পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে এ সভা শুরু হয়। এতে বোর্ডের সব সদস্য উপস্থিত রয়েছেন।
সভা শুরুর আগে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মূল মজুরি, বাড়িভাড়া ও বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণে নতুন প্রস্তাব দিয়েছে তারা।
৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোট এ দাবিতে মজুরি বোর্ডের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।
মূল মজুরি ৬০ শতাংশ করার প্রস্তাব
শ্রমিক জোটগুলোর প্রস্তাব অনুযায়ী, মোট মজুরির ৬০ শতাংশ হতে হবে মূল বেতন। বাড়িভাড়া নির্ধারণ করতে হবে মোট মজুরির ৫০ শতাংশ এবং বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট দিতে হবে ১৫ শতাংশ হারে।
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো তৈরির আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে সরকারি বেতন কাঠামো, এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের বেতন কাঠামো পর্যালোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে।
শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁদের জন্য বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।
ওভারটাইম ও চাকরি শেষে সুবিধার বিষয়েও প্রস্তাব
শ্রমিক নেতারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট বেতনের ৬০ শতাংশ মূল মজুরি রাখার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তাঁদের মতে, মূল মজুরির অনুপাত কম হলে ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য আর্থিক সুবিধাও কমে যায়।
বিশেষ করে দীর্ঘদিন চাকরি করার পর মূল বেতনের অনুপাত কম থাকলে শ্রমিকেরা সার্ভিস বেনিফিট বা চাকরিসংশ্লিষ্ট আর্থিক সুবিধা থেকে ক্ষতিগ্রস্ত হন। এ কারণে নতুন কাঠামোয় মূল মজুরির অংশ বাড়ানোর ওপর জোর দিয়েছেন তাঁরা।
এ ছাড়া বাড়িভাড়া ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাবের পক্ষে জীবনযাত্রার ব্যয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার দাবিও জানিয়েছে জোটগুলো।
আরও আটটি প্রস্তাব যুক্ত করার পরিকল্পনা
শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, ডাইং ও নিট খাতের শ্রমিকদের নির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে মজুরি বোর্ডের আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।
তাঁদের মতে, নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার পরিস্থিতি—সবকিছু বিবেচনায় নেওয়া জরুরি।
মজুরি বোর্ডের সামনে ৩৭ হাজার টাকার দাবিতে বিক্ষোভ
এদিকে মজুরি বোর্ডের সভা চলাকালে কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সদস্যরা। সংগঠনটির পক্ষ থেকে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
ফলে মজুরি বোর্ডের দ্বিতীয় সভাকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে দুটি ভিন্ন অঙ্কের দাবি সামনে এসেছে—পাঁচ শ্রমিক জোটের ৩২ হাজার ১৩১ টাকা এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের ৩৭ হাজার টাকা।












