২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। নিবন্ধন বাতিলের পাশাপাশি এসব সংস্থার কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিএনপির সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের (কিশোরগঞ্জ-২) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন অনিয়ম ও বিধি লঙ্ঘনের কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত ভঙ্গ এবং ব্যুরোর পরবর্তী আইনসম্মত নির্দেশনা অমান্য করার মতো ঘটনা রয়েছে। এ ছাড়া জাল বা ভুয়া আগ্রহপত্র (এলওআই) জমা দেওয়ার কারণেও কয়েকটি সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে।
আর্থসামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১৯৯০ সালে এনজিওবিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে বিদেশি অনুদান গ্রহণকারী এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্প কার্যক্রম সমন্বয় করে আসছে সংস্থাটি। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত হয়।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও এনজিওগুলো ভূমিকা রাখছে বলে জানান তিনি।
যেসব খাতে কাজ করছে এনজিওগুলো
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্ত সমাজ গঠন, জনস্বাস্থ্য উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিওগুলো প্রকল্প বাস্তবায়ন করছে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার কাজেও এসব সংস্থা যুক্ত রয়েছে।
নিবন্ধন থেকে প্রকল্প তদারকি
এনজিওবিষয়ক ব্যুরো নিজস্ব বিধিমালা ও সরকারের প্রাসঙ্গিক নিয়ম অনুযায়ী বিভিন্ন দায়িত্ব পালন করে। এর মধ্যে রয়েছে নতুন এনজিওর নিবন্ধন, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং সংস্থাগুলোর গৃহীত প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ, মূল্যায়ন ও তদারকি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশি অনুদানে পরিচালিত এনজিও কার্যক্রমের স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক পরিচালনা নিশ্চিত করতে এসব দায়িত্ব পালন করে ব্যুরো।











