ইরানের ঐতিহ্যবাহী ক্ষুদ্রচিত্র বা মিনিয়েচার শিল্প শতাব্দীর পর শতাব্দী ধরে নানা রাজনৈতিক পরিবর্তন, সাংস্কৃতিক প্রভাব ও ঐতিহাসিক বিপর্যয়ের মধ্য দিয়ে টিকে আছে। কখনো চীনা শিল্পকলার প্রভাব, কখনো ইউরোপীয় চিত্ররীতির সংস্পর্শ, আবার কখনো স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন—সবকিছুকে ধারণ করেই সমৃদ্ধ হয়েছে এই শিল্পধারা। শিল্প গবেষকদের মতে, এই ঐতিহ্যের স্থায়িত্বের সবচেয়ে বড় কারণ ছিল সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা।
ইরানি শিল্পী ও গবেষক মেহদি হোসেইনির মতে, ইরানি ক্ষুদ্রচিত্র কখনো একটি নির্দিষ্ট শৈলীতে আটকে থাকেনি। শিরাজ, হেরাত, তাবরিজ ও ইসফাহানসহ বিভিন্ন অঞ্চলে সময়ের সঙ্গে এর আলাদা আলাদা শিল্পরীতি গড়ে উঠেছে। পরবর্তী সময়ে কাজার যুগ এবং আধুনিক সময়েও এই ধারার পরিবর্তন অব্যাহত ছিল।
শিল্পটির ইতিহাস নিয়ে নতুন করে আলোচনার উপলক্ষ হয়েছে শিল্প ইতিহাসবিদ শিলা ক্যানবির লেখা ‘ইরানি চিত্রকলা’ বইটির অনুবাদ প্রকাশ। এ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে হোসেইনি ইরানি ক্ষুদ্রচিত্রের বিকাশ, বিদেশি প্রভাব, রাজকীয় পৃষ্ঠপোষকতা এবং শিল্পী কামালউদ্দিন বেহজাদের অবদান তুলে ধরেছেন।
চীনা শিল্পের প্রভাব, কিন্তু নিজস্ব পরিচয়
ইরানি ক্ষুদ্রচিত্রের বিকাশে চীনা শিল্পকলার প্রভাব ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে ইলখানি শাসনামলে তাবরিজে চীনা ও ইরানি শিল্পীদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। সে সময় অনেক চীনা চিত্রশিল্পী তাবরিজে এসে স্থানীয় শিল্পীদের সঙ্গে একই কর্মশালায় কাজ করতেন।
এর ফলে দুই দেশের শিল্পরীতির মধ্যে পারস্পরিক আদান-প্রদান ঘটে। ইরানি শিল্পীরা চীনা চিত্রকলার সূক্ষ্ম কৌশল ও নান্দনিকতা গ্রহণ করেন। একই সঙ্গে চীনা শিল্পীরাও ইরানি চিত্রধারার বৈশিষ্ট্য থেকে প্রভাবিত হন। এই মেলবন্ধন থেকেই গড়ে ওঠে তাবরিজের প্রথম শিল্পধারার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য।
সাফাভি আমলে ইউরোপীয় শিল্পকলার সঙ্গেও ইরানি শিল্পীদের যোগাযোগ বাড়ে। ইউরোপীয় শিল্পী ও ব্যবসায়ীদের মাধ্যমে বিভিন্ন চিত্রকর্মের ছাপচিত্র ইসফাহানে পৌঁছাত। ইরানি শিল্পীরা সেগুলো থেকে কৌশল গ্রহণ করলেও সরাসরি অনুকরণ করেননি। নিজেদের সাংস্কৃতিক পরিচয় ও শিল্পভাবনার সঙ্গে মিলিয়ে নতুনভাবে সেগুলো উপস্থাপন করেছেন। এই ধারার উল্লেখযোগ্য শিল্পী ছিলেন মোহাম্মদ জামান।
ধ্বংসের পরও শিল্পের বিকাশ
ইলখানি শাসনামলের শুরুতে মঙ্গোল আক্রমণে ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক অবস্থান সুসংহত হওয়ার পর শাসকগোষ্ঠী শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে।
