কিছু বই পড়া শেষ করেও সহজে অন্য বইয়ে মন দেওয়া যায় না। গল্পের চরিত্র, দৃশ্য কিংবা বর্ণনা দীর্ঘ সময় পাঠকের মনে থেকে যায়। বাবাক জামানির গল্পগ্রন্থ ‘ফাগান জে জুগদে জং’ তেমনই একটি বই। যুদ্ধ, অসুস্থতা, নিঃসঙ্গতা, চিকিৎসাব্যবস্থার দুর্বলতা এবং মানুষের অসহায়ত্বের মধ্য দিয়ে বইটি সমাজের এমন কিছু বাস্তবতা তুলে ধরেছে, যেগুলো সাধারণত আড়ালেই থেকে যায়।
ইরানের বইবিষয়ক সংবাদ সংস্থা ইবনায় প্রকাশিত বই পর্যালোচনায় বলা হয়েছে, লেখক নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা, অনুভূতি ও মানসিক চাপ থেকে গল্পগুলো লিখেছেন। বইয়ের শেষাংশে লেখক জানিয়েছেন, কিছু অনুভূতি ও অভিজ্ঞতা বছরের পর বছর তাঁর মনে জমে ছিল। সেগুলো প্রকাশ করার তাগিদ থেকেই গল্পগুলো লেখা। সম্পাদনার নিখুঁততার অপেক্ষায় থাকলে হয়তো এগুলো কখনোই প্রকাশ করা হতো না।
লেখকের এই বক্তব্য থেকেই বইটির প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটি কেবল পরিকল্পিত গল্পের সংকলন নয়; বরং দীর্ঘদিন ধরে জমে থাকা অভিজ্ঞতা ও যন্ত্রণার সাহিত্যিক প্রকাশ।
যুদ্ধের অভিজ্ঞতা ও চিকিৎসকের চোখে সমাজ
‘ফাগান জে জুগদে জং’ বইটিতে রয়েছে ২০টি ছোটগল্প ও একটি দীর্ঘগল্প। কয়েকটি গল্পের পটভূমিতে রয়েছে ইরান-ইরাক যুদ্ধ। বিশেষ করে পশ্চিমাঞ্চলের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা উঠে এসেছে লেখকের বর্ণনায়।
লেখক বাবাক জামানি পেশায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও শল্যচিকিৎসক। সামরিক দায়িত্ব পালনের সময় তিনি পশ্চিম ইরানের যুদ্ধক্ষেত্রে চিকিৎসক হিসেবে কাজ করেছেন। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা তাঁর কয়েকটি গল্পের ভিত্তি তৈরি করেছে। তবে গল্পগুলো নিছক যুদ্ধের বিবরণ নয়। বাস্তব অভিজ্ঞতার সঙ্গে কল্পনা, চরিত্র নির্মাণ এবং সাহিত্যিক বর্ণনা মিলিয়ে তিনি তৈরি করেছেন স্বতন্ত্র আঙ্গিক।
যুদ্ধের ভয়াবহতাকে এখানে বীরত্বের প্রচলিত বয়ানে সীমাবদ্ধ রাখা হয়নি। বিস্ফোরণ, রক্ত, পোড়া শরীর, ধ্বংসস্তূপ এবং মৃত্যুর মধ্যেও জীবনের চলমানতা লেখক নির্মোহভাবে তুলে ধরেছেন। যুদ্ধকে তিনি রাজনৈতিক স্লোগানের পরিবর্তে মানুষের বিপর্যয় হিসেবে দেখিয়েছেন।
গল্পে জীবন্ত হয়ে ওঠে মানুষের অসহায়ত্ব
বইটির অন্যতম শক্তি হলো দৃশ্য নির্মাণের দক্ষতা। ‘তেহরান ১৪১০’ গল্পে জনাকীর্ণ মেট্রোর ভেতরের গন্ধ, মানুষের নিঃশ্বাস, ঘাম এবং চারপাশের অস্বস্তিকর পরিবেশ এতটাই বাস্তবভাবে ফুটে উঠেছে যে পাঠক নিজেকে সেই যাত্রার অংশ বলে মনে করতে পারেন।
‘ওষুধ ও চিকিৎসক’ গল্পেও চিকিৎসাব্যবস্থা নিয়ে মানুষের হতাশা ও তিক্ত অভিজ্ঞতা উঠে এসেছে। চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতা এবং রোগীর অসহায়ত্বকে লেখক কালো রসিকতার মাধ্যমে প্রকাশ করেছেন।
অন্যদিকে, মৃত্যুর পরের আনুষ্ঠানিকতা নিয়ে লেখা গল্পগুলোতে সামাজিক ভণ্ডামি ও মানুষের দ্বিমুখী আচরণ ফুটে উঠেছে। শোকসভায় কান্নার পাশাপাশি খাবার নেওয়া, মিষ্টি খাওয়া কিংবা ব্যক্তিগত স্বার্থের ছোট ছোট দৃশ্যের মাধ্যমে লেখক মানুষের আচরণের অসংগতি তুলে ধরেছেন।
