যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ, আবাসন বাজারের স্থবিরতা এবং কর্মসংস্থানের পরিস্থিতি—এই তিন বিষয়কে ঘিরে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ শুরু হচ্ছে। অক্টোবর মাসের মূল্যস্ফীতির হিসাব, বাড়ি বিক্রির তথ্য এবং বেকারত্বের নতুন পরিসংখ্যান প্রকাশিত হবে আগামী কয়েক দিনে। পাশাপাশি বড় কয়েকটি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের প্রতিবেদন থেকেও অর্থনীতির বিভিন্ন খাতের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসে বড় জয় পাওয়ার পর এই অর্থনৈতিক তথ্যগুলো আরও গুরুত্ব পেয়েছে। জ্বালানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠান—উভয়ের ওপর চাপ তৈরি করছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং বিভিন্ন দেশের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবিরোধও মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে।
অর্থনীতিবিদ, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা এখন এসব সূচকের দিকে নজর রাখছেন। তাঁদের আগ্রহের কেন্দ্রে রয়েছে যুদ্ধ ও শুল্কনীতির প্রভাবে পণ্যের দাম, আবাসন এবং কর্মসংস্থানে কী ধরনের পরিবর্তন আসছে।
অক্টোবরে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা
মঙ্গলবার প্রকাশ করা হবে অক্টোবরের ভোক্তা মূল্যসূচক বা সিপিআই। অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৩ দশমিক ৭ শতাংশ থাকলেও অক্টোবরে তা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে।
সিপিআইয়ের মাধ্যমে বিভিন্ন পণ্য ও সেবার দামের পরিবর্তন পরিমাপ করা হয়। মার্চ থেকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ৩ শতাংশের ওপরে রয়েছে। ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কমে যায়। এতে তেলের দাম, গাড়ির জ্বালানি এবং পণ্য পরিবহনের খরচ বেড়ে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হয়।
শুক্রবার প্রকাশিত হবে অক্টোবরের উৎপাদক মূল্যসূচক বা পিপিআই। ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর আগের পর্যায়ে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় দামের পরিবর্তন বোঝাতে এই সূচক ব্যবহার করা হয়। সেপ্টেম্বরে পিপিআই বেড়েছিল ২০২২ সালের ডিসেম্বরের পর সবচেয়ে বেশি। বিশেষ করে ডিজেলের দাম বৃদ্ধির কারণে পণ্য পরিবহন ও গুদামজাতকরণের ব্যয় বেড়েছে।
তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে বড় ব্যবধানে হারানোর পর ডেমোক্র্যাটরা ইরানের সঙ্গে সংঘাত বন্ধের উদ্যোগ নিতে পারে—এমন ধারণা থেকেও বাজারে প্রভাব পড়েছে।
উচ্চ সুদে স্থবির আবাসন বাজার
মূল্যস্ফীতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের আবাসন বাজারও চাপের মধ্যে রয়েছে। বাড়ির দাম বেশি এবং ঋণের সুদহার বাড়তি থাকায় বাড়ি কেনাবেচার গতি কমে গেছে।
বৃহস্পতিবার প্রকাশ করা হবে অক্টোবরে আগে থেকে ব্যবহৃত বাড়ি বিক্রির হিসাব। অর্থনীতিবিদেরা মনে করছেন, সেপ্টেম্বরে যে অবস্থায় বিক্রি ছিল, অক্টোবরে তাতে বড় কোনো পরিবর্তন আসবে না।
২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রির বার্ষিক গতি প্রায় ৪০ লাখের কাছাকাছি ঘোরাফেরা করছে। অথচ ঐতিহাসিকভাবে স্বাভাবিক বিক্রির হার প্রায় ৫২ লাখ। অন্যদিকে টানা ৩৯ মাস ধরে বাড়ির দাম আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
৩০ বছর মেয়াদি গৃহঋণের গড় সুদহারও প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডিসেম্বরের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও বাড়াবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। সুদের হার বাড়লে বাড়ি কেনার ঋণ আরও ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে।
কর্মসংস্থানে স্থিতিশীলতা, তবে চাপও আছে
বৃহস্পতিবার সাপ্তাহিক বেকারত্ব ভাতার আবেদনের তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। চাকরি হারানোর প্রবণতা বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে এই তথ্য পর্যবেক্ষণ করেন অর্থনীতিবিদেরা। সর্বশেষ হিসাব অনুযায়ী, বেকারত্ব ভাতার আবেদন এখনো ঐতিহাসিকভাবে নিচু পর্যায়ে রয়েছে।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের নিয়োগদাতারা নতুন করে ১ লাখ ৬৫ হাজার কর্মসংস্থান তৈরি করেছেন। এতে শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় থাকার ইঙ্গিত মিলেছে। তবে কিছু ক্ষেত্রে দুর্বলতার লক্ষণও দেখা যাচ্ছে।
মজুরি বৃদ্ধির গতি ধীর এবং তা মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে সংসার চালানোর খরচ বাড়লেও অনেক কর্মীর আয় একই হারে বাড়ছে না। আবার চাকরি হারানোর ঘটনা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও একবার চাকরি চলে গেলে নতুন কাজ পাওয়া কঠিন হয়ে উঠছে।
প্রযুক্তি ও বিনোদন খাতের আয়-ব্যয়ের হিসাব
অর্থনৈতিক সূচকের পাশাপাশি আগামী সপ্তাহে কয়েকটি বড় প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হবে। এসব প্রতিবেদন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যকেন্দ্র এবং বিনোদনশিল্পের ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
মঙ্গলবার ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তথ্যকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোরউইভ। ঋণের খরচ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি তুলনামূলক বেশি ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন কিছু বিশ্লেষক। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার আর্থিক ফল প্রকাশ করবে সিসকো ও অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালস। অন্যদিকে সোমবার আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে স্কাইড্যান্স। প্যারামাউন্ট স্টুডিওর সঙ্গে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ৮১ বিলিয়ন ডলারের অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হওয়ার পর এটিই প্রতিষ্ঠানটির প্রথম আর্থিক প্রতিবেদন। এই চুক্তির মধ্য দিয়ে হলিউডে নতুন একটি বড় বিনোদন প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
আগামী কয়েক দিনের মূল্যস্ফীতি, আবাসন, কর্মসংস্থান ও করপোরেট আয়ের তথ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান অবস্থা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












