমন ব্যবস্থা করা। এতে রাতের বেলায় খাবারের আকাঙ্ক্ষা তৈরি হলেও তুলনামূলক ভালো বিকল্প বেছে নেওয়া সহজ হবে।
শেষ পর্যন্ত রাতে খাবার খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণের মূল কৌশল হলো নিজের ক্ষুধার ধরন বোঝা, খাবারের পুষ্টিমান নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় খাওয়ার অভ্যাস পরিবর্তন করা।