বিশেষ করে ইলখানিদের উত্তরসূরিরা ক্ষুদ্রচিত্রসহ বিভিন্ন শিল্পকলায় অর্থ ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেন। চীনা শিল্পীদের উপস্থিতি এবং স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার সমন্বয়ে গড়ে ওঠে তাবরিজের প্রথম শিল্পধারা।
এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি বৃহৎ মঙ্গোলীয় শাহনামা। একসময় সম্পূর্ণ অক্ষত থাকা এই অসাধারণ গ্রন্থটি প্রায় ১২০ বছর আগে ভেঙে বিভিন্ন পাতায় ভাগ করে বিক্রির জন্য ছড়িয়ে দেওয়া হয়। বর্তমানে এর প্রায় ৫৮টি চিত্রকর্ম শনাক্ত করা হয়েছে, যেগুলো বিশ্বের বিভিন্ন জাদুঘর ও ব্যক্তিগত সংগ্রহে রয়েছে।
বেহজাদের হাত ধরে বাস্তব জীবনের প্রতিফলন
ইরানি ক্ষুদ্রচিত্রের ইতিহাসে কামালউদ্দিন বেহজাদকে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনাকারী হিসেবে বিবেচনা করা হয়। তাঁর সবচেয়ে বড় অবদান ছিল চিত্রকলায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে তুলে আনা।
তাঁর আগে ক্ষুদ্রচিত্রের অনেক দৃশ্য ছিল কল্পনানির্ভর ও বিমূর্ত। বেহজাদ সেই জায়গায় নিজের সময়ের বাস্তবতা নিয়ে আসেন। হেরাতের মানুষের পোশাক, পাগড়ি, স্থাপত্য, যুদ্ধের সরঞ্জাম এবং দৈনন্দিন পরিবেশ তাঁর চিত্রকর্মে জায়গা পায়।
পরবর্তী সময়ে ইসফাহানের শিল্পধারাতেও একই প্রবণতা দেখা যায়। শিল্পীরা নিজেদের সময়ের মানুষের জীবনযাত্রা ও পোশাককে গুরুত্ব দিয়ে চিত্রায়িত করেন।
সাহিত্যের গণ্ডি পেরিয়ে মানুষের জীবন
ইরানি ক্ষুদ্রচিত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে ফারসি সাহিত্যের গভীর সম্পর্ক ছিল। ফেরদৌসির ‘শাহনামা’, সাদির ‘বুস্তান’ এবং হাফিজের কবিতার মতো সাহিত্যকর্মকে কেন্দ্র করে অসংখ্য চিত্রকর্ম তৈরি হয়েছে। ধর্মীয় ও পবিত্র কাহিনিও শিল্পীদের বিষয়বস্তু হয়েছে।
তবে সময়ের সঙ্গে এই সম্পর্কের পরিবর্তন ঘটে। বিশেষ করে হেরাতের শিল্পধারার শেষ পর্যায় থেকে শিল্পীরা সাহিত্যনির্ভর বিষয়বস্তুর পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও দৈনন্দিন ঘটনাকে গুরুত্ব দিতে শুরু করেন। ইসফাহানের শিল্পধারায় এই প্রবণতা আরও স্পষ্ট হয়ে ওঠে।
হোসেইনির মতে, ইরানি ক্ষুদ্রচিত্রের ইতিহাস থেকে বর্তমান শিল্পীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের সময়ের সঙ্গে সংযুক্ত থাকা। শিরাজ, তাবরিজ, হেরাত কিংবা ইসফাহান—প্রতিটি শিল্পধারার স্বতন্ত্র পরিচয় তৈরি হয়েছে সংশ্লিষ্ট সময়ের সমাজ ও জীবনকে ধারণ করার মধ্য দিয়ে। তাঁর বক্তব্য, যে শিল্প নিজের সময়ের স্পন্দন বুঝতে পারে এবং তাকে সৃষ্টিতে রূপ দিতে পারে, সেই শিল্পই দীর্ঘস্থায়ী হয়।












