দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছরে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া চার শিশুর মৃত্যুই হামের উপসর্গজনিত সন্দেহভাজন মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ নিয়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৫ জনে। অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা ১০৫ জনে অপরিবর্তিত রয়েছে।
এক দিনে নতুন সন্দেহভাজন রোগী ১ হাজার ৪৯
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনে।
একই সময়ে পরীক্ষায় নতুন করে ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৫৫ জনে।
হাসপাতালে ভর্তি ২ লাখ ১১ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।