‘হক’ গল্পেও রয়েছে চমক। শুরুতে দেখা যায়, এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে নিজের ছেলের বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়ে তুলছেন। পরে জানা যায়, বৃদ্ধ আলঝেইমার রোগে আক্রান্ত। ফলে যে ছেলেকে সবাই দোষী ভাবছিল, বাস্তবে ছেলেটিই পরিস্থিতির শিকার। গল্পের এই বাঁক লেখকের নির্মাণক্ষমতার পরিচয় দেয়।
যুদ্ধ ও রোগের বাইরেও মানুষের সম্পর্ক
বইটির চরিত্র নির্বাচনে লেখক প্রচলিত নায়ক কিংবা সফল চরিত্রের পরিবর্তে সমাজের প্রান্তিক ও অসহায় মানুষদের গল্পের কেন্দ্রে এনেছেন। আলঝেইমারে আক্রান্ত বৃদ্ধ, পারকিনসন রোগে ভোগা বাবা, সন্দেহপ্রবণ মা, নিঃসঙ্গ নারী, যুদ্ধফেরত সৈনিক কিংবা অসুস্থ পরিবারের সদস্যদের নিয়ে তৈরি হয়েছে গল্পের জগৎ।
‘বারো দিন’ গল্পে অসুস্থ মা ও সন্তানের সম্পর্ক বিশেষভাবে উঠে এসেছে। দুজনেই অসুস্থ, তবু একে অপরের যত্ন নেওয়ার চেষ্টা করেন। এই গল্পে লেখক দেখিয়েছেন, অসুস্থতা বা যুদ্ধ সব সময় মানুষের সম্পর্ক নষ্ট করে না; বরং আবেগহীনতা ও মানসিক দূরত্বই কাছের মানুষদের পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে।
গল্পগুলোর সীমাবদ্ধতাও রয়েছে
বইটির শক্তিশালী বর্ণনা ও বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি কিছু দুর্বলতার কথাও পর্যালোচনায় উঠে এসেছে। প্রায় সব গল্পেই অসুস্থতা, মৃত্যু, হতাশা কিংবা জীবনের অচলাবস্থা ফিরে এসেছে। ফলে গল্পগুলোর পরিণতি অনেক ক্ষেত্রে একই রকম মনে হতে পারে।
চিকিৎসাবিজ্ঞানের বিশেষায়িত পরিভাষার ব্যবহারও কিছু পাঠকের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। পারকিনসন, আলঝেইমারসহ বিভিন্ন চিকিৎসাবিষয়ক শব্দ ব্যাখ্যা ছাড়াই ব্যবহার করায় কোনো কোনো অংশ গল্পের বদলে হাসপাতালের প্রতিবেদন পড়ার অনুভূতি তৈরি করে।
এ ছাড়া চরিত্র নির্মাণেও লেখকের পেশাগত অভিজ্ঞতার প্রভাব স্পষ্ট। কিছু চরিত্রকে স্বতন্ত্র মানসিকতা ও সামাজিক পরিচয়ের মানুষ হিসেবে দেখার বদলে রোগী বা চিকিৎসার অভিজ্ঞতার মধ্য দিয়ে বেশি চেনা যায়।
সব গল্পের পরিণতিতে মৃত্যু ও হতাশার পুনরাবৃত্তি পাঠকের ওপর একধরনের মানসিক চাপও তৈরি করতে পারে। বইটিতে আশাবাদী মুহূর্ত কিংবা হতাশার বিপরীতে আশার সঞ্চার করতে পারে, এমন উপাদান তুলনামূলকভাবে কম।
তবু কেন গুরুত্বপূর্ণ এই বই
সব সীমাবদ্ধতা সত্ত্বেও ‘ফাগান জে জুগদে জং’ সমাজের অবহেলিত বাস্তবতা তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ গল্পগ্রন্থ। বার্ধক্য, অসুস্থতা, একাকিত্ব, দারিদ্র্য এবং চিকিৎসাব্যবস্থার সংকটকে লেখক প্রচলিত আবেগঘন ভাষার বাইরে গিয়ে উপস্থাপন করেছেন।
বইটি পাঠককে স্বস্তি দেওয়ার পরিবর্তে অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। এর গল্পগুলোতে সহজ সমাধান নেই, নেই কৃত্রিম আশাবাদও। বরং মানুষের ভঙ্গুরতা ও অসহায়ত্বের মধ্য দিয়ে সমাজের এমন এক চিত্র উঠে এসেছে, যা উপেক্ষা করা কঠিন।
যারা স্লোগাননির্ভর সাহিত্য পছন্দ করেন না, বরং বাস্তব অভিজ্ঞতা ও মানুষের যন্ত্রণার মধ্য দিয়ে সমাজকে বুঝতে চান, তাঁদের জন্য বাবাক জামানির এই বইটি পাঠযোগ্য।
বাবাক জামানির ‘ফাগান জে জুগদে জং’ গল্পগ্রন্থে যুদ্ধ, অসুস্থতা, নিঃসঙ্গতা ও চিকিৎসাব্যবস্থার সংকটের মধ্য দিয়ে উঠে এসেছে মানুষের অসহায় জীবনের নির্মম বাস্তবতা।










