পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা। ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে তিনি রেখে যাচ্ছেন এমন এক রেকর্ডসমৃদ্ধ ক্যারিয়ার, যা আগামী বহু বছর ফুটবল বিশ্বে আলোচিত হবে।
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের মালিক হিসেবেই বিদায় নিচ্ছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৪৬ বার।
শিরোপায় সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ার
রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে দলটি। জাতীয় দলের হয়ে তাঁর এই সাফল্য পর্তুগালের ফুটবল ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
রেকর্ডের পর রেকর্ড
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর অর্জনের তালিকা দীর্ঘ। পুরুষদের ফুটবলে সর্বোচ্চ ১৪৬ আন্তর্জাতিক গোল এবং সর্বাধিক ২৩৪ ম্যাচ খেলার রেকর্ড তাঁর দখলে। পর্তুগালের হয়ে সর্বোচ্চ ৪৬টি গোলে সহায়তার রেকর্ডও গড়েছেন তিনি।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ছয়টি আসরে খেলেছেন রোনালদো। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে তাঁর ম্যাচসংখ্যা ৩০, যা সর্বোচ্চ। এই প্রতিযোগিতায় ১৪ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। টানা পাঁচটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোল করার কীর্তিও রয়েছে তাঁর।
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ১০টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ১৪৩টি জয়ের রেকর্ডও তাঁর।
ছয় বিশ্বকাপে গোলের অনন্য কীর্তি
বিশ্বকাপের ইতিহাসেও রোনালদো গড়েছেন বিরল নজির। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে ছয়টি বিশ্বকাপ আসরেই খেলেছেন এবং প্রতিটিতে গোল করেছেন। ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় তিনি।
২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপে হ্যাটট্রিক করা দ্বিতীয় সর্বোচ্চ বয়সী খেলোয়াড় হন। বিশ্বকাপে পর্তুগালের হয়ে তাঁর গোল ১১টি।
৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করে সবচেয়ে বেশি বয়সে ওই পর্যায়ে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি।
২০২০ সালে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল করা প্রথম ইউরোপীয় খেলোয়াড় হন রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ২০১২, ২০১৬ ও ২০২০ আসরে অন্তত তিনটি করে গোল করা একমাত্র খেলোয়াড়ও তিনি।
পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর এই দীর্ঘ যাত্রা শেষ হলেও তাঁর রেকর্ড, শিরোপা ও ব্যক্তিগত অর্জন তাঁকে ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হিসেবে স্মরণীয় করে রাখবে।












