দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৬ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে।
হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ২৭২
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭২।
এক দিনে আক্রান্ত ১ হাজার ৩৯৬
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ৩২৭ জন। এ ছাড়া পরীক্ষায় ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৬।
১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১ হাজার ১৫৩ জন।
শনাক্ত হাম রোগী ২৪ হাজার ছাড়িয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ২১৯ জনের।












